মাহির জামিল
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১২:৫১ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩ ২১:১০ পিএম
বৃদ্ধাশ্রম। নানান দিক বিবেচনায়ই বাংলাদেশে আর অবান্তর কোনো প্রসঙ্গ নয়। আধুনিক অণুপরিবার যেমন বেড়েছে হুহু করে, কর্মজীবী নারীর সংখ্যাও বাড়ছে ধাপে ধাপে। এ ছাড়া কিছু কিছু পরিবার মনে করছে, তারা তাদের বয়োজ্যেষ্ঠদের সঠিক পরিচর্যা ও সেবা দিতে পারছে না নিষ্ঠার সঙ্গে। অনেক সময় জীবন-জীবিকার খোঁজে বয়স্ক মা-বাবাকে রেখে সন্তানকে বিদেশে পাড়ি জমাতে হয়। বাস্তবতার প্রেক্ষিতে বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এই কঠিন বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই বলেই বৃদ্ধাশ্রমগুলোকে কী করে আরও পারিবারিক, আরও বেশি মানবিক ও সুন্দর করে তোলা যায় তাই নিয়ে ভাবার সময় হয়েছে। সেই ভাবনার ফাঁকেই ঢাকার বুকে গড়ে ওঠা কিছু বৃদ্ধাশ্রমের খবর জেনে নিই।
আপন নিবাস ওল্ড হোম
সমাজের অবহেলিত ও পরিত্যক্ত নারীদের আশ্রয় দিয়ে থাকে আপন নিবাস বৃদ্ধাশ্রম। এর নাম বৃদ্ধাশ্রম হলেও সব বয়সি দুস্থ নারীকে তারা ঠাঁই দেয় এখানে। পথে ঘাটে পড়ে থাকা বা পরিচয়হীন নারী ও মেয়েশিশুদেরও তারা তুলে আনে। চিকিৎসা, খাবার ও পথ্যের জোগান দেয় পরম মমতায়। এখানে থাকা নারীদের কেউবা শারীরিকভাবে অক্ষম, কেউবা অক্ষম মানসিকভাবে। আপন নিবাস এসব নারীকে শুধু চিকিৎসাই দেয়া না, আমৃত্যু তাদের লালনপালনের দায়িত্বও পালন করে। এমনকি মৃত্যুর পর দাফনকাফনের দায়িত্বও তুলে নেয় নিজেদের কাঁধে। আর এসব সেবা তারা দিয়ে থাকে বিনামূল্যে। আপন নিবাস বৃদ্ধাশ্রমের অবস্থান ঢাকার উত্তরখানের মৈনার টেকে। সৈয়দা সেলিনা শেলীর হাত ধরে ২০১০ সালে গড়ে ওঠে প্রতিষ্ঠানটি।
যোগাযোগ : ০১৬৮৬-৬৬৪০৬৮
চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার
শরীরে পাঁচড়া বা দগদগে ঘা নিয়ে যেসব ছিন্নমূল মানুষ রাস্তায় পড়ে আছে, তাদেরই তুলে আনে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার। পথে পড়ে থাকা সুবিধাবঞ্চিত ও রোগশোকে কাহিল বৃদ্ধ ও শিশুদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব পালন করে এ সংস্থাটি। শুধু তাই নয়, তাদের খাবার ও পোশাক দিয়ে ঠিক পরিবারের মতোই আগলে রাখে তারা। ২০১৪ সালে মিল্টন সমাদ্দারের হাত ধরে সেবামূলক এ প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। যেখানে সব ধরনের সেবা মেলে একদম বিনামূল্যে। এর অবস্থান দক্ষিণ পাইকপাড়া, কল্যাণপুর। যোগাযোগ : ০১৬২০৫৫৫২২২