মাসুম আওয়াল
প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৩:৪৬ পিএম
ঠিক সন্ধ্যা নামার আগে আকাশে যখন কমলা রঙের রোদেরা খেলা করে, তখন প্রবেশ করলাম একটি বাড়িতে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে উঠতে নজর কাড়ল দেয়ালে ঝুলে থাকা রূপকথার স্পাইডারম্যান, লোহালক্কড় দিয়ে তৈরি কয়েকটি ভাস্কর্য। ওপরে উঠে প্রথম ঘরটিতে প্রবেশ করতেই দেখা মিলল বাংলাদেশের কয়েকজন প্রাণপুরুষের। এই ঘরে শোভা পাচ্ছে বেশ কজন নন্দিত মানুষের ভাস্কর্য। এখানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এএইচএম কামারুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মীর মশাররফ হোসেন, আব্দুল গাফ্ফার চৌধুরীসহ কয়েকজন। প্রথম কক্ষটি পেরিয়ে দ্বিতীয় কক্ষে প্রবেশ করতেই দেখা যায় তুমুল জনপ্রিয় জেমস ক্যামেরুন পরিচালিত ‘অ্যাভাটার’ চলচ্চিত্রের বেশ কয়েকটি চরিত্রকে। এ ছাড়া এই কক্ষে আছে লর্ড অব দ্যা রিংস চলচ্চিত্রের গুল্লাম।
হলিউড বলিউডের একঝাঁক তারকা
অ্যাভাটার দেখা শেষ করে হাতের বাম দিকের গ্যালারিতে প্রবেশ করলেই একঝাঁক সুপার স্টারের সঙ্গে দেখা হবে। বিশ্ব মাতানো তিন হাসির রাজা ‘থ্রি স্টুজেস’ সিরিজের মৌ হাওয়ার্ড, ল্যারি ফাইন ও কার্লি হাওয়ার্ড আছেন এখানে। এই কক্ষে আরও দেখা যায় বিশ্ববিখ্যাত ফুটবল তারকা মেসির সঙ্গে শাহরুখ খান, মিস্টার বিন, চার্লি চ্যাপলিন, ওয়ান্ডার ওমেন, জ্যাক স্প্যারো, বব মার্লে, মাইকেল জ্যাকসন। এমনকি শাকিরাকেও দেখা যায় এখানে।
কবি ও রাজনীতিবিদ
সেলিব্রিটিদের গ্যালারির পাশের ঘরটিতে প্রবেশ করতেই দেখা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চেয়ারে বসে আছেন। পাশেই সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের পাশেই হাত উঁচু করে দাঁড়ানো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া এই কক্ষে আরও আছেন, ক্ষুদিরাম, রাইফেল কাঁধে বিপ্লবী চে গুয়েভারা, মহাত্মা গান্ধী, মাদার তেরেসা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
খেলাঘর ও ওস্তাদ আলাউদ্দিন খাঁ
শিশুদের নানা রকম খেলা দিয়ে সুসজ্জিত করা হয়েছে খেলাঘর। বের হওয়ার সময় দেখা হয়ে যায় ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গে। সেতার, সানাই ও রাগ সংগীতে বিখ্যাত ঘরানার গুরু হিসেবে সারা বিশ্বে তিনি পরিচিত।
ব্যারিস্টার আমিনুল হক পাঠাগার
মৃণাল হক সেলিব্রিটি গ্যালারির প্রথম ফ্লোরে আছে একটি নান্দনিক বইয়ের লাইব্রেরি। এখানে রাখা হয় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও বই। এই লাইব্রেরির নাম দেওয়া হয়েছে ব্যারিস্টার আমিনুল হক পাঠাগার। জনসাধারণের জন্য উন্মুক্ত এই পাঠাগার। রাজশাহী নগরের উপশহর এলাকার ৩ নম্বর সেক্টরের ১৮৪ নম্বর বাড়িটিতে রয়েছে ‘মৃণাল হক সেলিব্রিটি গ্যালারি’। যেখানে স্থান পেয়েছে বিশ্বের খ্যাতিমান ৪০ জনের ভাস্কর্য। রাজশাহীতে ‘মৃণাল হক সেলিব্রিটি গ্যালারি’ উদ্বোধন করা হয় ২০২২ সালের ৬ জুলাই।
তারকাদের ভাস্কর্যের জন্য বিখ্যাত যুক্তরাজ্যের লন্ডনের মাদাম তুসো জাদুঘর। সেই মাদাম তুসো জাদুঘরের আদলে বাংলাদেশের খ্যাতিমান ভাস্কর শিল্পী মৃণাল হক ২০১৮ সালের ডিসেম্বরে ঢাকার গুলশানে স্থাপন করেছিলেন সেলিব্রিটি গ্যালারি। গুলশানের পরে এটি স্থানান্তর করা হয় উত্তরায়। সেই গ্যালারিটিই এখন রাজশাহীতে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ভাস্কর্যগুলো (অবয়বগুলো) ফাইবার গ্লাসে তৈরি। ভাস্কর মৃণাল হকের মৃত্যুর দুই বছরের মধ্যে তার পরিবার রাজশাহীতে বসিয়েছে তারকাদের এই হাট। ২০২২ সালের ৬ মে থেকে দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। ১০০ টাকার টিকিট কেটে এখানে প্রবেশ করতে পারবেন আগ্রহীরা। ছবি তুলতে পারবেন পছন্দের তারকাদের সঙ্গে।