স্বাদু সংবাদ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩ ১২:৩৩ পিএম
ওয়াশিং মেশিন তৈরির উদ্দেশ্য ময়লা কাপড় পরিষ্কার করা। যদি শুনতে পান, আঙুল ধোয়ার জন্যও আছে ওয়াশিং মেশিন, কেমন লাগবে!
বিশ্বখ্যাত পটেটো চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান লেইস এমনই এক ধরনের বিশেষায়িত মেশিন বাজারে ছাড়ে গত বছর।
চিপস খাওয়ার পর আপনার হাতে যখন তেলতেলে ভাব আসে, তখন শুধু আঙুলই পরিষ্কার করতে পারবেন এ ওয়াশিং মেশিনে।
প্রস্থে ১১ ও উচ্চতায় ১৫ সেন্টিমিটার এ মেশিনটি চলবে বৈদ্যুতিক চার্জে। চার্জ দেওয়ার জন্য আছে সি-টাইপ চার্জিং পোর্ট।
এ ছাড়া মেশিনটির সামনে আছে গোলাকার ছোট একটি দরজা। ওই ছোট্ট দরজায় আপনার তৈলাক্ত আঙুল দুটি প্রবেশ করাবেন। এরপর একটি সুইচে চাপ দেবেন।
মানুষের আঙুল শনাক্তকারী সেন্সরসমৃদ্ধ এ মেশিন থেকে তখন স্বয়ংক্রিয়ভাবেই অ্যালকোহলযুক্ত পানি নির্গত হবে। আর এ পানি আসবে মেশিনের নিচে একটি রিফিলযোগ্য ছোট্ট ট্যাংক থেকে। জাপানের ভোক্তাদের কথা মাথায় রেখে নির্মিত আঙুল পরিষ্কারের ই ওয়াশিং মেশিন বাজারে ছাড়ার পর বেশ আলোড়ন তুলেছে। তবে দুঃখের কথা হলো, এমন মাত্র পাঁচটি মেশিনই বানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।