জেসমিন ইসলাম জুঁই
প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৪:০৬ পিএম
বাবা মানে মাথার ওপর আকাশ সমান বিশালতা। বাবা মানে প্রতিটা পদক্ষেপে পাহাড় সমান নির্ভরতা। বাবা মানে উত্তপ্ত দুপুরে বটবৃক্ষের শীতল ছায়া। বাবা মানে নিজের সব চাওয়া-পাওয়াকে আড়াল করে সন্তানের আবদারগুলো পূরণ করার এক না বলা গল্প।

‘বাবা’ নামের এই ছোট্ট একটি শব্দের বিশালতা অনেক। বাবা হলেন প্রতিটি সন্তানের বাস্তবিক জীবনের সুপারহিরো। যিনি সব দুঃখ-কষ্টে ঢাল হয়ে সন্তানকে আগলে রাখেন ভালোবাসা দিয়ে। বাবা যেমন সন্তানকে ভালোবাসেন ঠিক তেমনি বাবার প্রতি সন্তানের ভালোবাসাও চিরন্তন। কয়েক দিন পরই বাবা দিবস। জানি, বাবাকে ভালোবাসতে দিবসের প্রয়োজন হয় না। তার পরও বিশেষ দিনে সন্তানের দেওয়া ছোট্ট একটি উপহার বাবাকে এনে দিতে পারে অনাবিল আনন্দ। জেনে নিন দিনটিতে আপনার বাবাকে কী ধরনের উপহার দিতে পারেন-
পোশাক : বাবাদের জীবনের একটি বড় অংশ কেটে যায় সন্তানদের আবদার আর চাহিদা মেটাতে। তাই অধিকাংশ সময় পুরোনো পোশাক পরতেই অভ্যস্ত হয়ে যান তারা। পোশাক কেনার প্রসঙ্গ উঠলেই হয়তো বলেন, ‘আমার অনেক আছে, প্রয়োজন নেই।’ তাই দিনটিতে বাবাকে উপহার হিসেবে দিতে পারেন শার্ট, প্যান্ট, ব্লেজার, পাঞ্জাবি কিংবা টাই। ছোট্ট একটা কাফ বোতামও হতে পারে আপনার বাবার আনন্দের উপলক্ষ।

চশমা : হয়তো আপনার বাবার ব্যবহৃত চশমার ফ্রেমটি অনেক পুরোনো হয়ে গেছে। সবার প্রয়োজন মেটাতে গিয়ে নিজের দিকে খেয়াল করেন না। তাই উপহার হিসেবে সুন্দর ফ্রেমের একটি চশমা আনন্দের বন্যা বইয়ে দিতে পারে বাবার মনে। সেটা হতে পারে ডাস্ট প্রোটেকটেড, সান প্রোটেকটেড ও অ্যান্টি রিফ্লেকশন সুবিধাসমৃদ্ধ চশমা।
ওয়ালেট : বাবার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে ওয়ালেট অন্যতম। তাই বাবাকে তার পছন্দের কোনো ব্র্যান্ডের ওয়ালেট উপহার দিতে পারেন।

হাতঘড়ি : বাবা দিবসে হাতঘড়ি হতে পারে একটি চমৎকার উপহার। শৌখিন মানুষের কাছে হাতঘড়ির কদর অনেক। তাই বাবাকে একটি ভালো মানের ঘড়ি উপহার দিতে পারেন। আর সেটা যদি হয় স্মার্টওয়াচ, তবে তো কথাই নেই। প্রতিদিন কত কিলোমিটার হাঁটছেন তা নিয়ে তাকে আর ভাবতে হবে না। ঘড়িই জানিয়ে দেবে কত কিলোমিটার হাঁটছেন, কত ক্যালোরি খরচ হলো ও হাঁটার গতি কেমন ছিল ইত্যাদি প্রয়োজনীয় তথ্য। এ ছাড়া স্মার্টওয়াচের অন্যান্য সুবিধা তো আছেই।
অফিস ব্যাগ : চাকরিজীবী বাবার প্রতিদিন অফিসে যাওয়ার সময় যে জিনিসটি নিত্যদিনের সঙ্গী তা হলো অফিস ব্যাগ। আপনার দেওয়া ব্যাগটি হতে পারে বাবার জন্য একটি বিশেষ উপহার। বাজারে বিভিন্ন দামের, নানা ডিজাইনের অফিস ব্যাগ পাওয়া যায়। সেখান থেকে ভালো কোনো ব্র্যান্ডের অফিস ব্যাগ নির্বাচন করতে পারেন উপহার হিসেবে।
পারফিউম : বাবাকে উপহার হিসেবে পারফিউম দিতে পারেন। সে ক্ষেত্রে ভালো ব্র্যান্ডের কোনো পারফিউম নির্বাচন করুন অথবা বাবার যদি পছন্দের কোনো ব্র্যান্ড থাকে তাহলে সেই ব্র্যান্ডের পারফিউম উপহার দিন।
শেভিং কিট : বাবাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসের তালিকায় রয়েছে শেভিং কিট। চাইলে উপহার দিতে পারেন শেভিং ফোম, রেজর বা আফটার শেভ লোশন। যদি ট্রিমিং মেশিন অভ্যস্ত হন, তাহলে ইলেকট্রিক ট্রিমারও উপহার দিতে পারেন।
প্রিয় বই : বাবা যদি বইপ্রেমী হয়ে থাকেন তবে বই হতে পারে সেরা উপহার। সে ক্ষেত্রে তার পছন্দের বিষয় বা লেখকের বই নির্বাচন করুন। গল্প-উপন্যাসে আগ্রহ থাকলে হালে প্রকাশিত কোনো বই বাবাকে দিতে পারেন। কোনো বই হয়তো দীর্ঘদিন ধরে খুঁজছেন, সেই বইটিই খুঁজে পেয়ে বাবার হাতে তুলে দিন। দেখবেন, তার চোখ দুটিতে আনন্দ উছলে উঠছে। স্মৃতি জড়িয়ে আছে এমন একটি বই পেলেও তিনি খুব খুশি হবেন। আসল প্রিন্টের কোনো পুরোনো বইও উপহার দিতে পারেন।

কলম ও ডায়েরি : অনেক বাবা আছেন, যারা লেখালেখি করতে ভালোবাসেন। অবসর জীবনে অনেকে লেখালেখি করেন, আবার কোনো বাবার কাছে তা প্রিয় শখ। চমৎকার কিছু কলম যেমন ফাউন্টেন পেন, ফেদার পেন, কুইল পেন ও ডিপ পেন কিনে দেওয়া যায় বাবাকে। সঙ্গে থাকুক খুব সুন্দর মলাটে বাঁধাই করা নোটবুক বা ডায়েরি।
বাঁধাই করা ছবি : ছবির ফ্রেমে বাঁধাই করে পরিবারের একটি ছবি উপহার দিতে পারেন বাবাকে। অথবা বাবার সঙ্গে কাটানো সুন্দর কোনো মুহূর্তের ক্যামেরাবন্দি কোনো ছবি বাঁধাই করে দিতে পারেন। বাবার রুমে অথবা অফিস ডেস্কে এই ছবির ফ্রেম সব সময় আপনার ও পরিবারের কথা মনে করিয়ে শত ব্যস্ততার মাঝেও তাকে প্রাণবন্ত রাখবে।
কফি মগ : বাবাকে প্রিয় কিছু কথা লিখে কাস্টমাইজ করা কফি মগ উপহার দিতে পারেন। অথবা আপনার সঙ্গে আপনার বাবার প্রিয় কোনো মুহূর্তে ছবির প্রিন্ট করা মগও উপহার দিতে পারেন।
কার্ড : ভালোবাসা প্রকাশ করার একটি সুন্দর মাধ্যম হচ্ছে কার্ড। বাবাকে না বলা কথাগুলো কার্ডে লিখে উপহার দিতে পারেন। চাইলে নিজের মতো করে তৈরি করে দিতে পারেন কার্ড।
শুধু একটি দিন নয়, বছরের প্রতিদিনই বাবার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করুন। শ্রদ্ধাবোধ ও ভালোবাসায় ভরিয়ে রাখুন কখনও হার না মানা মানুষটিকে।