× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন শিখবেন ভিনদেশি ভাষা

ফারহাত মাইশা অর্পা

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৩:১১ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ১৩:১৩ পিএম

কেন শিখবেন ভিনদেশি ভাষা

বর্তমান বিশ্বে পর্যটন শিল্পের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। পর্যটন শিল্পের ব্যাপক প্রসারে কর্মসংস্থানের দিক থেকে অন্যতম আকর্ষণীয় একটি পেশা হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে দোভাষীর পেশা। মাতৃভাষার পাশাপাশি ভিন দেশের এক বা একাধিক ভাষা রপ্ত করেন যে, তাকে দোভাষী বলা হয়ে থাকে।

অন্যান্য পেশা থেকে এ পেশাটি উপভোগ্য ও আনন্দদায়ক হতে পারে। এ পেশায় একই সঙ্গে রয়েছে বিভিন্ন দেশের মানুষ ও পরিবেশ সম্পর্কে জানার সুযোগ এবং ভালো অঙ্কের মাসিক বেতন। শুধু তাই নয়, বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি চাকরির ক্ষেত্রেও যুক্ত হবে বাড়তি দক্ষতা। 

দোভাষী কারা?

এক বা একাধিক ভিনদেশি ভাষায় পারদর্শীদের দোভাষী বলা হয়। এখন প্রশ্ন থাকতে পারে, কোন ভাষা শিখতে পারলে সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া যাবে। ভাষা নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং আগে থেকে সবগুলো ভাষা সম্পর্কে পরিপূর্ণ তথ্য জেনে সিদ্ধান্ত নিতে হবে। পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের অধিক ভাষা থাকলেও ফরাসি, জার্মান, স্প্যানিশ, চীনা, ফারসি, জাপানি, রুশ, কোরিয়ান, আরবি ও ইংরেজি ভাষার চাহিদা রয়েছে। তাই বহুল প্রচলিত যেকোনো ভাষা বেছে নিলে ভালো ফল পাওয়া যাবে।

কেন বেছে নেবেন দোভাষীর পেশা?

পর্যটন শিল্পের উজ্জ্বল সম্ভাবনাকে মাথায় রেখে দোভাষী পেশার সফলতা বৃদ্ধি পাচ্ছে। তাই দোভাষী পেশায় ক্যারিয়ার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বিশেষ করে ভ্রমণপিপাসু বা ভ্রমণপোকা যারা আছেন, ভ্রমণ নিয়ে যাদের শখ আছে- এই পেশাটি হতে পারে তাদের স্বপ্নের চাবিকাঠি। যদি ভ্রমণের পাশাপাশি আর্থিক নিশ্চয়তাও পাওয়া যায়, তবে দোভাষীর পেশা কেন নয়? এ পেশায় আছে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর সুযোগ, বিভিন্ন দেশের নাগরিকদের জানার সুযোগ, বিভিন্ন দেশের প্রকৃতি-পরিবেশ-খাদ্যাভ্যাস-পোশাক-আবহাওয়া ইত্যাদি সম্পর্কে জানার সুযোগ। আন্তর্জাতিক নানা মহলে কাজ করার সুযোগ তো থাকছেই। ভাষাবিদ হিসেবেও শুরু করতে পারেন নিজের ক্যারিয়ার। প্রচলিত ধারার পেশাগুলো থেকে বের হয়ে দোভাষীর পেশায় ক্যারিয়ার শুরু করলে পেতে পারেন একাধিক সুবিধা। বর্তমানে দেশ ও দেশের বাইরে দোভাষী পেশার জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি এই পেশার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তাই দোভাষীর পেশা বেছে নেওয়ার উপযুক্ত সময় এখনই।

দোভাষী পেশার কর্মক্ষেত্র 

দোভাষী পেশার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে পছন্দমতো কর্মক্ষেত্র বেছে নেওয়া যায়। যেমন- সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, দূতাবাস, এনজিও, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানি, ট্যুরিস্ট গাইডসহ অন্যান্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতেও বিভিন্ন সময় দোভাষী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনকি দোভাষী হিসেবে জাতিসংঘেও কাজ করার সুযোগ আছে। জাতিসংঘে দোভাষী বা অনুবাদক হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। এ ছাড়াও জাতিসংঘে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করার সুযোগও থাকছে। যদি কারও জাতিসংঘে কাজ করার স্বপ্ন থেকে থাকে, তা হলে দোভাষী পেশা হতে পারে সেই স্বপ্নের টিকিট। 

এর বাইরেও বাংলাদেশে অবস্থিত ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টারগুলোতে চাইলে প্রশিক্ষক হিসেবে যোগ দিতে পারবেন। লেখক, অনুবাদক, শিক্ষক, মেডিক্যাল ট্রান্সক্রিপ্টর, কোর্ট রিপোর্টার, ট্যুর গাইড ও অনুবাদক হিসেবে দোভাষীর চাহিদা রয়েছে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে একাধিক ভাষায় পারদর্শিতা আপনার আবেদনে যুক্ত করবে বাড়তি দক্ষতা। একাধিক ভাষা শেখা থাকলে বিদেশে চাকরির ক্ষেত্রেও বাড়তি সুবিধা পেতে পারবেন চোখ বুঝে।

যেখানে শিখতে পারবেন ভিনদেশি ভাষা

বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে প্রায় ১৪টি ভাষার কোর্স পরিচালিত হয়ে থাকে। এ ছাড়াও চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন ভাষাশিক্ষার কোর্স রয়েছে। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের সাংস্কৃতিক চর্চা কেন্দ্রগুলোতে বিদেশি ভাষাশিক্ষার কোর্স পরিচালনা করা হয়। এদের মধ্যে ইংরেজি শেখার জন্য ব্রিটিশ কাউন্সিল, ফরাসি ভাষার জন্য আলিয়ঁস ফ্রঁসেজ, জার্মান ভাষার জন্য গ্যেটে ইনস্টিটিউট ও ইরানি ভাষার জন্য ইরানিয়ান কালচার সেন্টার অন্যতম। ঢাকার অন্যান্য ল্যাঙ্গুয়েজ ক্লাবসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন মেয়াদি ভাষাশিক্ষার কোর্স রয়েছে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটেও এখন ভিনদেশি ভাষাশিক্ষার কোর্স চালু করা হয়েছে। চাইলে অনলাইনে এসব ওয়েবসাইট ঘুরেও খুব সহজেই শিখে নিতে পারেন বিদেশি ভাষা। 

কোর্সের মেয়াদ ও আবেদন প্রক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষাশিক্ষা ইনস্টিটিউটে এক বছর মেয়াদি ভাষাশিক্ষার কোর্স পরিচালনা করা হয়। স্বল্পমেয়াদি কোর্সও রয়েছে। চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সও করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষাবর্ষের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমেও স্নাতক কোর্সগুলোতে ভর্তি হওয়া যায়। জুনিয়র কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয় বছরের মে-জুন মাসে। এক্ষেত্রে জনতা ব্যাংকের টিএসসি শাখায় ৪শ টাকা ফি পরিশোধ করে পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা হতে হবে এইচএসসি পাস। যেকোনো বয়সের প্রার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

অন্যান্য ভাষাশিক্ষা কেন্দ্রগুলোতেও বিভিন্ন মেয়াদি কোর্স আছে। কোর্সের সময় সুবিধামতো বাড়িয়ে অথবা কমিয়ে নেওয়ার সুযোগও থাকে। সাধারণত ভাষাশিক্ষার কোর্সগুলো ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত বেশির ভাগ সময় হয়ে থাকে। কোনো কোনো ভাষাশিক্ষার কোর্সে এর ব্যতিক্রমও দেখা যায়। অনালাইন কোর্সের ক্ষেত্রেও লেকচারের ভিত্তিতে কোর্সের মেয়াদ নির্ধারণ করা হয়। কেউ চাইলে ১ মাসেও তা শেষ করতে পারে, কেউ চাইলে ১ বছরও সময় লাগিয়ে করতে পারে। অনলাইন কোর্স শেষে প্রার্থীদের ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে।

কোর্স ফি

আধুনিক ভাষা ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১৩শ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুনিয়র কোর্সে কোর্স ফি গুনতে হবে ৩-৪ হাজার টাকা। স্বল্পমেয়াদি কোর্সের কোর্স ফি ৫ হাজার টাকা। আলিয়ঁস ফ্রঁসেজ ও গ্যেটে ইনস্টিটিউটে তিন মাস মেয়াদি কোর্সের প্রতি সেমিস্টারের জন্য ফি গুনতে হবে ৫ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। (সময় ও কোর্সের মেয়াদের সাপেক্ষে কোর্স ফি পরিবর্তনশীল)

যোগাযোগ:

১) আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

২) আলিয়ঁস ফ্রঁসেজ, ২৬ মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা।

ওয়েবসাইট : www.afdhaka.org

৩) রাশিয়ান কালচারাল সেন্টার, ৪২ (৫১০), ভাষাসৈনিক এমএ মতিন রোড, রোড নং- ৭, ঢাকা। 

ওয়েবসাইট : bgd.rs.gov.ru

৪) গ্যেটে ইনস্টিটিউট, বাড়ি নং-১০, ধানমন্ডি-৯, ঢাকা।

ওয়েবসাইট : www.goethe.de/ins/bd/en/index.html

৫) ইরানিয়ান কালচারাল সেন্টার, বাড়ি নং- ১৭, রোড নং- ৪, ধানমন্ডি, ঢাকা।

ওয়েবসাইট : www.iranmirrorbd.com/en/ category/iranian-cultural-center/

৬) ব্রিটিশ কাউন্সিল, ৫ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

ওয়েবসাইট : www.britishcouncil.org.bd/en

৭) চাইনিজ একাডেমি বাংলাদেশ, ১৫, ক/এ, শ্যামলী বাসস্ট্যান্ড, ঢাকা।

ওয়েবসাইট : www.chineseacademybd.com

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা