মাসুম আওয়াল
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১২:৫৯ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১৭:২৮ পিএম
ও ইলিশ কই তুই? কত করে কিলো?
কার বাড়ি যাস তুই? কে যে কিনে নিলো!
বৈশাখে কার পাতে ভোজ হবি তুই?
না না খেতে চাচ্ছি না, আয় তোকে ছুঁই।
ও ইলিশ ভাই, তোর এত কেনো দাম?
এত চড়া হলে তোর ভুলে যাব নাম।
গরিবেরা বুঝি তোর ধারেকাছে যায়!
এইদিন পান্তায় লোকে তোকে খায়?
বৈশাখ এলে তোর বাড়ে লাফঝাঁপ,
বরফের নিচে ডুবে ছাড়ছিস তাপ!
গরিবের মন দ্যাখ পুড়ে ছারখার,
ও ইলিশ ও ইলিশ ভোজ হলি কার?