রানাকুমার সিংহ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১২:৫৮ পিএম
ঘটলে কোনো কাণ্ড তখন হই সচেতন দেদারসে-
অপরাধী ভাবতে থাকে গন্ডারেরই লেদার সে!
হোক না সীতাকুণ্ড কিংবা নিমতলী সেই ঢাকাতে-
আগুন নিয়ে খেলার জবাব কেউ পেরেছে হাঁকাতে?
ব্রেকিং নিউজ কলাম-ফিচার মাস দেড়েকের তুঘলকি!
ক্রমান্বয়ে খোঁজ রাখে কার ভিকটিমেরা ভুগল কী!
তদন্তে যায় দন্ত সবার যায় না পাওয়া কারণ কী!
বিস্তারিত? তা বহুদূর- পাই কি অবতারণ কী?
যায় মিলিয়ে দুর্ঘটনার রেশ যখনই সমাজে-
লম্বা কথার ফুলঝুরিতে পড়েই দাঁড়ি-কমা যে!
আগুন নিয়ে খেলছে যারা সেই কুশীলব এসিতে,
মানবতা গুমরে কাঁদে হারছে ওদের পেশিতে!