বাগান করার শখ অনেক দিনের। সবুজ ঘাসের চাদর, তার ওপর যত্নে সাজানো কোথাও ফুলগাছ, আবার কোথাও পাতাবাহার। বাড়িতে যদি থাকে খোলামেলা একটা বারান্দা, তাহলে সেখানেই সেজে উঠতে পারে আপনার শখের বাগান। প্রয়োজন শুধু কিছু বিষয় মাথায় রাখার-

বাগান করার শখ অনেক দিনের। সবুজ ঘাসের চাদর, তার ওপর যত্নে সাজানো কোথাও ফুলগাছ, আবার কোথাও পাতাবাহার। কিন্তু মাপা স্কয়ার ফুটের ফ্ল্যাটে সেই স্বপ্ন ঘর থেকে বের হওয়ার জায়গাই পেল না কোনো দিন। এদিকে ইচ্ছা পূরণের চাবিকাঠিটা কিন্তু রয়েছে আপনার হাতের কাছেই, বা বলা ভালো, ঘরের মাঝেই! বাড়িতে যদি থাকে খোলামেলা একটা বারান্দা, তাহলে সেখানেই সেজে উঠতে পারে আপনার শখের বাগান। প্রয়োজন শুধু কিছু বিষয় মাথায় রাখার-
- বারান্দার কোন অংশে কতগুলো এবং কী কী গাছ রাখতে চাইছেন, প্রথমেই সেই প্ল্যান করে নিন। বাগানের পেছনে যাতে প্রচুর সময় না দিতে হয়, সে জন্য এমন গাছের কথা ভাবুন, যেগুলোর খুব বেশি যত্নের প্রয়োজন পড়ে না।
- শুরু করার আগে বাজেট ঠিক করে নিন। ব্যালকনি গার্ডেন কতটা খরচসাপেক্ষ হবে তা পুরোপুরিই নির্ভর করছে আপনি কোন ধরনের গাছ লাগাবেন, তার ওপর।
- দেখতে হবে গাছগুলো যেন সঠিক মাত্রায় পানি ও সূর্যের আলো পায়। আমাদের মতো গরমের দেশে এমনিতেও গাছে বেশি পানি দিতে হয়। তা ছাড়া বারান্দা যদি হয় দক্ষিণ বা পশ্চিমমুখী বা যদি খুব হাওয়া-বাতাস থাকে, তাহলেও পানির পরিমাণ বাড়াতে হবে। গাছ কেনার আগে জেনে নিন কোন দিকের বারান্দার জন্য উপযুক্ত কোন কোন গাছ।
- বাগান করছেন বলে বেড়াতে যাবেন না, তা তো নয়। কিন্তু আপনি না থাকলে আপনার এই ‘পোষ্যদের পানি দেবে কে? যদি সম্ভব হয় দায়িত্ব দিয়ে যান কোনো প্রতিবেশীকে সেটা সম্ভব না হলে অটোম্যাটিক ওয়াটারিং সিস্টেমের ব্যবস্থা রাখুন। বাড়তি গুরুত্ব দিন বাগানের জন্য টব বাছার দিকেও।
- বাগানকে রঙের ছোঁয়া দিতে রাখতে পারেন বেশ কিছু ফুলের গাছ। নিজের পছন্দ এবং সঙ্গে জায়গা, বাজেট ও সূর্যের আলোর কথা মাথায় রেখে বেছে নিন ফুলগাছ। লম্বায় বেশ কিছুটা জায়গা থাকলে লতানো ফুলগাছ লাগাতে পারেন। জায়গা অনুযায়ী ছোট-বড় টব তো রাখতে পারেনই, সঙ্গে বারান্দার ছাদ বা রেলিং থেকে ঝুলিয়েও দিতে পারেন ছোট একটা হ্যাঙ্গিং পটে রঙিন ফুলের গাছ। জায়গা থাকলে লাগাতে পারেন টমেটো, ঝাল ও বেগুনের মতো কিছু সবজি গাছ।
- সবরকম ফুল বা গাছ সব মৌসুমে হয় না। তাই সিজনের সঙ্গে সঙ্গে বদলাতে থাকুন আপনার মিনি গার্ডেনের গাছ। গরমকালে সূর্যমুখী, শীতকালে গোলাপ, ডালিয়া ইত্যাদি বাড়িয়ে তুলবে বারান্দার সৌন্দর্য। পিটুনিয়ার মতো কিছু ফুল আবার ফুটবে প্রায় সারা বছরই।