প্রিয়ব্রত চক্রবর্ত্তী
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ০০:০৭ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩ ০০:৪২ এএম
বাবার সঙ্গে আমার শুক্র-শনিবারগুলো বেশ ভালো কাটে। ভোরে আমাদের আবাহনী ক্লাবের মাঠে বাবা নিয়ে যায়। বাসায় ফিরে এক কাপ চা, কিছুক্ষণ বিশ্রাম। বাবা সকাল ১০টায় অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়। শুক্র-শনিবার আমি আর পড়াশোনা করি না। ভালো লাগে না ছুটির দিনটাকে নষ্ট করতে। তারপর আমি খেলা দেখি, বাবার জন্য ফলাফল মনে রাখি বা লিখে রাখি; বাসায় ফিরলে বাবার সঙ্গে খেলা নিয়ে গল্প করি। তাই শুক্র-শনিবার আমি অনেক খুশি থাকি। মঙ্গলবার বাবার সাপ্তাহিক ছুটি। এ দিনগুলো আমি কখনোই নষ্ট করি না।
সোমবারই সব হোমওয়ার্ক শেষ করে ফেলি। আর মঙ্গলবার সারা দিন বাবার সঙ্গে কাটাই। সকালে স্কুল থেকে ফিরে আমরা বাজার করি। কোথাও ধারে কাছে ঘুরতে যাই। আবার কখনও কোথাও বই কিনতে যাই। সন্ধ্যায় একসঙ্গে খেলা দেখি।
কোনো কোনো মঙ্গলবার আমি স্কুলেও যাই না। বাবার সঙ্গে ছুটির দিনগুলো আমার বেশ ভালো কাটে। তাই বাবার সঙ্গে সময় কাটাতে চাই।
ভেবেছিলাম এবার ভারত সফরটা খুব আনন্দময় হবে। অনেক মজা করব। কিন্তু গিয়ে পড়লাম চাপে। তাই আমার আর ইডেন গার্ডেনে আইপিএল ম্যাচ দেখা হলো না।
তবে আশা করি পরেরবার আমার সেই ইচ্ছা পূরণ করবে। আমি বাবাকে অনেক ভালোবাসি আর বলতে চাই- হাজারো কর্মব্যস্ততার মাঝে কিছু ছুটি জমিয়ে রাখো আমার জন্য। একসঙ্গে খেলা দেখব, বই কিনব, কোথাও ঘুরতে যাব। ছুটির দিনটা আগেভাগে বলে রেখো, হোমওয়ার্ক শেষ করতে হবে যে আমার।
পঞ্চম শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়, শংকর, ধানমন্ডি, ঢাকা