× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেঁশেল

স্বাদবাহারি সেমাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১২:৫৫ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১২:৫৬ পিএম

ছবি : ফারহান ফয়সাল

ছবি : ফারহান ফয়সাল

ঈদের দিন সকালে মিষ্টিমুখে ট্রাডিশনাল সেমাই থাকা চাই। তাইতো ঈদের আগের দিন রাতেই বাড়িতে বাড়িতে চলে সেমাই রান্না। ভিন্ন ভিন্ন স্বাদের নানা ধরণের সেমাই রেসিপিতে সাজানো হয়েছে আজকের হেঁশেল। ঈদের দিনে বানাতে পারেন মজার স্বাদের এই বাহারি সেমাই। রেসিপি দিয়েছেন শেফ তাজরুবা খান।

ক্রিম কুনাফা

যা যা লাগবে : লাচ্ছা সেমাই ২০০-২৫০ গ্রাম, মাখন ২ টেবিল চামচ, ফুড কালার ১ গ্রাম, ভেতরের ক্রিমের জন্য  গুঁড়া দুধ ১ কাপ, পানি ৩/৪ কাপ, কনডেন্সড মিল্ক ১/৩ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ ও ক্রিম চিজ আধা কাপ। সিরার জন্য  চিনি ১ কাপ ও পানি ১/৩ কাপ।

যেভাবে তৈরি করবেন : প্রথমে লাচ্ছা সেমাইগুলোকে হাত দিয়ে একটু ছোট করে ভেঙে নিতে হবে। এর পর বাটার এবং ফুড কালার ভালোভাবে সেমাইয়ের সঙ্গে দিয়ে মেখে নিতে হবে। একটি কেক মোল্ডে মাখানো সেমাইগুলোর অর্ধেকটা নিয়ে সেট করতে হবে। সেট করার সময় খেয়াল রাখতে হবে যেন চারদিকে কিছুটা উঁচু থাকে। যাতে ক্রিম ঢালার পর তা বের না হয়ে যায়। অন্যদিকে পানি ও চিনির পরিমাণ অনুযায়ী সিরা তৈরি করে নিতে হবে। ক্রিমের লেয়ার তৈরির জন্য প্রথমে চুলায় একটি পাত্রে লিকুইড দুধ/গুঁড়া দুধ জ্বাল করে নিতে হবে। কিছুটা ঘন হয়ে এলে এতে কনডেন্সড মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে এতে কর্নফ্লাওয়ার দিয়ে নাড়তে হবে। এরপর ক্রিম চিজ মিশিয়ে ঘন হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। মোল্ডে সেট করা সেমাইয়ের মধ্যে মিশ্রণটি ঢেলে বাকি সেমাইটুকু ওপর দিয়ে ছিটিয়ে ঢেকে হালকাভাবে চেপে দিতে হবে। এর পর ওভেনে ২০-৩০ মিনিট ১৮০ ডিগ্রি সে.-এ বেক করতে হবে। বেক করা হয়ে গেলে মোল্ডে সেট করা সেমাইয়ে গরম অবস্থায় কুসুম গরম সিরা ঢেলে ১ ঘণ্টা পর এটা মোল্ড থেকে বের করতে হবে। তৈরি হয়ে গেল কুনাফা। ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন মজার স্বাদের ক্রিম কুনাফা।

রাবড়ি সেমাই কাটোরি

যা যা লাগবে : কাটোরি /বাটি তৈরির জন্য সেমাই ২০০/২৫০ গ্রাম, পানি ৩-৪ টেবিল চামচ, গুঁড়া দুধ ৩/৪ কাপ, এলাচ গুঁড়া ১ চিমটি এবং কনডেন্সড মিল্ক ৩ টেবিল চামচ। ভেতরের পুর/রাবড়ি তৈরির জন্য দুধ ১ কেজি।

যেভাবে তৈরি করবেন : ধাপ ১- কাটোরি তৈরির জন্য একটি পাত্রে সেমাই নিয়ে হাত দিয়ে ভেঙে নিতে হবে। এর পর চুলায় একটি প্যানে ঘি দিয়ে এতে সেমাইগুলো ১-২ মিনিট ভেজে নিতে হবে। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে একটু নরম হওয়া পযন্ত অপেক্ষা করতে হবে। নরম হলে এতে গুঁড়া দুধ, এলাচ গুঁড়া এবং কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে হবে। মিশ্রণটি আঠাল হলে নামিয়ে ফেলতে হবে। গরম থাকা অবস্থায় কাপ কেকের মোল্ডে ক্লিন র‌্যাপ বিছিয়ে মিশ্রণটি ঢেলে দিতে হবে। ১৫-২০ মিনিট অপেক্ষা করলে দেখা যাবে এগুলো খুব সুন্দর বাটির সেপ হয়েছে। ধাপ ২- রাবড়ি তৈরির জন্য দুধ জ্বাল দিয়ে ঘন থকথকে করতে হবে। জ্বাল দেওয়ার সময় হাঁড়ির চারপাশে জমে থাকা মালাই নেড়ে দুধের ভেতর দিয়ে দিতে হবে। নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত দুধ ঘন থকথকে হয়। ঘন দুধ চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে ১-২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করলে দেখা যাবে রাবড়ি তৈরি। এর পর তৈরি করে রাখা কাটোরি বা সেমাইয়ের বাটির ভেতর রাবড়ি পুর দিয়ে ওপরে বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন। 

জাফরানি দুধে ভাজা লাচ্ছা সেমাই

যা যা লাগবে : লাচ্ছা সেমাই ১০০/১৫০ গ্রাম, দুধ ১ কেজি, ফুড কালার ১ চিমটি (অপশনাল), জাফরান ১ চিমটি, বাদাম কুচি (কাজু, পেস্তা, কাঠবাদাম) ৫ গ্রাম, কিশমিশ ৫ গ্রাম ও ঘি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন : প্রথমে লাচ্ছা সেমাইগুলোকে একটু ভেঙে ঘি দিয়ে ভেজে নিতে হবে। এর পর এতে একে একে বাদাম, কিশমিশ দিয়ে আরও অল্প কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেলতে হবে। অন্যদিকে দুধের ভেতর জাফরান মিশিয়ে জ্বাল করে দুধ ঘন করে নিতে হবে। একটি পাত্রে ঢেলে নিতে হবে। পরিবেশনের সময় বাটিতে প্রথমে লাচ্ছা। 

কাজু লাচ্ছা লাড্ডু

যা যা লাগবে : লাচ্ছা সেমাই ২০০ গ্রাম, কাজু বাদাম গুঁড়া ৫০ গ্রাম, ঘি ৩ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক আধা কাপ ও গুঁড়া দুধ আধা কাপ। 

যেভাবে তৈরি করবেন : লাচ্ছা সেমাইগুলোকে হাত দিয়ে ভেঙে নিতে হবে। এর পর চুলায় একটি প্যানে ঘি দিয়ে সেমাইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ২-৩ মিনিট ভাজার পর এতে কাজু বাদাম গুঁড়া এবং গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে মিশাতে হবে। এর পর এতে কনডেন্সড মিল্ক দিয়ে আঠাল হলে নামিয়ে গরম অবস্থায় হাতে একটু ঘি মাখিয়ে লাড্ডুর সেপ দিয়ে পরিবেশন করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা