× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝোলে ঝালে অম্বলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ২৪ মে ২০২৩ ১৪:৩১ পিএম

ঝোলে ঝালে অম্বলে

তীব্র গরমে বেশি মসলাযুক্ত খাবার শরীরের জন্য ভালো নয়। খাওয়া উচিত এমন খাবার যা সহজপাচ্য ও সুস্বাদু। এমন কিছু হালকা মসলার ভিন্ন ধরনের পদ রয়েছে আজকের হেঁশেলে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী জিনিয়া ইসলাম


ঝিঙা-মাগুর মাছের ঝোল

যা যা লাগবে : মাগুর মাছ ৮ টুকরা, ঝিঙা ১০-১২ টুকরা, পেঁয়াজ কুচি আধাকাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, তেল ৩-৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ ও পানি দেড় কাপ।
যেভাবে তৈরি করবেন : প্রথমে পাত্রে তেল গরম করে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে সোনালি রঙ হওয়া পর্যন্ত। সামান‍্য পানি ও লবণ দিয়ে নাড়তে হবে। এরপর একে একে সব মসলা দিতে হবে। ভালো করে কষিয়ে আরও সামান্য পানি ও মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে মাছ নামিয়ে নিন মসলা থেকে। এখন ওই মসলায় কেটে রাখা ঝিঙা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। উঠিয়ে রাখা মাছের টুকরা ও এক কাপ পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে প্রায় ১০ মিনিট। নামানোর আগে ধনেপাতা কুচি ও কেটে রাখা কাঁচা মরিচ মিশিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।


পাটশাকের টক ঝোল

যা যা লাগবে : মিষ্টি পাটশাক ১ আঁটি, কাঁচা আম ১টি, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, রসুন কুচি ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, শুকনা মরিচ ২-৩টি ও পানি ১ কাপ।

যেভাবে তৈরি করবেন : প্রথমে শাক ভালো করে ধুয়ে শাকের ডগা নিয়ে পাতাগুলো মাঝখান থেকে ছিঁড়ে নিতে হবে। প‍াত্রে শাক, পেঁয়াজ কুচি, লবণ, কাঁচা মরিচ ও কাঁচা আম (চার টুকরা করে) নিয়ে পানি দিয়ে চুলায় দিতে হবে। শাক নরম হয়ে পানি একটু শুকিয়ে গেলে নামাতে হবে। অন্য একটি প‍াত্রে তেল গরম করে রসুন কুচি ও শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে নাড়তে হবে, যাতে রসুন পুড়ে না যায়। হালকা বাদামি রঙ হলে শাক ঢেলে বাগার দিব। হালকা নেড়ে ২ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন মজার ও পুষ্টিকর পাটশাকের টক ঝোল।



কাঁচা আমে রুই মাছ

যা যা লাগবে : রুই মাছ ৮ টুকরা, কাঁচা আম ৪ টুকরা, পেঁয়াজ কুচি আধাকাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, জিরা গুঁড়া এক চা-চামচ, হলুদ গুঁড়া এক চা-চামচ, মরিচ গুঁড়া এক চা-চামচ, লবণ পরিমাণমতো, তেল আধাকাপ, পানি দেড় কাপ, কাঁচা মরিচ ২টি ও ধনেপাতা কুচি ১ টেবিল চামচ। মাছ ভাজার জন্য- তেল ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ ও লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : প্রথমে মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার হলুদ মরিচ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। প‍্যান গরম হলে মাছগুলো ভেজে তুলে নিন। মাছ ভাজা তেলের সঙ্গে বাকি তেল নিয়ে গরম করুন। পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। সোনালি রঙ হলে সামান‍্য পানি ও লবণ দিয়ে নাড়তে হবে। এবার সব মসলা একে একে দিয়ে কষিয়ে নিন। কাঁচা আমের খোসা ছাড়িয়ে চার টুকরা করে কষানো মসলায় দিয়ে নাড়তে হবে। পানি দিয়ে ফুটে এলে ভাজা মাছগুলো দিয়ে ঢেকে রান্না করুন। ১০-১২ মিনিট পর ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ দিয়ে ৩-৪ মিনিট পর নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু টক ঝোলের রুই মাছ।

আরও পড়ুন : দোলমার বাহার



সরিষা দিয়ে চালকুমড়া ভাজা 

যা যা লাগবে : চালকুমড়া ৮-১০ পিস, হলুদ গুঁড়া আধা চা-চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো ও তেল আধাকাপ। 

যেভাবে তৈরি করবেন : চালকুমড়ার খোসা ছাড়িয়ে চাক চাক করে কেটে নিতে হবে। এতে লবণ, হলুদ গুঁড়া ও সরিষা বাটা মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। চুলায় পাত্রে তেল দিয়ে গরম হলে চালকুমড়া দিয়ে ভেজে নিন। একপাশ হলে উল্টে অন্য পাশ ভেজে নিন। বাদামি রঙ হলে তেল ঝরিয়ে উঠিয়ে নিন। গরম ভাত বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা