× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতীতের অদৃশ্য প্রতিধ্বনি

ইসরাত জাহান

প্রকাশ : ১০ মিনিট আগে

অতীতের অদৃশ্য প্রতিধ্বনি

অলস দুপুরে, শান্ত বিকেলে, নয়তো কোনো নীরব প্রহরে আচমকা বুকের মাঝে চিনচিনে এক ব্যথা নির্লজ্জের মতো টোকা দেয়। যার নেই কোনো শব্দ, নেই চিৎকার, শুধু নীরব আকুলতায় খাঁ খাঁ করে হৃদয়। পুরনো স্মৃতির ভাঁজ খুলে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। তার সময়জ্ঞানও নেই, যখন তখন এসে হৃদয়টাকে এফোঁড়-ওফোঁড় করে দিয়ে আচমকাই চলে। শুধু থেকে যায় অদৃশ্য এক ক্ষত। 

অনুশোচনা, এ এক অদ্ভুত অনুভূতি। কোনো শব্দ নেই, আছে শুধু অতীতের প্রতিধ্বনি। আমরা জীবনে কত কিছু হারিয়ে ফেলি নিজের ভুলে নয়তো অন্যের ভুলে বা ইচ্ছায়। কত আপনজন দূরে সরে যায়, কত কথা অসময়ে বলা হয়, ভুল হয়। আবার কত কথা বলার সাহসটুকুও করে উঠতে পারে না। সময় চলে যায়, মানুষের মুখও বদলায়, শহর বদলায়, রাস্তা বদলে যায়, এমনকি স্মৃতির রংও একসময় ফিকে হয়ে আসে। শুধু অনুশোচনা থেকে যায় পুরনো বাড়ির স্যাঁতসেঁতে গন্ধের মতো। 

অতীতের কোনো ভুল, প্রিয়জনকে দেওয়া কষ্টের খতিয়ান যখন বর্তমানের দেয়ালে আছড়ে পড়ে, তখনই জন্ম নেয় এই তীব্র অনুভূতির। যার শাস্তি আদালতে লেখা হয় না, কোনো বিচারক এই রায় লেখে না। অনুশোচনার বিচার হয় মনের আদালতে, রায় রোজ লেখা হয়, হয়তো আমৃত্যু। সময়ের সঙ্গে ম্লান হয় আবার বিপ্রতীপ সূত্রে বয়স বাড়ার সঙ্গে আরও স্পষ্ট হয়ে ওঠে। মানুষ কখনও তার অতীতকে বদলাতে পারে না। পারে শুধু অতীতের দৃষ্টিভঙ্গি বদলাতে। কিন্তু সেই বদলে যাওয়া দৃষ্টির সামনে দাঁড়িয়ে একটি প্রশ্ন থেকে যায়Ñ অনেকটা কাল আগে মানুষটি একদিন যে ভুল করেছিল, আজকের মানুষটি কি সত্যিই তা চেয়েছিল? শুরু হয় অনুশোচনার দহন। 

দেবদাসেরও কি এমনটাই হয়েছিল!

বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি অনুশোচনা মনে হয় দেবুবাবুকে দিয়ে করিয়েছেন শরৎচন্দ্র। প্রিয় মানুষটি অন্যত্র চলে যাবার পর নিজের অস্তিত্বকে অর্থহীন বা নিঃসঙ্গ মনে হয়। তীব্র যন্ত্রণায়, অনুশোচনার নীরবে নিঃশ্বাস ফেলে ঝাঁঝালো তরলে। অতল অভিমান উগরে দেয় চন্দ্রমুখীর সম্মুখে। 

আর কবি রবার্ট ফ্রস্ট! তিনিও অনুশোচনার চাপা আগুনে পুড়েছিলেন তার ‘দ্য রোড নট টেকেন’ কবিতায়। 

হলুদ বনভূমির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে দুটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে কবি অতীতে একটি রাস্তা বেছে নিয়েছিলেন আর অন্য রাস্তাটিকে ফেলে এসেছিলেন।

কবিতার শেষে কবি বহু বছর পর দীর্ঘশ্বাস ফেলেছিলেন অন্য রাস্তাটি বেছে না নেওয়ার জন্য। তার এই যে আক্ষেপ তাই তো অনুশোচনা।

অনুশোচনাকে উপজীব্য করে বাংলা সাহিত্যে নবরূপে অসংখ্য গল্প লিখেছিলেন আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার ছোটগল্প ‘শাস্তি’ তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। এই গল্পে ছিদাম তার ভাই দুখিরামকে বাঁচাতে গিয়ে নিজের নির্দোষ স্ত্রী চন্দরার ঘাড়ে খুনের দায় চাপিয়ে দেয়। পরবর্তীতে নিজের এই চরম স্বার্থপরতা ও ভুলের জন্য ছিদামের মনে যে তীব্র অনুশোচনা তৈরি হয়, তা পাঠককে আজও স্তব্ধ করে দেয়। ছিদামের এই দীর্ঘশ্বাস নিজের ভেতরে চলা আত্মবিচারিক কার্যক্রম, কাতর হয় অনুশোচনায়। মানুষ মূলত তার অতীতে বন্দি থাকে। জীবনের কোনো এক বাঁকে নেওয়া ভুল সিদ্ধান্ত কিংবা ক্ষণিকের অসচেতনতা যে এতটা দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করতে পারে, তা সময় পেরিয়ে যাওয়ার আগে বোঝা যায় না। অনুশোচনা হলো ঠিক সেই সময়ের হিসাব, যা আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না।

অনুশোচনা যেন বিবেকের পুনর্জন্ম। যেমনটি হয়েছিল ইভান ইলিচের। ‘দ্য ডেথ অব ইভান ইলিচ’ লিও টলস্টয়ের কালজয়ী উপন্যাস। 

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একজন মানুষের তীব্র অনুশোচনা ফুটে উঠেছিল এই উপন্যাসে। উপন্যাসের প্রধান চরিত্র ইভান ইলিচ যখন বুঝতে পারে সে মারা যাচ্ছে, তখন তার তীব্র অনুশোচনা ও আত্মোপলব্ধি হয়। তার বিবেকের পুনর্জন্ম হয়। সমাজের চোখে সফল ইভান ইলিচ মৃত্যুশয্যায় শুয়ে অনুভব করেন তার পুরো জীবনটাই এক বিশাল ভুল। স্ত্রী ও সন্তানদের সাথে ভালাবাসাহীন সম্পর্ক। নিঃসঙ্গ জীবনে ইভানের জীবনের সত্যিকারের সান্ত্বনা ছিল তার ভৃত্য ‘গেরাসিম’। কোনো স্বার্থ ছাড়াই সে ইভানের সেবা করত। ইভান নিজের ভুল বোঝে। আর যে মানুষ নিজের ভুলের সামনে দাঁড়াতে পারে, সে অন্তত নিজের ভেতরের মানুষটিকে চিনতে শুরু করে। অনুশোচনা আমাদের শেখায়, ভালোবাসার চেয়ে অহংকার বড় নয়, জেদের চেয়ে সম্পর্ক মূল্যবান, আর সময়ের চেয়ে দুর্লভ কিছু নেই। কিন্তু এই উপলব্ধি যখন আসে, তখন ইভান ইলিচ জীবনের অধ্যায়টি শেষ করে ফেলেছেন।

আবার, তীব্র বেদনা থেকেই যে শুধু অনুশোচনার জন্ম নেয় তা কিন্তু নয়। অনেক ক্ষুদ্র ঘটনাও মনের মাঝে অপ্রত্যাশিত অনুশোচনার মুখোমুখি করে। যেমনটি হয়েছিল ডি এইচ লরেন্সের ‘স্নেক’ কবিতাটিতে। একটি চমৎকার মনস্তাত্ত্বিক কবিতা। কবি তৃষ্ণার্ত একটি সাপকে জল খেতে দেখে প্রথমে মুগ্ধ হন, কিন্তু সমাজের শেখানো ভয় থেকে তিনি সাপটির দিকে একটি লাঠি ছুড়ে মারেন। সাপটি চলে যাওয়ার পর কবির মনে তীব্র অনুশোচনা ও আত্মগ্লানি জন্ম নেয়, সেই অনুশোচনা কবিকে পরবর্তীতে দংশন করে। 

এই সময়ের একটি জনপ্রিয় উপন্যাস ‘দ্য মিডনাইট লাইব্রেরি’ পুরোপুরি মানুষের ‘আক্ষেপ ও অনুশোচনা’র ওপর ভিত্তি করে লেখা। ২০২০ সালে প্রকাশিত বেস্টসেলার উপন্যাসটি জীবন, মৃত্যু এবং মানুষের অন্তহীন অনুশোচনার এক গভীর দার্শনিক ও আবেগঘন অনুসন্ধান যেন।

উপন্যাসের প্রধান চরিত্র ৩৫ বছর বয়সী নোরা সিড। সে নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে দেখে। একই দিনে চাকরি হারায়, পোষা বিড়াল ‘ভোল্টেয়ার’ মারা যায়, তার সংগীতের ছাত্রীও তাকে ছেড়ে চলে যায়। সব মিলিয়ে নোরার বেঁচে থাকার ইচ্ছে যখন হারিয়ে যায়, নোরা তখন নিজেকে আবিষ্কার করে জীবন ও মৃত্যুর মাঝামাঝি এক রহস্যময় জায়গায়। একটি বিশাল লাইব্রেরির মাঝে। যেখানে ঘড়ির কাঁটা সব সময় রাত ১২টায় স্থির হয়ে থাকে। লাইব্রেরিতে প্রবেশের পর নোরা তার স্কুলের পুরনো লাইব্রেরিয়ান মিসেস এলমকে দেখতে পায়। মিসেস এলম তাকে একটি বিশাল ও ভারী বই দেন, যার নাম ‘বুক অব রিগ্রেটস’। এতে নোরার জন্ম থেকে শুরু করে প্রতিটি ভুল সিদ্ধান্ত, ছোট-বড় অনুশোচনার কথা লেখা আছে। আর সেই অনুশোচনা করা প্রতিটি সিদ্ধান্ত বদলে দিলে জীবন কেমন হতে পারত তা পরখ করার সুযোগ পায়। তবে এই অনুশোচনার সুযোগ নোরাই পায় উপন্যাসের পাতায়।

আর সবচেয়ে নির্মম অনুশোচনা বোধহয় সেই ভুল, যা করার সময় আমরা নিজেদের ভুল বলে চিনতে পারিনি। তখন আমাদের যুক্তি ছিল, আত্মপক্ষ সমর্থনের ভাষা ছিল, অহংকার ছিল। ছিল নিজেকে সঠিক প্রমাণ করার প্রবল তাড়না। পরে সময় যখন সমস্ত যুক্তির পোশাক খুলে নেয়, তখন নিজের কাছেই আর মুখ দেখানো কঠিন হয়ে পড়ে। যেমনটি হয়েছিল ‘পুতুল নাচের ইতিকথা’য় শশী ডাক্তারের। পরানের বউ কুসুমের অবাধ্য ভালোবাসাকে সে আমলে নেয়নি, ফিরিয়ে দিয়েছিল, যখন কুসুম অন্য জীবনে থিতু হবার পানে যায়, তখন শশীর মনে জন্ম নেয় এক গভীর একাকিত্ব ও তীব্র অনুশোচনা। তাই তো তালবনে দাঁড়িয়ে চোখে শূন্যতা নিয়ে চিরকাল নিজের ইচ্ছেগুলো সামলে নেওয়া মানুষটা বলেছিলÑ

‘শশী সরলভাবে বলিল, ভয়ানক মন কাঁদবে বউ, জীবনে আমি কখনও তা হলে সুখী হতে পারব না’Ñ ওই কথাগুলোতে কি শুধুই আক্ষেপ নাকি শশী ডাক্তারের অনুশোচনার প্রথম পেরেক ঠোকা...

আক্ষেপ, অপূর্ণ ইচ্ছা, যা আমাদের হীনমন্যতায় ডুবিয়ে দেয়। অন্যদিকে, অনুশোচনা হলো নিজের ভুল কাজ, সিদ্ধান্তের জন্য অনুতাপ। তাই যে হৃদয়ে আক্ষেপ থাকে সেখানে অনুশোচনা থাকবে। তবে অতিরিক্ত অপেক্ষা কখনও ভালো কিছু আনতে পারে না জীবনে। 

দিনশেষে অনুশোচনা কেবল একটুকরো অন্ধকার নয়, এটি এক আলোরও ইঙ্গিত। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে ফিওদর দস্তয়ভস্কি আমাদের যেন সেই কথাই বলেছেন। নায়ক রাসকলনিকভ অভাবক্লিষ্ট তরুণ। মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ, নষ্ট আদর্শে বিশ্বাসী, একদিন আর্থিক মুক্তির আশায় ধনী বৃদ্ধাকে হত্যা করে। হঠাৎ সোনিয়ার মাঝে ভালোবাসা খুঁজে পায়। সেই ভালোবাসা তাকে অপরাধবোধে আক্রান্ত করে। সেই অপরাধবোধ অনুশোচনা নিমজ্জিত করে। যা রাসকলকে পুলিশের কাছে অপরাধ স্বীকার করতে বাধ্য করে। আইন ভাঙার জন্য শাস্তি পায়। নির্বাসনে পাঠানো হয় সাইবেরিয়ায়। সোনিয়া রাসকলের জেলের পাশেই ঘর বাঁধে। ভালোবাসার টানে দুজন মানুষ সুন্দর একটি সকালের অপেক্ষায় থাকে। রাসকলনিকভ বুঝতে পেরেছিল নিজের বিবেককে অস্বীকার করে বেঁচে থাকা কঠিন। কারণ আইনের শাস্তির মেয়াদ থাকে, অনুশোচনা শাস্তির কোনো মেয়াদ নাই। তবে মধ্যবিত্ত জীবনে এই অনুশোচনা বেশি থাকে। রাতের নীরবতায় সবচেয়ে বেশি ডানা মেলে ‘রিগ্রেট’। যখন চারপাশ শান্ত হয়ে আসে, মনের গভীরে এক অদ্ভুত অস্থিরতা শুরু হয়। মনে হয়, যদি সেদিন অমন না করে ওটা এমন করতাম। যদি সেই মানুষটিকে শেষবারের মতো আগলে রাখতাম। কিংবা যদি আর একটুখানি ধৈর্য ধরতাম! এই ‘যদি’ শব্দটাই মানুষকে বেশি ভোগায় অনুতাপের আগুনে। 

ক্ষমা হয়তো অন্যের কাছ থেকে চেয়ে নেওয়া যায়, কিন্তু নিজের ভেতরের এই অপরাধবোধ থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়। আর যে হৃদয়ে অনুশোচনা আছে, বুঝতে হবে সেখানে মনুষ্যত্ব আর বিবেক বেঁচে আছে। অতীতের বদলানো অসম্ভব, কিন্তু অনুশোচনার আগুনে পুড়ে মানুষ নিজেকে নতুন করে গড়তে পারে। হতে পারে যত্নশীল ও সহনশীল। ভুলকে স্বীকার করার সাহস না করলে নিজেকে নতুন করে গড়ে তোলা যাবে না। অনুশোচনা হলো তারই প্রথম ধাপ। অনুশোচনা মানুষের অহংবোধ দূরে করে। ভুল স্বীকার করার মধ্য দিয়ে মানুষের ভেতরের নৈতিকতা ও মানবিকতা জাগ্রত হয়। কেননা মানবিক মানুষের উত্তম শাস্তি হলো অনুশোচনা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা