× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের দিনে মিষ্টিমুখ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৪:০২ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৩ ২২:১৭ পিএম

ছবি : ফারহান ফয়সাল

ছবি : ফারহান ফয়সাল

যেকোনো উৎসবে মিষ্টিমুখ না হলে কি চলে! বিশেষ করে ঈদের দিনের সকালটা শুরুই হয় মিষ্টিমুখে। এ ছাড়া খাবারের পরে ডেজার্ট দেয় পরিপূর্ণতা। থাকছে মুখরোচক কিছু মিষ্টি আইটেম তৈরির পদ্ধতি। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী শান্তা ইসলাম


শাহি জর্দা 

যা যা লাগবে : বাসমতি বা কালোজিরা পোলাও চাল ১ কাপ, গুঁড়োদুধ ৩ টেবিল চামচ, চিনি ১ কাপ, কমলার রস ১/৩ কাপ, কমলা (ছোট টুকরা) ২ টেবিল চামচ, পানি ৭-৮ কাপ, অরেঞ্জ ফুড কালার আধা চা-চামচ, লং ৪-৫টি, ঘি ৩ টেবিল চামচ, এলাচ ৪-৫টি, দারুচিনি ২টি, তেজপাতা ২টি, কিশমিশ ১০-১২টি, লবণ ১/৪ চা-চামচ, লিকুইড দুধ ১/৩ কাপ, বাদাম (পেস্তা, কাজু, কাঠবাদাম) পরিমাণমতো, মোরব্বা পরিমাণমতো, কেওড়া জল ১ চা-চামচ ও গোলাপজল ১ চা-চামচ।

যেভাবে তৈরি করবেন : চুলায় একটি পাত্রে পরিমাণমতো পানি ও অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিন। চাল দিয়ে ৮ মিনিট রান্না করুন। অর্ধেক সিদ্ধ হলে ছাঁকনিতে ঢেলে ছেঁকে নিতে হবে। অন্য একটি পাত্রে চিনি, দুধ, কমলার রস, লবণ, টুকরো করা কমলা, দারুচিনি, লং, এলাচ, তেজপাতা ও ঘি একত্রে মিশিয়ে নিতে হবে। আগে থেকে রান্না করা চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে ১২ মিনিট দমে রাখুন। এরপর সব রকমের বাদাম, মোরব্বা, কেওড়া জল, গোলাপজল ও ঘি দিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিন। পাত্রে ঢেলে পরিবেশন করুন শাহি জর্দা।


ম্যাংগো ডিলাইট

যা যা লাগবে : পাকা আমের পেস্ট ১ কাপ, শুকনো নারকেল গুঁড়া ১ কাপ ও কনডেন্স মিল্ক আধা কাপ।

যেভাবে তৈরি করবেন : আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে ব্লেন্ড করে নিন। শুকনো নারকেল গুঁড়া একটি প্যানে হালকা করে ভেজে এর মধ্যে আমের পেস্ট এবং কনডেন্স মিল্ক দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। একটু আঠালো হালুয়ার মতো হলে নামিয়ে নিন। একটু ঠান্ডা হলে বল আকৃতির করে বানিয়ে শুকনো নারকেল গুঁড়ায় গড়িয়ে নিলেই হয়ে যাবে ম্যাংগো ডিলাইট, যা বানানো বেশ সহজ আর খেতেও সুস্বাদু।


জাফরানি পায়েস

যা যা লাগবে : তরল দুধ ৫০০ মিলি, পোলাউয়ের চাল ৫০ গ্রাম, চিনি ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, তেজপাতা ২টি, ছোট এলাচ ২-৩টি, দারুচিনি ২টি, গুঁড়োদুধ ২ টেবিল চামচ, কিশমিশ ৯-১০টি, কাজুবাদাম ৮টি, কাঠবাদাম ৮টি, জাফরান ৮-৯টি ও কেওড়া জল ১ চা-চামচ।

যেভাবে তৈরি করবেন : প্রথমে একটি পাত্রে ঘি দিয়ে এর মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি হালকা ভেজে দুধ ঢেলে দিন। দুধ ফুটে উঠলে চাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। চাল সিদ্ধ হয়ে এলে এর মধ্যে পরিমাণমতো চিনি, গুঁড়োদুধ ও কিশমিশ মেশাতে হবে। এরপর গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখা জাফরান পায়েসে মিশিয়ে নিন। বাদাম কুচি ও কেওড়া জল দিয়ে নেড়ে নামিয়ে নিন। পাত্রে ঢেলে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার জাফরানি পায়েস।


মটকা কুলফি

যা যা লাগবে : তরল দুধ দেড় কাপ, পাউরুটি ৪ পিস, কাজুবাদাম ৯ পিস, পেস্তা বাদাম ৯ পিস, কাঠবাদাম ৯ পিস, চিনি আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা-চামচ, জাফরান ৭-৮ পিস, গুঁড়োদুধ ৫ টেবিল চামচ ও কিশমিশ ৯-১০ পিস। 

যেভাবে তৈরি করবেন : ব্লেন্ডারে বাদাম, চিনি, পাউরুটি সাদা অংশ, এলাচ গুঁড়া, কিশমিশ দিয়ে সব গুঁড়া করে নিতে হবে। এর মধ্যে ঘন ১ কাপ দুধ দিয়ে আবারও ব্লেন্ড করতে হবে। একটি হাঁড়িতে ব্লেন্ড করা উপকরণগুলো জ্বাল দিতে হবে ৬-৭ মিনিট। আধা কাপ দুধের সঙ্গে জাফরান মিশিয়ে মিশ্রণটিতে ঢেলে দিন। এরপর গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে ঠান্ডা হলে মটকাতে ভরে ৭-৮ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা মটকা কুলফি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা