অর্পা হাসান
প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১১:১৭ এএম
জীবনে সফল হওয়া মোটেই সহজ কাজ নয় যেকোনো মানুষের জন্যই। জীবনের পথচলায় হোঁচট খেতে হয় বারংবার, পেরোতে হয় অনেক চড়াই-উতরাই। তাই বলে কি জীবন থেমে যাবে? হাল ছেড়ে দেবেন জীবনের? জীবনে সফল হওয়ার নানা দিক নিয়ে কথা বলেছেন পৃথিবীর সফল ও গুণী ব্যক্তিরা। আজকের আলোচনায় বলব বিল বার্নেটের এমনই কিছু সফলতার কৌশল নিয়ে। বিস্তারিত জানিয়েছেন অর্পা হাসান
বিল বার্নেট স্ট্যানফোর্ডের ডিজাইন প্রোগ্রামের একজন নির্বাহী পরিচালক। তিনি স্ট্যানফোর্ডে প্রোডাক্ট ডিজাইনে তার BS এবং MS পেয়েছেন এবং পুরস্কার বিজয়ী Apple PowerBooks থেকে শুরু করে মূল স্টার ওয়ার্স অ্যাকশন ফিগার পর্যায়ের বিভিন্ন প্রকল্পে পেশাগতভাবে কাজ করেছেন। তিনি প্রথম ‘স্লেট’ কম্পিউটারসহ বিভিন্ন পণ্যের জন্য যান্ত্রিক এবং ডিজাইনের পেটেন্টের কাজ করে একাধিক পুরস্কার লাভ করেছেন।
নিজের লক্ষ্য সম্পর্কে জানা
স্ট্যানফোর্ডের এক গবেষণা অনুসারে ২০ শতাংশেরও কম মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য আছে। অর্থাৎ বেশিরভাগ মানুষই নিজের লক্ষ্য সম্পর্কে ধারণা রাখেন না এবং তারা জানেনই নাÑ তারা জীবনে কী করতে চান বা কী হতে চান? তাই আজ থেকেই নিজের লক্ষ্য স্থির করুন, নিজের লক্ষ্য সম্পর্কে ধারণা রাখুন।
জানতে হবে জীবনের কোন পর্যায়ে আছেন
বিল বার্নেটের মতে, যদি আপনি আপনার জীবনকে নিজের মতো সাজাতে চান তাহলে অবশ্যই জানতে হবে নিজ জীবনকে। এ জীবন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে এবং আপনি ঠিক কোথায় যাচ্ছেন? যদি আপনি না জেনে থাকেন, তবে অনেকটা দেরি হয়ে গিয়েছে। কিন্তু নতুনভাবে জীবনকে শুরু করার জন্য কখনও বেশি দেরি হয়ে গিয়েছে এটা ভাবা ঠিক নয়। তাই যেদিন থেকে আপনি এ বিষয়টি উপলব্ধি করতে পারবেন, সেদিন থেকেই নিজের সেরা প্রস্তুতি নিয়ে জীবনকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান অথবা আপনি কোন পর্যায়ে নিজেকে দেখতে চানÑ সেই লক্ষ্যটি স্থির করে ফেলুন।
নিজেকে গড়ে তুলুন নিজের সেরা
আপনি কী জীবনে আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট? আপনি যা করছেন বা যা কিছু করার স্বপ্ন দেখছেন, তা নিয়ে কী আপনি পরিতৃপ্ত আছেন? আপনি কি সেরা কিছু বাদ দিয়ে তুলনামূলক কম অবস্থানের জন্য লক্ষ্য স্থির করছেন? সনাতন গবেষণামতে, ‘Good is the enemy of better and best is the enemy of better.’ তাই ভালোর কোনো শেষ নেই। প্রতিদিন নিজেকে গড়ে তুলুন আগের দিনের চেয়ে ও সেরা হিসেবে। আজ যে কাজটি করেছেন, আগামীকাল এর চেয়েও একধাপ ভালো কাজ করার সিদ্ধান্ত নিন। অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে এবং আপনি নিজেকে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে সক্ষম হবেন।
নিজের মধ্যে সংযোগ স্থাপন করুন
আপনি যদি নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তবে নিজের মধ্যেই নিজে সংযোগ স্থাপন করুন। আপনি কে? আপনি কী করতে চান? আপনি কী বিশ্বাস করেন? এ বিষয়গুলোর মধ্যেকার সংযোগ স্থাপনের চেষ্টা করুন। যেমন- আপনি চান একজন প্রতিষ্ঠিত ও সফল আইনজীবী হিসেবে গড়ে তুলতে। তবে আপনি কী বিশ্বাস করেন আপনি একজন সফল আইনজীবী হওয়ার ক্ষমতা রাখেন? আপনি কেন এ কাজটি করতে চান? এ কাজটি কেন আপনি বেছে নিয়েছেন এবং কেন ভালোবাসেন এ কাজটি করতে? এ প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করুন। তাই আপনাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে, আপনি যে কাজটি করতে চান সে কাজটি করার যোগ্যতা ও সক্ষমতা আপনার মধ্যে রয়েছে এবং সে অনুযায়ী আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করার ও নিজের সক্ষমতার ওপর আস্থা রাখা খুবই জরুরি। তবেই আপনি নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে তুলতে সক্ষম হবেন।
কৌতূহলী হওয়ার চেষ্টা
নিজের জীবনে কৌতূহলী হওয়ার চেষ্টা করুন। কৌতূহল জ্ঞান ও উন্নতির মূল চাবিকাঠি। একজন কৌতূহলী ব্যক্তি কোনো কিছুর পেছনের ঘটনা জানতে সব সময় আগ্রহী ও উদ্যমী থাকেন। সবকিছুর ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেন। এতে সেই ব্যক্তির মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পায়। একটি কাজ কীভাবে ভিন্ন ভিন্নভাবে বা কতভাবে করা যায়Ñ সেটি খোঁজার চেষ্টা করুন।