জোবায়ের রাজু
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৩:২০ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৩:৩০ পিএম
দোলন খুবই ফ্যাশনসচেতন ছেলে। এক কানে দুল পরাকে সে খুবই গুরুত্ব দেয়। চুলের যত্নেও দোলন কম যায় না। প্রায় দুই বিঘা পরিমাণের লম্বা চুলগুলো যথেষ্ট যত্ন করে দোলন। মেয়েদের মতো বড় চুল রাখার কারণে বন্ধুরা সব সময় তাকে নিয়ে উপহাস করে বেড়ায়। পেছন থেকে তাকে দেখলে যে-কেউ মেয়ে ভেবে প্রথমে ভুলটা করে বসে।
আয়নার সামনে দাঁড়িয়ে চুলের যত্ন নিচ্ছে দোলন। হঠাৎ আজ কেন জানি প্রিয়াঙ্কার কথা মনে পড়ল। প্রিয়াঙ্কা ছিল দোলনের মনের মানুষ। অনেক দিন প্রেম করার পর প্রিয়াঙ্কা একদিন দোলনকে বলে, ‘তোমার চুল কাটতে হবে। এমন চুল দেখলে আমার ব্যারিস্টার বাবা তোমাকে মেন্টাল ভাববে!’ ‘মেন্টাল!’ এ শব্দটা শুনে দোলনের রাগ হয়। তেজি গলায় বলল, ‘আমি মেন্টাল? তুমি জানো এ চুলের জন্য শ্যাম্পু কিনতে আমাকে মাসে কত টাকা খরচ করতে হয়!’
সামান্য এ ঘটনাকে কেন্দ্র করে দোলন ও প্রিয়াঙ্কার ব্রেকআপ হয়ে গেল। আজ অনেক দিন পর প্রিয়াঙ্কাকে মনে পড়ল। মা এসে পাশে দাঁড়ান দোলনের। দোলন মাকে বলল, ‘কিছু বলবে?’ মা বলেন, ‘তোকে চুলগুলো কেটে ফেলতে হবে! ছেলে হয়ে মেয়েদের মতো চুল রাখাটা বংশের বদনাম বাড়ায়।’ মাকে থামিয়ে দিয়ে দোলন বলল, ‘এটা ফ্যাশন মা। তুমি আদিকালের মানুষ, এসবে তোমার আইডিয়া নেই।’ মা দোলনকে বললেন, ‘আইডিয়া থাকতে হবে না। গতকাল তোর বোনকে পাত্রপক্ষ দেখতে এসে তোকে পছন্দ করে গেছে।’ দোলন অবাক হয়ে বলল, ‘বলো কী! চুলের কারণে ওরা আমাকে মেয়ে ভেবেছে? হা হা হা।’
দোলন হাসছে। মা-ও হাসছেন। হাসি থামিয়ে মা বললেন, ‘শুধু তোর কারণে চৈতীর এবারের বিয়ের সম্বন্ধটাও ভেস্তে গেল। ছেলেটা আমেরিকা থেকে এসেছিল!’