× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভ্রমণকন্যাদের উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৩:০৬ পিএম

ভ্রমণকন্যাদের উৎসব
ভ্রমণকন্যাদের উৎসব

যতই আমরা এগিয়ে যাওয়ার কথা বলি না কেন, নারীদের জন্য ভ্রমণ বিষয়টি এখনও খুব সহজ হয়ে ওঠেনি আমাদের দেশে। কিন্তু ভ্রমণকন্যা সেই কঠিন বিষয়টিকে খানিক সহজ করতে কাজ করে যাচ্ছে। গত সাত বছরে ভ্রমণকন্যা নারীদের ভ্রমণে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। এই ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠানটি আয়োজন করেছে তাদের পঞ্চম প্রদর্শনী।

সেটি চলছে শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনের চারতলায়। অবশ্য এটি শুধু প্রদর্শনীই নয়, এখানে আয়োজন করা হয়েছে এক্সট্রিম ট্রাভেল এবং আলোকচিত্রবিষয়ক কর্মশালা। রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমিতে ১ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৭ আগস্ট পর্যন্ত। বাংলাদেশের প্রথম ও জনপ্রিয় নারী ভ্রমণ সংগঠন ‘ভ্রমণকন্যা’ সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করেছে সাত দিনব্যাপী ট্রাভেল ফেস্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন। জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন হওয়া এ প্রদর্শনীতে প্রথম দিন থেকেই ভ্রমণপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।

৬ হাজার ছবির মধ্য থেকে বিচারকদের রায়ে ১৫৪টি শিল্পকলার ৬ ও ৭ নম্বর গ্যালারিতে প্রদর্শনী হচ্ছে। বাংলাদেশের প্রকৃতির অসাধারণ সৌন্দর্য আলোকচিত্রে স্থান পেয়েছে। গ্যালারি ঘুরতেই মুগ্ধ করছে ছবিগুলো। কোনো ছবিতে বেলাশেষের ক্লান্তিমাখা হাসি, কোথাও আবার নিবিড়ভাবে ঠোঁটে ঠোঁট রেখে কথা বলছে দুটি পাখি, কোথাও গৃহিণীর মুখে অচিন এক হাসি। কোনো ছবিতে পাহাড়ি মেয়েরা সারি বেঁধে হাঁটছে পাহাড়ের গা-ঘেঁষা জুমের জমিতে আবার কোথাও ফুটে উঠেছে দম্পতির প্রেম। একেকটি ছবিতে একেক অভিব্যক্তি ফুটে উঠেছে।

এ ছাড়া রয়েছে মুক্তিযুদ্ধ কর্নার ও ভ্রমণবিষয়ক চলচ্চিত্র প্রদর্শন এবং এ বিষয়ে অংশগ্রহণমূলক কর্মশালার আয়োজন। ফটোগ্রাফি ও রাইটিং প্রতিযোগিতার বিজয়ীরা পাবেন ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা এবং ঢাকা-সিলেট-ঢাকার টিকিট।

ট্রাভেলেটস অব বাংলাদেশ- ভ্রমণকন্যার দুই প্রতিষ্ঠাতা হলেন ডা. মানসী সাহা ও ডা. সাকিয়া হক। দেশের নারীদের ভ্রমণে আগ্রহী করে তোলার জন্য সাত বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে ভ্রমণকন্যাদের দল। বর্তমানে এই গ্রুপে ৮৫ হাজার নারী আছেন। ভ্রমণপ্রিয় নারীদের কম খরচে দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর জন্য ২০১৬ সালে যাত্রা করে গ্রুপটি।

বর্তমানে নানা বয়সের নারীরা এই গ্রুপের মাধ্যমে ভ্রমণ করছেন দেশ-বিদেশের বিভিন্ন পাহাড়, সমুদ্র আর হাওরাঞ্চলে। শুধু ভ্রমণেই সীমাবদ্ধ নেই তারা। ভ্রমণকন্যা করেছে বিভিন্ন সামাজিক কার্যক্রম, সচেতনতামূলক আয়োজন, চিত্র প্রদর্শনী, ভ্রমণ ম্যাগাজিন প্রকাশসহ বেশ কিছু কার্যক্রম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা