আলফ্রেড খোকন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৭:৩৫ পিএম
বাবা, এটা আমার ঘর মানো?
না বাবা, এই ঘরেতে আমরা সবাই পর
এখানে আমাদের ভাড়া দিয়ে থাকতে হয়
জানো?
কিন্তু ঘরের মধ্যে পাখির বাসা
সেটাই ওদের ঘর?
আমরাও তো বাসা বানাই
ভাড়াবাসায় আমরা কেন পর?
পাখিরা যে ভাড়া না দিয়ে উড়ে যায়
তাদেরও তো অনেক ভাড়া বাকি
বলো, বাকি না?
তাহলে পাখির মতো উড়ে যাবা নাকি?
চলো পাখির মতো ঘর বানাই, উড়ি
পাখির কোথাও ঘর থাকে না
চলো মেঘের মধ্যে ঘর খুঁজে ফিরি
আমরা কিন্তু পাখিই, পাখি না?