বিশেষ আয়োজন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৩ ১৩:২১ পিএম
আপডেট : ২০ মে ২০২৩ ১৩:৩৫ পিএম
আমরা বাঙালিরা নিজেদের চা-খোর জাতি হিসেবে পরিচয় দিতে ভালোবাসি। দেশে উৎপাদিত চায়ের অধিকাংশই স্থানীয় বাজারের চাহিদা মেটাতে ব্যবহৃত হয়। কিন্তু অবাক করার মতো তথ্য হলো, চা-খোর জাতির তালিকায় সেরা ১০-এ নেই বাংলাদেশ!
বিশ্বব্যাপী নিত্যপণ্য ব্যবহারের তথ্য সংরক্ষণ করে থাকে স্ট্যাটিসটিকা কনজুমার ইনসাইট নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি চা পানের ক্ষেত্রে ৫৬টি দেশের মানুষের ওপর একটি জরিপ চালিয়েছে সম্প্রতি। তাদের তথ্যমতে, ২০২২ সালে বিশ্বে সবচেয়ে বেশি চা পান করা দেশের নাম তুরস্ক। দেশটির প্রতি ১০ জনের নয়জনই প্রতিনিয়ত চা পান করে থাকেন। সে হিসেবে তুরস্কের ৯০ শতাংশ মানুষই দারুণ চা-খোর! পরের স্থানটি কেনিয়ার। কেনিয়া চা উৎপাদনে অন্যতম শীর্ষস্থানীয় দেশ। দেশটির ৮৩ শতাংশ মানুষ চা ভালোবাসেন, চা পান করেন প্রতিনিয়ত।

এর পরে রয়েছে পাকিস্তান। এখানকারও ৮৩ শতাংশ মানুষ প্রতিদিন চা পান করেন। এর পরে রয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার ৮০ শতাংশ মানুষ চা ভালোবাসেন। পঞ্চম অবস্থানে ভারত, যেখানকার ৭২ শতাংশ মানুষ চা পান করেন দৈনিক। পরের স্থানগুলোর মধ্যে রয়েছে ইরান, গ্রেট ব্রিটেন, ডেনমার্ক, আমেরিকা, কানাডা ও স্পেন। এ দেশগুলোয় চা পানকারী মানুষের সংখ্যা যথাক্রমে ৬৯, ৫৯, ৫৬, ৪৯, ৪৫ ও ৩৯ শতাংশ।