টিপস
সুবর্ণা মেহ্জাবীন স্বর্ণা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৬ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৪ পিএম
চলছে বসন্তকাল। শীত পোশাকের খুব একটা প্রয়োজন হয় না এখন। তাই আবার পোশাকগুলো বাক্সবন্দি করার পালা। কিন্তু তার আগে প্রয়োজন পোশাকের যত্ন। কেননা প্রায় বছরখানিক পোশাকগুলো আর ব্যবহৃত হবে না। চলুন জেনে নেই কীভাবে যত্ন নিলে শীত পোশাক ভালো থাকে। এক একটা শীতের পোশাকের ফেব্রিক একেকরকম হয়। তাই এগুলো পরিষ্কার করার প্রসেসও হবে ভিন্ন। সঠিকভাবে যত্ন করলেই সামনের শীতে আবার পোশাকটি দেখাবে ঝকঝকে।
কাশ্মিরি ফেব্রিক : সবচেয়ে ভালো হবে যদি এই ফেব্রিকের পোশাক ড্রাই ওয়াশ করা হয়। তাই ভালো কোনো লন্ড্রিতে দিয়ে ওয়াশ করুন। যদি বাড়িতেই করতে হয়, তাহলে ঠান্ডা পানিতে বেবি শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। তবে খেয়াল রাখতে হবে এই ফেব্রিকের শীত পোশাক পানি থেকে টেনে তোলা যাবে না। হাতের মধ্যে নিয়ে জড়সড় করে তুলতে হবে। আস্তে আস্তে চেপে কাপড় থেকে পানি ফেলতে হবে। না হলে টান লেগে পোশাক বড় হয়ে যাবে। কাপড় তুলে রাখার সময় অবশ্যই মাঝে টিস্যু দিয়ে ভাঁজ করবেন এবং ন্যাপথলিন বা শুকনো নিমপাতা দিয়ে রাখবেন।
লেদার : লেদারের কাপড় বাড়িতে পরিষ্কার করা ঠিক না। ভালো কোনো লন্ড্রিতে দিয়ে ওয়াশ করে নিন। যদি খুব পাতলা লেদার হয়, তাহলে হোয়াইট টিস্যুর প্যাডিং দিতে ভুলবেন না।
উলের সোয়েটার : এই সোয়েটার পরার পর নরম ব্রাশ দিয়ে ঝেড়ে রাখতে হবে। রাখতে হবে মোটা হ্যাঙ্গারে ঝুলিয়ে। এতে কাপড়ের শেপ নষ্ট হবে না। এতে কোনো দাগ লাগলে ঘষা যাবে না। সফট ডিটারজেন্ট নিয়ে নরম কাপড় দিয়ে ব্লটিং করে দাগ ওঠান। বাড়িতে ধুলে সফট ডিটারজেন্ট হালকা গরম পানিতে গুলে নিয়ে কাপড় ভিজিয়ে রাখবেন ৩-৫ মিনিট। এরপরে হালকা হাতে ধুতে হবে। সংগ্রহ যেখানে করবেন, সেই স্টোরেজে যেন বাতাস থাকে। খুব চেপে কোনো ড্রয়ারে রাখবেন।
ভেলভেট : শীতের সময় এই ফেব্রিকের কদর অনেক। পরতে আরাম, দেখতেও গর্জিয়াস। ভেলভেট সব সময় ড্রাই ওয়াশ করতে হবে। করা যাবে না আয়রন। এমনিতেই এর ফ্ল্যাট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাই প্রেস করা যাবে না। পোশাকে কিছু পড়লে, প্রথমে সেটা শুকিয়ে যাওয়ার পর নরম ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন। দাগ পড়লে ড্রাই ওয়াশে দিন। ভেলভেট ভাঁজ করা যাবে না। কেননা ভাঁজের জায়গা পার্মানেন্টলি নষ্ট হতে পারে।
কোট বা ব্লেজার : ভালো লন্ড্রিতে দিয়ে কোট বা ব্লেজার ওয়াশ করতে হবে। বাড়িতে ভুলেও ওয়াশ করতে যাবেন না। আলমারিতে উঠিয়ে রাখার আগে নরম কাপড়ে মুড়িয়ে রাখতে হবে।
অন্য ফেব্রিকের জন্য : অন্য ফেব্রিকের শীত পোশাক আয়রন করতে আরেকটি কাপড় তার ওপর বিছিয়ে নিন। কাপড়ের ভেতর ন্যাপথলিন বা শুকনো নিমপাতা দিতে ভুলবেন না। তাহলেই আপনার কাপড়টি শীত থেকে দেবে সুরক্ষা। সঙ্গে সুরক্ষিত থাকবে বছরের পর বছর।