সৈকত আরেফিন
প্রকাশ : ১৪ মিনিট আগে
কোনো কোনো বই পড়ে মন ভার হয়ে থাকে। কেন থাকে যে, সেই অনুভব ঠিকঠাক বুঝিয়ে বলাও যায় না। হয়তো গল্পে এমন কিছু ঘটেইনি যে খুব কাঁদতে হবে, আবার এমনও নয়, গল্পের পরিণতি একেবারে অগ্রহণযোগ্য। তবু বইটা তখনই বন্ধ করে উঠে যেতে ইচ্ছে করে না। মনে হয়, আরও কিছুক্ষণ থাকি। ওই মানুষগুলোর সঙ্গে, ওই বাড়িটায়, ওই পুকুরপাড়ে, ওই সময়টুকুর মধ্যে। খুব মন দিয়ে তাদের আরও কিছু কথা শুনি। বিশেষ করে যে কথাগুলো তারা পরস্পরকে বলতে চেয়েছিল, বলতে পারেনি।
রবীন্দ্রনাথের ‘এক রাত্রি’ গল্পে সুরবালার কথা ভেবে আমার এমন হয়। নায়েবের ছেলেটি, নওয়াখালির ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার একসময় সুরবালাকে পেয়েও পেতে চায়নি। শৈশবের পরিচয়, একসঙ্গে বেড়ে ওঠা, জীবনের স্বাভাবিক নিয়মে হয়তো একসঙ্গে থাকারও কথা ছিল। কিন্তু মানুষ সব সময় নিজের জীবনের সম্ভাবনাগুলো ঠিকঠাক বুঝতে পারে না। কখনও অহংকারে, কখনও নিজের বুদ্ধির ওপর অতিরিক্ত ভরসায়, কখনও নিছক ছেলেমানুষিতে এমন কিছু থেকে দূরে সরে যায়, যার মূল্য অনেক পরে বুঝতে পারে। সুরবালার ক্ষেত্রে ঠিক তেমনই হয়েছিল।
পরে যখন ছেলেটি গারিবাল্ডি মাটসিনি হতে না পেরে স্কুলের মাস্টার হয়, তার আত্মবোধের উন্মেষ হয়, সুরবালা তার কী-ই না হতে পারত। তখন আমার বরং অন্য কথা মনে হয়। তাদের যদি বিয়ে হতো, কেমন হতো জীবনটা? খুব অসাধারণ কিছু নয় হয়তো। সুরবালা হয়তো সংসারের কাজে ব্যস্ত থাকত, মানুষটি বাইরে থেকে ফিরে তার সঙ্গে দু-চারটে কথা বলত। কোনোদিন ঝগড়া হতো, কোনোদিন একসঙ্গে কোথাও বেড়াতে যেত। হয়তো সুরবালা তার কোনো অভ্যাস নিয়ে বিরক্ত হতো, আবার অসুখ হলে সারা রাত জেগে থাকত। তাদের জীবনেও নিশ্চয়ই অভাব থাকত, মনোমালিন্য থাকত, একঘেয়েমি আসত।
তবু সেই জীবনটা তো হতে পারত!
শেষের এই উপলব্ধির মধ্যেই কেমন একটা বেদনার ভার আছে। যা হয়েছে, তা নিয়ে মানুষের অভিযোগ থাকতে পারে। কিন্তু যা হতে পারত, অথচ হলো না, তার বিরুদ্ধে অভিযোগ সে করবে কোথায়?
আমার মনে হয়, সাহিত্যের কিছু কিছু সৃষ্টি আমাদের এই বীক্ষণবিন্দুতে নিয়ে যায়। আমরা তখন কেবল চরিত্রগুলোর জন্য মন খারাপ করি না, তাদের নিয়ে নিজেদের মতো করে একটা জীবনও ভাবতে শুরু করি। লেখক যতটুকু বলেছেন, তার বাইরে গিয়ে আমরা তাদের আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে চাই। কে জানে, হয়তো কোনো চরিত্রের প্রতি আমাদের এত মায়া হয়ে যায় যে, তার জীবনের পরবর্তী দিনগুলো কেমন কাটল, তা-ও জানতে ইচ্ছে করে।
কোনো কোনো আখ্যানে বিচ্ছেদ থাকে। কিন্তু বিচ্ছেদের চেয়েও বেশি কষ্ট হয় সেই সম্পর্কটির কথা ভেবে, যা একটু এদিকওদিক হলে হয়তো ভাঙতই না। দুজন মানুষ একে অন্যকে ভালোবাসত, অথচ বলতে পারেনি। কেউ একটু দেরি করে ফেলেছে, কেউ অভিমান করে চলে গেছে, কেউ ভেবেছে মানুষটি বুঝি এমনিতেই বুঝে নেবে। তারপর একসময় আর কিছু করার থাকে না। গল্পে এসব পড়তে পড়তে মনে হয়, মানুষ এত কঠিন কেন? এত কাছের একজন মানুষকে নিজের মনের কথাটা বলতে এত দ্বিধা কেন? সাহস করে একটু আগে ফিরে তাকালে, একটু কম অভিমান করলে, একটু বেশি সাহস দেখালে কী এমন ক্ষতি হতো?
অথচ বাস্তবেও তো আমরা এমনই। কখনও কখনও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার সময়ই আমাদের সবচেয়ে বেশি সংকোচ হয়। যাকে ভালোবাসি, তাকে বুঝতে দিই না। যার কাছে থাকতে চাই, তার কাছ থেকেই দূরে সরে যাই। কখনও মনে হয়, সময় আছে; পরে বলা যাবে। পরে দেখা হবে। পরে সব ঠিক করে নেওয়া যাবে। তারপর একদিন দেখা যায়, সেই ‘পরে’ আর আসেনি, আসে না।
সাহিত্য পড়তে গিয়ে আমাদের ব্যক্তিগত এমন কিছু মুহূর্তের কথাও মনে পড়ে যায়। হয়তো এমন একজন মানুষ ছিল, যার সঙ্গে আরও কিছু কথা বলা যেত। হয়তো কোনো এক বিকেলে একটু বেশি সময় থাকা যেত। হয়তো কোনো সম্পর্কের শেষটা এত সহজে মেনে না নিলেও চলত। এখন আর কিছুই করার নেই। সেই মানুষটি কোথায় আছে, কেমন আছে, আদৌ কখনও আমাদের কথা মনে পড়ে কি না, তাও জানি না। অথচ কোনো গল্পের মধ্যে তার মতো কাউকে দেখলেই বুকের মধ্যে পুরনো একটা অনুভূতি ফিরে আসে।
সম্ভবত এ কারণে কিছু কাল্পনিক চরিত্রও বাস্তবের মতো আপন মানুষ হয়ে ওঠে। তাদের জন্য আমাদের যে মন খারাপ হয়, তার সবটুকু তাদের নিজেদের জন্য নয়। তাদের গল্পের মধ্যে আমরা নিজেদের কিছু না-পাওয়া, কিছু না-বলা, কিছু ভুলে যাওয়া মুহূর্ত খুঁজে পাই।
তবে সব হাহাকার যে নিজের জীবনের সঙ্গে মিলে যায়, তা-ও নয়। কখনও সম্পূর্ণ অচেনা কোনো চরিত্রের জন্যও মন কেমন করে। এমন একজন মানুষ, যার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, যার পৃথিবীতে আমার কোনো অস্তিত্বও নেই, তার জীবনটা আরেকটু সুন্দর হলে আমার ভালো লাগত। তার ভালোবাসাটা পূর্ণতা পেলে, তার অপেক্ষার মানুষটি ফিরে এলে, তার জীবনের শেষ দিনগুলো একটু শান্তিতে কাটলে কী এমন ক্ষতি হতো! বই পড়তে পড়তে কখন যে তার জন্য নিজের অজান্তে পক্ষ নিয়ে বসি, বুঝতেই পারি না।
আর কিছু গল্প আছে, যেগুলো পড়ে মনে হয়, লেখক যেন আমাদের একটু ঠকিয়েছেন। এতগুলো দিন ধরে মানুষগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, তাদের অভ্যাস চিনিয়ে দিলেন, তাদের ছোট ছোট সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে ফেললেন; তারপর হঠাৎ তাদের আর কোনো খবরই দিলেন না। জানি যে, গল্পের যেকোনো একটা পরিণতি থাকতেই পারে। কিন্তু মন হয়তো সব সময় পরিণতি বুঝতে চায় না।
একটা উপন্যাস পড়ে কখনও এমন হয়, কয়েকদিন অন্য কোনো বই পড়তে ইচ্ছে করে না। নতুন চরিত্রের সঙ্গে পরিচিত হতে কেমন অনীহা লাগে। আগের মানুষগুলোই মাথার মধ্যে ঘুরতে থাকে। মনে হয়, তাদের সঙ্গে আরও কিছুদিন থাকা যেত। তাদের জীবনে আরও কয়েকটি সাধারণ দিন দেখতে ইচ্ছে করে। বিশেষ কোনো ঘটনা নয়, শুধু তাদের স্বাভাবিক জীবনটা। তারা সকালে কীভাবে ঘুম থেকে ওঠে, একে অন্যের সঙ্গে কী নিয়ে কথা বলে, সন্ধ্যায় বাড়ি ফিরে কার জন্য অপেক্ষা করেÑ এসব সামান্য ব্যাপারও জানতে ইচ্ছে করে।
হয়তো এই সামান্য ব্যাপারগুলোর জন্যই এত মায়া। বড় বড় ঘটনা মানুষের মনে দাগ কাটে ঠিকই, কিন্তু কাউকে আপন মনে হয় তার ছোট ছোট আচরণে। গল্পের কোনো চরিত্রের এমন একটি অভ্যাস, একটি কথা বলার ভঙ্গি, কিংবা কোনো বিশেষ মুহূর্তে তার চুপ করে থাকার কথা মনে পড়ে যায়। তখন তাকে আর কেবল একজন দূরবর্তী মানুষ বলে মনে হয় না। মনে হয়, কোথাও হয়তো সত্যিই এমন একজন হেঁটে বেড়াচ্ছে।
সাহিত্যের কাছে আমার সবচেয়ে বড় চাওয়াটা বোধ হয় এটাইÑ কিছু মানুষকে যেন একটু বেশি সময় পাওয়া যায়। তাদের জীবনের সব রহস্য জানতে হবে না, সব প্রশ্নের উত্তরও চাই না। শুধু মনে হয়, তারা থাকুক। গল্পের বাইরে হলেও থাকুক। তাদের নিয়ে ভাবার মতো একটু জায়গা থাকুক।
এ কথা অবশ্য জানি, সব গল্পের সুখী সমাপ্তি হয় না। তা হওয়া উচিতও নয়। সব ভালোবাসার পরিণতি একসঙ্গে থাকা নয়। সব মানুষকে ফিরে পেতেও নেই। বরং কিছু বিচ্ছেদ হয়তো গল্পের জন্য প্রয়োজনীয়, কিছু অপূর্ণতা না থাকলে গল্পটি এতটা মনে থাকত না। কিন্তু পাঠকের মন তো সাহিত্যিক প্রয়োজন বোঝে না। সে শুধু নিজের মতো করে ভালোবেসে ফেলে। তারপর কোনো একটি জায়গায় এসে আটকে যায়।
সত্যি বলতে, কখনও কখনও কোনো কোনো লেখকের প্রতি আমার একধরনের অভিমান হয়। মনে হয়, আরেকটু লিখলে কী এমন হতো! ওই মানুষ দুটিকে আরেকবার দেখা করিয়ে দিলে কী এমন ক্ষতি ছিল! যে কথাটা এতক্ষণ ধরে জমে ছিল, সেটা অন্তত একবার বলতে দিলে কী এমন সমস্যা হতো! জানি, লেখক হয়তো ইচ্ছা করেই বলেননি। কিন্তু পাঠক হিসেবে আমার তো একটু চাওয়ার অধিকার আছে।
হয়তো এই অতৃপ্তিটুকুই সাহিত্যের সঙ্গে আমাদের সম্পর্ককে এত দীর্ঘ করে রাখে। যে বই পড়ে সবকিছু বুঝে ফেলেছি বলে মনে হয়, সেটি একসময় বুকশেলফের কোথায় পড়ে থাকে তার খবরও নিই না। কিন্তু যে বইয়ের কয়েকটি চরিত্রকে নিয়ে আজও মনে মনে ভাবি, যে গল্পের একটি বিশেষ মুহূর্তে ফিরে যেতে ইচ্ছে করে, সেটি আর কেবল বই হয়ে থাকে না। জীবনের কোথাও তার জন্য একটা জায়গা তৈরি হয়ে যায়।
জীবনে এমন কত কিছুই তো ঘটে, যেগুলোর অন্যরকম হওয়ার সুযোগ ছিল। একটি সিদ্ধান্ত, একটি বিকেল, একটি ফোনকল, কারও মুখের ওপর বলা একটি কঠিন কথা, কিংবা না-বলা একটি ভালোবাসাÑকত সামান্য বিষয় যে মানুষের জীবনকে অন্যদিকে নিয়ে যায়! আমরা পরে বসে হিসাব করি। ভাবি, সেদিন যদি এমন না করতাম, যদি আরেকটু বুঝতাম, যদি মানুষটিকে যেতে না দিতাম! কিন্তু সেই হিসাবের কোনো ফল নেই। জীবন আমাদের দ্বিতীয়বার একই জায়গায় দাঁড় করায় না।
সাহিত্য অন্তত সেই জায়গাটুকুতে ফিরিয়ে নিয়ে যায়। সেখানে আমরা আবার ভাবতে পারি, মানুষটি যদি অন্য সিদ্ধান্ত নিত! দুজনের যদি আরেকবার দেখা হতো! যে মেয়েটি এত অভিমান করে চলে গেল, সে যদি একটু পরে ফিরে আসত! যে ছেলেটি নিজের ভালোবাসার কথা বলতে পারেনি, সে যদি সেদিন সাহস করত!
এসব ভাবতে ভাবতে কখনও মনে হয়, আসলে মানুষের জীবনে যা ঘটেছে, তার চেয়ে যা ঘটেনি, তার হিসেব অনেক বেশি। কিছু মানুষকে আমরা পেয়েছি, কিছু মানুষকে পাইনি। কিছু সম্পর্কের স্মৃতি আছে, কিছু সম্পর্কের শুধু সম্ভাবনা। অথচ আশ্চর্য, কখনও কখনও সেই সম্ভাবনার জন্যই মনটা বেশি খারাপ হয়।
তাই সুরবালার কথা ভেবে শুধু নায়কের জন্য মন খারাপ হয় না। সুরবালার জন্যও হয়। যে সংসারটি তার হলো না, যে মানুষটির সঙ্গে তার প্রতিদিনের জীবন ভাগ করে নেওয়া হলো না, সেই অচেনা জীবনটির কথাও ভাবতে ইচ্ছে করে। হয়তো সুরবালা নিজের জীবনে ভালোই ছিল। হয়তো তার কোনো আক্ষেপ ছিল না। তবু পাঠক হিসেবে আমাদের মনে হয়, আরেকটি জীবনও তো সম্ভব ছিল। আর সেই জীবনটির কথা ভাবলেই কেমন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
কিছু কিছু বই শেষ হওয়ার পর আমাদের ভেতরে এমনই একটি দীর্ঘশ্বাস থেকে যায়। কাউকে বলা যায় না, বোঝানোও যায় না। শুধু মাঝেমধ্যে গল্পটির কথা মনে পড়ে। মনে পড়ে, ওই মানুষটি আরেকটু সুখী হতে পারত। তাদের আরেকটু সময় দেওয়া যেত। গল্পটি আরও কিছুদূর এগোতে পারত।
আহা, কী-ই না হতে পারত!
কথাটা বলার পরও মনে হয়, সবটা বলা হলো না।