প্রশ্ন
রেজাউদ্দিন স্টালিন
গানে কেনো তাল লাগে
চুল্লিতে লাকড়ি,
মেয়েদের কানে কেনো
লাগে গোল মাকড়ি।
দই হতে টক লাগে
বাড়ি হতে ইট কাঠ।
ঝড় হতে মেঘ লাগে।
রোদে কেনো ফাটে মাঠ।
বন হতে গাছ লাগে,
মানুষ হতে মন চায়
মারামারি করে কেনো
রক্তের বোনভাই।
কবি হতে লাগে কেনো
কল্পনাশক্তি,
শিক্ষায় লাগে মনে
খুব গুরুভক্তি।
প্রশ্নটা দরকারি
জানবার জন্য,
মূর্খরা সর্বদা
থাকে হীনমন্য।
পাতাঝরা অরণ্যে বৃষ্টি
ওবায়েদ আকাশ
শুকনো পাতার ওপর ঘুমাতে গিয়ে বুঝি
কতকাল আগে বৃষ্টি পড়েছিলÑ
প্রচণ্ড রৌদ্রে পত্রলিপি জেগে উঠেছেÑ গাছের পাতায় পাতায়
অক্ষরগুলো দক্ষিণ থেকে এসে
এ অরণ্যে
আমাকে ঘুম পাড়াতে চায়Ñ
এমন সময় তুমি এলে
অক্ষরগুলো পাশাপাশি বসে যে শব্দগুলো তৈরি হলো
তাতে একদিকে তীব্র খরস্রোতা নদী আর
অন্যদিকে শান্ত নিরিবিলি হ্রদ প্রতিপক্ষে দাঁড়িয়ে গেল
আর কারো মুখ চাওয়াচাওয়ি বন্ধ করতে যখন
অঝর ধারায় বৃষ্টি শুরু হলো
বোস বাড়ির মেয়েরা নাইতে নেমে শান্ত হ্রদ অস্থির করে তুলল
পাতাঝরা অরণ্যে কোথাও মেঘ ছিল না, তবু
হঠাৎ এত বৃষ্টি কোথা থেকে এলো?
যদিও তোমার আমার সম্পর্কের ভিতর
কিছুই নয় অগ্নিস্বরূপা
পাখির নামহীন ডাক
সাঈদ বারী
শহরের বিদ্যুতের নিচে আজকাল পাখিরা শুয়ে থাকে ক্লান্ত; অপেক্ষা করে ভোরের, যেখানে গাছ নেই, শুধু ইটের স্তূপ।
তবু তারা উড়ে যায় অতীতের নদীর দিকে, সেই মাঠের দিকে, যেখানে একদিন বাতাসে ধানের গন্ধ ছিল।
আমি জানি না তার নাম, সে বুলবুলি নয়, শালিক নয়, কোকিল নয়; তবু তার ডাকে কবির অদৃশ্য রক্তে আলো ঝরে।
কাঠ বাদাম
নিজাম বিশ্বাস
এ রকম নভেম্বর ছিল, আমরা কাঠ বাদাম কুড়িয়ে নিলাম।
তোমার ভেতরে সযত্নে ছিল বাদামের মতো সবুজাভ শ্বাস,
তোমাকে নিঠুরভাবে কেটে আমি দ্বিখণ্ডিত করেছি, আহা!
সেই থেকে কাঠ বাদামের রং অবিকল রক্তের মতো লাল,
এই কথা শুধু আমি জানি, প্রতি হেমন্তে ঝরে আহত বাদাম
এই শোকে নেমে আসে ঝিঁঝিপোকা, বনময় মাতম ওঠে,
সরীসৃপ চলে যায় অন্তরালে, আমিও সর্পবিষ ধারণ করে
পৃথিবীতে বেঁচে থাকি পৃথিবীর অকৃত্রিম আদিম মায়ায়।
এমন নভেম্বর বারবার ফিরে আসে, জলপাই পাতা হয়
তোমার সিঁথির লাল রং, কঙ্কণ হাত থেকে খসে গিয়ে
গেছোশামুক হয়ে হেঁটে যায় বনে, চুপি চুপি কথা কওÑ
পাতার শরীরে পাতা, ভাঙা ডানা এক নীল প্রজাপতির।
ফেউ
খালেদ চৌধুরী
কবিতা আর ছবিতা দুই বোন
ছবিতার রূপ ঐশ্বর্যের
তার অনেক সুনাম
ফেউয়েরা ছোটে পেছনে পেছনে
কবিতা যেন মূক
অর্গাজম বঞ্চিত নিনাদ
কথারা ঘুমায় বইয়ের পাতায়
করো কারো বাহাদুরি ছবিতা বিবি...
কলরব ও স্বচ্ছতায় সুখের অসুখ
নূরে মোস্তফা বাবু
সুখেরও অসুখ আছে
বিত্তের বিচিত্র অসুখ
বিলাসের বাড়াবাড়িÑ বিকৃত বিলাসীর মুখ।
সুখেরও অসুখ আছে
সুখে সুখে শুকায় পরান
সুখের অসভ্য শোষকÑ শুষে নেয় হৃদয়ের ঘ্রাণ।
সুখেরও অসুখ আছে
অসুখে আত্মা যায় মরে
বিচ্যুত সভ্যতা ঝোলেÑ শুষ্ক বাঁদরলাঠি ধরে।
সুখেরও অসুখ আছে
বিচিত্র অসুখÑ উপসর্গ;
আত্ম-বিক্রয়ের ফল; আভিজাত্যের জমকালো গর্ব।
সুখেরও অসুখ আছে
প্রাণঘাতী রোগ ভয়ানক
ভেতরে গভীর অমানিশাÑ বাইরে কী আলোর ঝলক!
সুখেরও অসুখ আছে
অসুখটা প্রবল ছোঁয়াচে
ছড়ায় লালসা সভ্যতায়, শ্যামলী কী করে আর বাঁচে?
ঝরে যায় প্রীতির পরাগ, ফোটে না মৃত্তিকামায়াফুল
সুখের সাগরে ডোবে সব, হাতছাড়া শান্তির কূল।
হলুদ বিরহ
সাম্মি ইসলাম নীলা
হেমন্ত যে এসেছে ফুরিয়ে
ফিরে গেছে বেখেয়ালি মন
যেটুকু কুয়াশা ছিল জমা
বিপরীত ঢেউয়ে উড়ে গেছে
গতকালটা হয়েছে মলিন
পথপাশে গ্ল্যাডিওলিটাও
ঘিরে থাকো অচেনা বাতাস
ফিরে এসো সমুদ্র অপার
থমকে-থাকা ও ধূসর পথ
হিজল বিছায়ে রাখো কিছু
অপেক্ষাকে দিয়েছি বিরতি
যদি সে আসেই তবু ফিরে
পাতায় পাতায় মৃদু হলুদ বিরহ...