× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জারইয়াব

আন্দালুসের কালো পাখি

গোলাম কিবরিয়া

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১২:৩৫ পিএম

জারইয়াবকে আন্দালুসের কালো পাখি বলা হয়

জারইয়াবকে আন্দালুসের কালো পাখি বলা হয়

তাকে বলা হয় আন্দালুসের কালো পাখি। নাম জারইয়াব। দাসত্ব থেকে পরবর্তী সময়ে মুক্ত হয়ে উদ্ভাবন করেন আধুনিক সময়ের জীবন-যাপনের নানান অনুষঙ্গ। একাধারে তিনি ছিলেন একজন সংগীতশিল্পীও। নানা গুণে গুণান্বিত কৃষ্ণাঙ্গ এই মানুষটিকে নিয়ে আজকের লেখা...

আমাদের আধুনিক জীবনধারার অজস্র নিয়মকানুন উদ্ভাবন করেছেন এক হাজার বছর আগের একজন মানুষ। অনেক কিছুই প্রথম এসেছে তার হাত ধরে। তার নাম জারইয়াব। কৃষ্ণাঙ্গ এই মানুষটি ছিলেন একজন ফার্সি পলিমাথ। অর্থাৎ নানা গুণে গুণান্বিত ছিলেন তিনি। 

একজন মানুষের আর কতই-বা গুণাবলি থাকতে পারে, যা জারইয়াবের ছিল না। তিনি ছিলেন একাধারে কবি, সুরকার, গায়ক, প্রসাধনশিল্পী, ফ্যাশন ডিজাইনার, ট্রেন্ডসেটার, কৌশলবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বোটানিক, ভূগোলবিদ। যদিও প্রথম জীবনে তিনি হয়েছিলেন দাসত্বের শিকার।

বেশিরভাগ মানুষ জারইয়াব সম্পর্কে কখনই শোনেননি। তবে তার বেশকিছু উদ্ভাবন আজও আধুনিক সময়ে বিদ্যমান। যার মধ্যে অন্যতম হলো- তিনি তিনটি ভোজন তথা স্যুপ, মেইন কোর্স ও পুডিং সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন। এ ছাড়াও তিনি পানীয়র জন্য স্বচ্ছ স্টম্ফটিক ব্যবহার শুরু করেন। এর আগে ধাতু ছিল প্রাথমিক উপাদান। জারইয়াব অ্যাসপারাগাস ও অন্যান্য অপ্রচলিত শাকসবজিও সমাজে চালু করেছিলেন। সংগীতবিশ্বের উল্লেখযোগ্য পরিবর্তন ও সংযোজন করেছিলেন তিনি। তার ছিল অনেক সন্তান। এদের সবাই পরবর্তী জীবনে সংগীতশিল্পী হয়ে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। 

জারইয়াবের সামাজিক পরিবর্তনের বিষয়গুলোও বেশ অবাক করার মতো। তিনি পুরুষদের ছোট করে চুল ছাঁটা ও দাড়ি কামানো তথা শেভিং জনপ্রিয় করেছিলেন। এ ছাড়াও ঋতুর ওপর ভিত্তি করে জামাকাপড় পরার যে বর্তমান ট্রেন্ড, সেটাও এসেছে তার হাত ধরে।

দাঁত মাজার ক্ষেত্রে পেস্টের ব্যবহারও আসে তার হাত ধরে। প্রাকৃতিক উপাদান দিয়ে জারইয়াব সে সময় একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর টুথপেস্ট তৈরি করেন, যা বেশ জনপ্রিয়তা লাভ করে। ঘামের কারণে শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় বলে তিনি এ সমস্যা থেকে মুক্তি লাভেব জন্য আন্ডারআর্ম ডিওডোরেন্টের ধারণা দেন। উদ্ভাবন করেন বিশেষ সুগন্ধির। এ ছাড়াও প্রতিদিন অন্তত দুইবার গোসল করার বিষয়েও মানুষদের সচেতন করে তুলেছিলেন। 

জারইয়াবের প্রাথমিক জীবন সম্পর্কে খুব বেশি জানা যায় না। ধারণা করা হয়, তিনি দাসত্বের মধ্যে জন্মগ্রহণ করেন। বাগদাদের তৎকালীন খলিফার আদালতের সংগীতশিল্পী ইসহাক আল-মওসিলির কাছে সংগীতবিষয়ক জ্ঞান লাভ করেন। অসাধারণ প্রতিভার কারণে ইসহাক নিজ আসন হারানোর ভয়ে তাকে তাড়িয়ে দিয়েছিলেন। যে কারণে তিনি বাগদাদ ত্যাগ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সফর করেন এবং অবশেষে স্পেনে থিতু হন। 

৮২২ খ্রিস্টাব্দে জারইয়াব তৎকালীন মুসলিম অধ্যুষিত স্পেনের কর্ডোভায় আসেন। পূর্ব এশীয় ও আরবি সাম্রাজ্যের সংস্কৃতিতে বিপুল জ্ঞানের অধিকারী হওয়ার ফলে তিনি দ্রুতই রাজসভায় ঢুকে পড়েন। খ্যাতি অর্জনেও সময় নেননি। আর এই খ্যাতি তাকে অবিশ্বাস্যভাবে প্রভাবশালী হয়ে উঠতে সাহায্য করে। 

সামাজিক রীতিনীতি, রন্ধনপ্রণালি এবং অন্যান্য বিষয়ে তার ধারণাগুলো সমাজে জনপ্রিয় হতে সময় নেয়নি। জারইয়াবের নতুন বিষয়ের প্রবর্তন এতটাই জনপ্রিয়তা লাভ করে যে, স্পেনের একটি সুবর্ণ যুগকে তিনি মিশ্র সংস্কৃতিতে অনুপ্রাণিত করেন। জারইয়াবের উদ্ভাবনগুলো ফ্রান্স, ইতালি ও ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে ধীরে ধীরে। যা শত শত বছর ধরে এই অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিণত করে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা