স্বাদু সংবাদ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১১:৪৪ এএম
উত্তেজনায় ঠাসা এক ফুটবল ম্যাচ চলছে স্টেডিয়ামে। হঠাৎ করেই কু ঝিক ঝিক আওয়াজ তুলে প্যাসেঞ্জারসমেত স্টেডিয়ামে প্রবেশ করল একটি ট্রেন- ভাবছেন এটা কোনো সিনেমার প্লট কি না।
বাস্তবে এমনটাই কিন্তু ঘটে। ফুটবল স্টেডিয়ামের ভেতর দিয়ে চলে যায় ট্রেন! স্লোভাকিয়ান অ্যামেচার ফুটবল ক্লাব টিজে তাতরা সিয়ারনি বালোগের মাঠের একপাশে দর্শক সারির সামনেই আছে রেললাইন। এবং ম্যাচ চলাকালেও সেই লাইনে ট্রেন চলাচল করে।
স্লোভাকিয়ার ছোট্ট শহর সিয়ারনি বালোগ। প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের শহরটি গত কয়েক বছর থেকে পর্যটন স্পট হিসেবে দেশবিদেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে। যার মূলে আছে এই স্টেডিয়ামটি। বাষ্পচালিত ইঞ্জিনের ট্যুরিস্ট ট্রেন স্টেডিয়াম প্রাঙ্গণ পার হওয়ার সময় ফুটবলপ্রেমী ও আগত দর্শক বেশ উপভোগ করে থাকে।
১৯৮০ সালে স্টেডিয়াম নির্মাণের আগ থেকেই রেললাইন ছিল। লাইন না সরিয়ে তার পাশেই তৈরি হয়েছিল স্টেডিয়াম। সিয়ারনি বালোগের মেয়র জানান, ‘স্টেডিয়ামের ভেতর দিয়ে রেল চলাচলের বিষয়টি সত্যিই দারুণ। আমাদের ইতিহাস-ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। পর্যটকদের আনন্দ দেয় আমাদের এই ট্রেন স্টেডিয়াম।’