হাসি ইকবাল
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৪ পিএম
কুউঝিক্ ঝিক্ মোমিসিং, ঢাকা যাইতে কত দিন... ছোটবেলায় ছড়া কাটা নস্টালজিক ট্রেন থেকে আমরা এখন প্রবেশ করেছি মেট্রোরেলের যুগে। আঁকাবাঁকা পথে ঘুরে ঘুরে ট্রেন ছুটে চলেছে নিরন্তর। মানুষের ভ্রমণকথায় কতভাবেই না উঠে এসেছে ট্রেনের গল্প। দূরপাল্লার ট্রেনে আমরা কতই তো যাতায়াত করি। এই ভ্রমণে নানান ধরনের হর্নের বা ভেঁপুর আওয়াজ কানে আসে। কিন্তু আমরা কি জানি কোন হর্নের কী অর্থ? ট্রেনের এই ভেঁপু আদতে একটি শক্তিশালী এয়ার হর্ন। এটি রেলওয়ে পরিচালক, কর্মী এবং যাত্রীদের জন্য একটি শ্রবণযোগ্য সতর্কতামূলক যন্ত্র হিসেবে কাজ করে। তবে এ হর্ন কেবল ট্রেনের আগমন বা প্রস্থান নির্দেশ করে না; দেখা যায় প্রতিটি হর্ন এবং তার সময়ের পেছনে একটি ভিন্ন অর্থ রয়েছে। বিপদ সম্পর্কে সংকেত দেওয়া থেকে শুরু করে ট্র্যাক পরিবর্তন পর্যন্ত প্রতিটি পরিস্থিতির জন্য একেক রকম হর্ন রয়েছে দেশের ট্রেনগুলোয়। মোট ১১ রকমের হর্ন শোনা যায় ট্রেনে। একেকভাবে হর্ন বাজানোর অর্থও আলাদা। বিভিন্ন উপায়ে হর্ন বাজিয়ে পৃথক ইঙ্গিত দেন ট্রেনের চালক। জানা যাক কোন হর্নের কী অর্থÑ
ওয়ান শট হর্ন : একবার সামান্য সময়ের জন্য হর্ন বাজানোর অর্থ, ট্রেন ইয়ার্ডে যাবে সাফাইয়ের জন্য।
টু শট হর্ন : সাধারণত ট্রেন ছাড়ার সময় এভাবে হর্ন বাজানো হয়। মোটরম্যান এর মাধ্যমে গার্ডের কাছে ট্রেন ছাড়ার সিগন্যাল চান।
তিনবার ছোট করে হর্ন বাজানো : চালক কোনোভাবে ট্রেনের ওপর নিয়ন্ত্রণ হারালে বা ট্রেন থামাতে ব্যর্থ হলে এভাবে হর্ন বাজিয়ে গার্ডকে সতর্ক করেন। তখন গার্ড ভ্যাকুয়াম ব্রেকের সাহায্যে ট্রেন থামান।
চারবার ছোট করে হর্ন বাজানো : এর অর্থ, ট্রেনে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে, যার ফলে ট্রেনটি আর এগোতে পারবে না।
একটা দীর্ঘ হর্নের পর ছোট হর্ন : এমনভাবে হর্ন বাজিয়ে ইঞ্জিন স্টার্ট করার আগে মোটরম্যান গার্ডকে ব্রেক পাইপ সিস্টেম চালু করতে বলেন।
দুবার দীর্ঘ হর্নের পর শর্ট হর্ন : মোটরম্যান এর মাধ্যমে গার্ডকে ইঞ্জিনের কন্ট্রোল নিতে নির্দেশ দেন।
একটানা হর্ন : এর মাধ্যমে যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয় ট্রেনটি পরপর বেশ কিছু স্টেশনে দাঁড়াবে না।
থেমে থেমে দুবার হর্ন : এর অর্থ ট্রেনটি কোনো রেলওয়ে ক্রসিং পার করছে।
দুটি লং ও শর্ট হর্ন : এর অর্থ ট্রেনটি ট্র্যাক বদল করছে।
দুটি শর্ট ও একটি লং হর্ন : এর অর্থ কোনো যাত্রী চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করেছে।
ছয়টি ছোট ছোট হর্ন : এর অর্থ ট্রেনটি কোনো বিপদের মুখে পড়ছে। বিপৎকালীন পরিস্থিতিতে এভাবে হর্ন বাজিয়ে সতর্ক করেন চালক।