প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১৪:৩০ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৮:৪৮ পিএম
ছবি : ফারহান ফয়সাল
ঈদের দিনে এবং পরে হালকা খিদের জন্য চাই ঝটপট নাশতা। যেহেতু এই ঈদে মাংসের পদই থাকে বেশি, তাই তৈরি করতে পারেন ভিন্নধর্মী কিছু স্ন্যাকস। খুব সহজেই তৈরি করা যায় এমন কিছু নাশতার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নাজরানা লোপা

স্পাইসি নুডলস
যা যা লাগবে : ম্যাগি নুডলস ২ প্যাকেট, সয়াসস ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, ভিনেগার ১ চা-চামচ, ওয়েস্টার সস ১ চা-চামচ, চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা-চামচ, গাজর (জুলিয়েন কাট) ১/৪ কাপ, বরবটি ১/৪ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি দেড় চামচ ও কাঁচামরিচ কুচি ২-৩টি।
যেভাবে তৈরি করবেন : প্রথমে ম্যাগি নুডলস পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর সয়াসস, টমেটো সস, লবণ, চিনি, ওয়েস্টার সস ও সামান্য পরিমাণ পানি একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। সবজিগুলো হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে নিন। একটি প্যানে তেল গরম করে রসুন কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভেজে নিন। চিলি ফ্লেক্স মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। এবার মিশ্রণটির মধ্যে সবজিগুলো দিয়ে ১-২ মিনিট রান্না করুন। এরপর নুডলস দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন। ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন স্পাইসি নুডলস।

প্রন টোস্ট
যা যা লাগবে : পাউরুটি ৬ টুকরো, প্রন ৫-৬টি, ডিম ২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ২টি, গোলমরিচ গুঁড়া দেড় চা-চামচ, লবণ পরিমাণমতো, গাজর কুচি ১/৪ কাপ, বরবটি কুচি ২ টেবিল চামচ, কর্ন ফ্লাওয়ার ২ চা-চামচ, অলিভ অয়েল পরিমাণমতো ও চিজ দেড় কাপ।
যেভাবে তৈরি করবেন : পাউরুটির চারদিক ইচ্ছেমতো কেটে নিতে হবে। চিংড়ি মাছ ছোট টুকরো করে সেদ্ধ করে নিন। গাজর ও বরবটি হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে নিন। একটি পাত্রে চিজ ও অলিভ অয়েল ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। পাউরুটির মধ্যে অলিভ অয়েল ব্রাশ করে প্রনের মিশ্রণটি দিয়ে তার ওপর চিজ ছিটিয়ে দিন। ঢাকনাসহ একটি প্যান চুলায় প্রি-হিট করে নিতে হবে। এবার পাত্রটিতে পাউরুটির টুকরো বসিয়ে দশ মিনিট মৃদু আঁচে বেক করে নিলেই হয়ে যাবে প্রন টোস্ট।

চিজ ব্রেড কোণ
যা যা লাগবে : পাউরুটি ৬ টুকরো, চিকেন কিমা ১ কাপ, গাজর কুচি ১/৪ কাপ, মোজারেলা চিজ দেড় কাপ, গোলমরিচের গুঁড়া দেড় চা-চামচ, টমেটো সস ১/৪ কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ কুচি ২টি, মেওনিজ ২ টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ ও অরিগানো পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : পাউরুটির চারদিক কেটে বেলে নিন। বড় আকৃতি করে নিতে হবে। এরপর সিদ্ধ কিমার সঙ্গে অলিভ অয়েল ও অরিগানো ছাড়া সব উপকরণ মিশিয়ে নিতে হবে। কোণের মধ্যে মিশ্রণ ঢেলে দিয়ে অলিভ অয়েল ও অরিগানো ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। এবার চুলায় ঢাকনাসহ একটি প্যান বসিয়ে কিছুটা গরম করে নিতে হবে। কোণগুলো একটা পাত্রে রেখে দশ মিনিট বেক করে নিতে হবে। তৈরি ঝটপট চিজ ব্রেড কোণ।

বেকড পাস্তা
যা যা লাগবে : পাস্তা ২ কাপ, মোজারেলা চিজ ২ কাপ, অরিগানো দেড় চা-চামচ, টমেটো সস ১/৪ কাপ, হোয়াইট সস ১/৪ কাপ, গোলমরিচ গুঁড়া দেড় চা-চামচ, চিকেন (কিউব করে কাটা) দেড় কাপ, লবণ পরিমাণমতো, চিলি ফ্লেক্স দেড় চা-চামচ ও বাটার ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন : প্রথমে পাস্তাগুলো সামান্য তেল ও লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। একটি প্যানে বাটার দিয়ে তাতে চিকেন ভেজে নিন। এর পর পাস্তা ও বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ওভেন প্রুফ একটি বাটিতে পাস্তা অর্ধেক ঢেলে তাতে চিজ দিয়ে লেয়ার তৈরি করতে হবে। বাকি পাস্তাগুলো দিয়ে আবার চিজ দিতে হবে। চিজের ওপরে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২০ মিনিট বেক করে নিন। অথবা চুলায় ঢাকনাসহ একটি প্যান বসিয়ে পাস্তার বাটি রেখে কিছুক্ষণ বেকড করে নিতে পারেন।