× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শখ থেকে সাদাতের আয়

মুহাম্মদ শফিকুর রহমান

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১১:২০ এএম

শখের বশে গড়ে তোলা ছাদবাগানই সাদাতের আয়ের অন্যতম উৎস

শখের বশে গড়ে তোলা ছাদবাগানই সাদাতের আয়ের অন্যতম উৎস

ঘরসংসার সামলে যখন অধিকাংশ নারী হাঁপিয়ে ওঠেন, অন্য কোনো কিছুর কথা একদমই ভাবতে পারেন না, সেখানে সাদাত ফেরদৌস ব্যতিক্রম। তিনি ব্যবসা দেখাশোনা করেন। উপরন্তু সংসারের সব দায়িত্ব পালনের পাশাপাশি শখের বাগানে দারুণ সফলতা অর্জন করেছেন।

এলএলবি পাসের পর সাদাত পারিবারিক ব্যবসা দেখাশোনার পাশাপাশি বাগান করছেন। শুরুটা হয়েছিল মাত্র একটি গোলাপ গাছ দিয়ে। এখন বারান্দা এবং ছাদ দুই জায়গাতেই গাছের সমারোহ। তার বাগানে রয়েছে প্রায় আট রকমের জবা, শিউলি, হাসনাহেনা, রঙ্গন, রেয়ার কালারের প্রায় ১২ রকমের কাঠগোলাপ, প্রায় ৪০ রকমের কাটামুকুট, দার্জিলিংয়ের বিখ্যাত অ্যাজেলিয়াসহ মোট ২০০ প্রজাতির গাছ। পথোস/মানি প্লান্ট রেখেছেন প্রায় ১২ রকমের, সিন্ডিপসাস প্রায় আট রকমের, ফিলোডেনড্রোন আছে প্রায় পাঁচ রকমের। এগুলো সবই বিদেশি প্রজাতির গাছ। এগুলোর পাশাপাশি সাকুলেন্ট নিয়ে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে প্রায় ৫০ হাজার টাকার সাকুলেন্ট কিনেছেন বলে জানান। সুন্দর স্ট্যান্ডের ওপর গাছ রেখেছেন। নিজের কিছু জমানো টাকা ছিল। সেগুলো বাগানের কাজে বিনিয়োগ করেছেন। বাগান থেকে যা আয় করেন, তাও বাগানের জন্যই খরচ করেন। অতিরিক্ত গাছ হলে তখন সেটা বিক্রি করে দেন। তিনি বলেন, গৃহিণীরা চাইলে বাসায় বসে গাছের ব্যবসা করে লাভবান হতে পারেন। তার জানামতে অনেক গৃহিণী, ছাত্রী কাজের পাশাপাশি গাছের ব্যবসা করে আয় করছেন।


ব্যবসা, সংসার দেখভালের পাশাপাশি বাগান করার সময় পান কীভাবে, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, সকালে এবং বিকালে  বাগানের কাজ করেন। বন্ধের দিন বাড়তি সময় দেওয়া যায়। একজন বাগানের কাজে সাহায্য করেন। গুছিয়ে কাজ করলে সময় কোনো সমস্যা। শারীরিক, মানসিক সুস্থতা, মনের শান্তির জন্য বাগানের আসলে কোনো বিকল্প নেই। 

শৌখিন বাগানির সংখ্যা দেশে দিন দিন বাড়ছে। অনেকেই অল্প কদিনেই আগ্রহ হারিয়ে ফেলেন। অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, শৌখিন বাগানিরা হুজুগে সবকিছু কেনেন। যেটা অপ্রয়োজনীয় সেটাও হয়তো তার বাগানে ঠাঁই পায়। শৌখিন বাগানিদের আগে জায়গা এবং পাত্র/টব নির্বাচন করতে হবে। সঠিক পাত্রে সঠিক গাছ লাগাতে হবে। নতুন কোনো গাছ কিনলে তার যত্ন সম্পর্কে আগে জেনে নিতে হবে। 

২০১৭ সাল থেকে সাদাত বাগান করেন। এসেছে নানা বাধা। তিনি বলেন, ‘মানুষের বাধায় অনেক গাছ কমিয়ে ফেলতে হয়েছে। এ প্রক্রিয়ায় একটি লাল কদমের চারা হারিয়ে গেছে। এ দুঃখ আমি কখনও ভুলতে পারি না।’ ছাদবাগানিদের জন্য সরকার ১০% হোল্ডিং ট্যাক্স মওকুফ করেছে। এজন্য সাদাত খুবই খুশি। গাছ বিষয়ে এটিই তার জীবনে সবচেয়ে আনন্দময় ঘটনা বলে জানান।


Bangladesh Plant Lover’s Society নামের ৯৮ হাজার সদস্যের এই গ্রুপের একজন অ্যাডমিন সাদাত ফেরদৌস। তিনি এ গ্রুপে নতুন বাগানিদের পরামর্শ দিয়ে থাকেন। 

ছাদবাগানের পরিসর আরও বাড়াতে চান, ভবিষ্যৎ প্রজন্ম সবুজের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন বলে জানান এ বৃক্ষপ্রেমী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা