বেণীমাধব সরকার
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৩:০১ পিএম
টাকার গাছে টাকা ধরে শোনেন সমাচার-
আমার মতো কামাই করে বলুন কে বা আর?
পদ্মার চর মর্টগেজ দিই ব্যাংকঅলা কি বোঝে?
ঘুষের টাকার লোভ দেখালে ওসব কে আর খোঁজে?
ঋণের টাকা দিই না ফেরত, জমাই কাঁড়ি কাঁড়ি
দুবাই সিঙ্গাপুরে আছে তিনটা করে বাড়ি।
যখন যে দল রুলিং থাকে সেই দলেতেই আছি
দাপট দেখে কেউ ভেড়ে না আমার কাছাকাছি।
বুকের ওপর দলবাজির সাইনবোর্ড আছে আঁকা
শপিং মলে নিত্য কামাই চাঁদা লাখো টাকা।
আর কিছু না, বুকের মাঝে একটা কেবল ভয়
আমজনতা ক্ষেপে গেলে কখন কী যে হয়!