ইরাজ আহমেদ
প্রকাশ : ১৭ মিনিট আগে
আবুল হাসান।
জুয়ার টেবিলে পড়ে আছে তিনটি তাস। ঘরের ভিতরে সংকীর্ণ আলোর একটি উৎস ছায়া তৈরি করেছে নানা মাপের। জলবায়ু জানান দিচ্ছে অদ্ভুত এক হেমন্তকালের উপস্থিতি। দেয়ালে বহুকাল ধরে সন্তর্পণে জাল বুনে চলেছে প্রাচীন এক মাকড়সা। মিহি সক্রিয়তায় নিবিষ্ট মাকড়সাটাই কি সময়? সে কি বোধি, নাকি মৃত্যুর মুখোমুখি বসে দেওয়া আশ্চর্য এক সাক্ষাৎকারের জীবন?
টেবিলে পড়ে আছে তিনটি তাস অথবা তিনটি কবিতার বই। কার লেখা কবিতা?
একজন কবিও উপস্থিত এই জুয়ার আসরে। তিনি স্থির হয়ে বসে আছেন। টেবিলে উপস্থিত অন্য প্রতিদ্বন্দ্বীরাও নিশ্চল হয়ে তাকিয়ে আছে। সময় ফুরিয়ে আসছে, সময় কেবলই ফুরিয়ে যায়। কবির সর্বস্ব বাজি যেন টেবিলে রাখা তিনটি কবিতার বই। তার চোখে লেগে আছে হেমন্তের গভীর বিষাদ, ভাঙন, চিবুকে অচেনা ছায়া, নদীর প্রবাহপলি অথবা জন্মের বীজ।
মাকড়সা জাল বুনে চলেছে অবিরত। বইগুলো আলোর ভিতরে ছড়িয়ে থাকা ম্লান ছায়ার প্রসারণের নিচে উজ্জ্বল হয়ে পুড়ছে। শীত নেমে আসছে ধীরে। কবি উঠে দাঁড়ালেন। এবার অন্য এক নির্বাসনের জাল বুনতে শুরু করবে মাকড়সা। ‘রাজা যায় রাজা আসে’, ‘যে তুমি হরণ করো’, ‘পৃথক পালঙ্ক’Ñ মাত্র তিনটি জ্বলজ্বলে কাব্যগ্রন্থ। এবার হয়তো পর্দা নামবে শেষ দৃশ্যে। কবির ফুসফুস আর পৃথিবীর বাতাস গ্রহণে সক্ষম নয়। তিনি ফিরে যাবেন এবার। ফিরে যাবেন বাংলা কবিতার কুহেলী প্রান্তরের এক নিঃসঙ্গ কবি আবুল হাসান। নিথর মৃত্যু নামক এক প্রত্যাবর্তনের জুয়াখেলার মধ্যে বসে তিনি টের পাচ্ছেন তার ভিতরে এক লক্ষ জিরাফ, হলুদ সাপ, সিংহের সবুজ দল সমস্ত জীবন ভেঙে ঢুকে যাচ্ছে। আর তার বদলে যে কবিতাগুলো বইয়ের ভিতরে ফুটে উঠছে তা অন্য এক জীবনের চিহ্ন।
ফিওদর দস্তয়ভস্কি তার ‘জুয়াড়ি’ উপন্যাসে শেষ অধ্যায়ে প্রধান চরিত্র আলেক্সেই ইভানোভিচের সংলাপে লিখেছেন, ‘আজ আমি কী? কিছুই না। কিন্তু কাল আমি কী হতে পারি? কাল আমি মৃতদের মধ্যে থেকে জেগে উঠতে পারি এবং নতুন করে জীবন শুরু করতে পারি।’ আবুল হাসান তার কবিতার পাঠকদের বিদায় জানিয়েছেন ১৯৭৫ সালের ২৬ নভেম্বর। তার মৃত্যুর অনেক অনেক বছর পর এক ভোরবেলা ঘুম থেকে উঠে লিখতে বসে ইভানোভিচের সেই সংলাপ মাথার ভিতরে ফিরে আসেÑ কাল আমি মৃতদের মধ্যে থেকে জেগে উঠতে পারি এবং নতুন করে জীবন শুরু করতে পারি... বিস্মিত হয়ে লক্ষ করি আবুল হাসানের কবিতার সামগ্রিক বিবেচনায় দস্তয়ভস্কির এই লাইনগুলো কী মারাত্মকভাবে প্রাসঙ্গিক! আবুল হাসানের কবিতা সত্যি সত্যি মৃতদের মধ্যে জেগে উঠে নতুন জীবনযাপন করতে শুরু করেছে এই সময়ে কবিতার পাঠকদের মাঝে। সেই চিহ্ন তার কবিতা এবং জীবন নিয়ে প্রায় নিয়মিত লেখালেখি থেকে স্পষ্ট।
একজন কবি মৃত্যুর পর আবার জন্মগ্রহণ করেন। তার কবিতার আলোচনা-সমালোচনার পাকদণ্ডি ফুরিয়ে গেলে জেগে ওঠে তার রেখে যাওয়া শব্দগুচ্ছ। এই লিখিত শব্দই তো আসলে লেখকের প্রথম ও শেষ পরিচয়। কবির নশ্বর জীবন ফুরিয়ে যাবার পরই শুরু হয় কবিতার আরেকটি নতুন জীবন। তখন কবিতাগুলো হয়ে ওঠে পাঠকের সম্পত্তি। তাদের বোধের কাছে কবিতার অর্থ, শব্দের প্রয়োগ, গূঢ় অর্থ ক্রমে নতুনভাবে উপলব্ধ হতে শুরু করে।
তার মৃত্যুর ৫১ বছর পেরিয়ে আজও দেখতে পাচ্ছি বাংলাবাজারের ক্যাফে কর্নারে সকালবেলার রোদ এসে পড়েছে কয়েকটিমাত্র চেয়ার-টেবিলের ওপর। একপাশে আলতো ভঙ্গিতে বসে কবিতা লেখায় মগ্ন আবুল হাসান। তার রুগ্ণ মুখে খেলে যাচ্ছে নতুন কবিতার আলো। গুলিস্তানে ‘রেক্স’ রেস্তোরাঁ আবার ফিরে এসেছে। সেখানে বৃষ্টিতে আচ্ছন্ন কোনো সান্ধ্যকালীন আড্ডায় অথবা প্রেস ক্লাবের পশ্চিম দিকে চামেলী হাউসের নির্জনতায় অথবা রাত্রিবেলা উদাস হয়ে থাকা কোনো লঞ্চঘাটে বসে তিনি উচ্চারণ করছেন এক ধরনের আচ্ছন্ন মৌনতায়Ñ
সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে, উজ্জ্বলতা ধরে আর্দ্র
মায়াবী করুণ
এটা সেই পাথরের নাম নাকি? এটা তাই?
এটা কি পাথর নাকি কোনো নদী? উপগ্রহ? কোনো রাজা?
পৃথিবীর তিনভাগ জলের সমান কারো কান্না ভেজা চোখ?
প্রথম কাব্যগ্রন্থ ‘রাজা যায় রাজা আসে’-এর প্রথম কবিতা ‘আবুল হাসানে’র শুরুতেই এরকম পঙ্ক্তি পাঠকদের জানিয়ে দেয় বাংলা কবিতায় আরেকজন কবির পথ আলাদাভাবে নিজেকে চিহ্নিত করতে চাইছে। কিন্তু তখনও আমরা জানি না, তিন বছর পরেই অর্থাৎ ১৯৭৫ সালে আবুল হাসানের শেষ কাব্যগ্রন্থ প্রকাশিত হবে, যার নাম তিনি রাখবেন ‘পৃথক পালঙ্ক’। এই বইটি যেন সত্যি সত্যি কবির পৃথক শয়ান। ‘বেদনার বংশধর’ কবিতায় নির্মম হাতে তিনি নিজেকে প্রকাশ করেনÑ
বেলা যায় : কত হাত পড়ন্ত সূর্যে তবু তুই আজ নামবি কিশোর?
সামান্য শরীর তোর! অত ছায়া লুকোবি কোথায়?
ছায়া চলে যায়, তবু চাস, তবু জেদীপনা?
Ñতবু ছায়া চাই? জলছায়া-ফলছায়া-শয্যাছায়া-স্মৃতিছায়া?
মৃত্তিকানক্ষত্র ছায়া? ছায়া চাইÑ ছায়া চাই মনে ও মাটিতে?
মৃত্যুর খুব কাছে নিজের পৃথক পালঙ্ক পেতে ‘অসুখ’ কবিতায় তিনি অনায়াসে লিখছেনÑ
অসুখ আমার অমৃতের একগুচ্ছ অহংকার!
আত্মার অন্ধকারে লুকিয়ে থাকা ক্ষুধিত জানোয়ারের
রোমশ বলশালী শরীরের দুটি সূর্য সমান রক্তচক্ষু!
যা দেখে ঈশ্বর পর্যন্ত ভয়ে, ভয়াল হিমে শয্যাদায়গ্রস্ত হন!
হা সুখী মানুষ তোমরাই শুধু জানলে না
অসুখ কত ভালো, কত চিরহরিৎ বৃক্ষের মতো শ্যামল
কত পরোপকারী, কত সুন্দর!
দুটি কবিতার মধ্যে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ইংমার বার্গমানের ‘দ্য সেভেন্থ সিল’ সিনেমায় মৃত্যুর সঙ্গে যুদ্ধফেরত নাইটের দাবা খেলার দৃশ্যটি যেন আবার মঞ্চস্থ হতে থাকে। সেই নাইট নিজের জীবন ও অস্তিত্বের অর্থ খুঁজে পাওয়ার জন্য মৃত্যুর কাছ থেকে কিছুটা সময় আদায় করতে দাবা খেলতে বসেছিলেন খোদ মৃত্যুর সঙ্গেই। শর্ত ছিল খেলায় হেরে গেলে মৃত্যু তাকে মুক্তি দেবে জীবন থেকে। আবুল হাসানের কবিতার শেষ পর্বে পৌঁছেও জুয়াড়ির মতো শেষ দানে চোয়াল শক্ত করে মৃত্যুর মুখোমুখি হওয়া জেদের আলোকিত ঘ্রাণ টের পাওয়া যায়।
সহজে বলে দেওয়া সম্ভব, আবুল হাসানের কবিতায় মৃত্যুচিন্তা প্রবলভাবে ছায়া বিস্তার করেছিল। কিন্তু বর্তমান সময়ে এসে উল্টোভাবে বলা যায়, মৃত্যুর, বিচ্ছেদের সম্ভাবনার ভিতরে আলো জ্বেলে নিজের জীবনের অর্থকে সন্ধান করেছিলেন তিনি। মাঝে মাঝে মনে হয় আবুল হাসান হয়তো নিজস্ব বিনাশের শেষ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার পুনরায় সূচনায় পৌঁছাতে চেয়েছিলেন। আর তাই আজ, তার সমসাময়িকদের থেকে, মৃত্যুর দূরত্বে দাঁড়িয়ে থেকে স্পষ্ট দৃষ্টিগোচর হয় তার সেই তারকাজ্বলন।
আবুল হাসানের প্রেমিকা এবং বন্ধু প্রয়াত কবি সুরাইয়া লিখছেন, হাসান আমাকে তিরস্কারের সুরে প্রায়ই বলতেনÑ স্মৃতিচারণ করেন কেন আপনি? আমি সরলরেখার মতো চলি। সামনে যাই। সামনে।
বার্লিন থেকে নিজের হৃদরোগের চিকিৎসা করিয়ে ফেরার সময় আবুল হাসান জানতেন খুব বেশিদিন বাঁচবেন না। কিন্তু তবুও তিনি সামনে যেতে চেয়েছিলেন। সেই যাওয়ার অর্থ কি ভবিষ্যতে ফিরে গিয়ে অতীতকে খুঁজে ফেরা? প্রশ্নটা অদ্ভুত লাগে নিজের কাছেই। চমকে দেয় তার এই প্রত্যাবর্তনের চেতনা। মনোরাজ্যে জটিল বিষাদে আবুল হাসানের ছিল সরল পর্যটন। সম্ভবত তাই ‘অন্তর্গত মানুষ’ কবিতায় এসে লেখেনÑ
আমি যদি বলতে পারতাম
আমি এর কিছু নই!
এই পাথরের চোখ,
পরচুলা
নকল পোশাক,
এসব আমার নয় প্রভু
আমি যদি বলতে পারতাম!
ষাটের দশকের দ্বিতীয় ভাগে বাংলা কবিতার ভূমি যখন বিষয় উপাদান, আঙ্গিক-প্রকরণ ও মৌলিকরীতিতে নতুন করে পল্লবিত হতে শুরু করেছে ঠিক তখনই ঘটে আবুল হাসানের উজ্জ্বল উত্থান। দুটি দশকের রাজনৈতিক অস্থিরতা, একটি দেশের স্বাধীনতা যুদ্ধ, গোটা পৃথিবীতে রাজনৈতিক আলোড়ন তার কবিতার ভিতরেও ক্রমাগত মৃত্যু, বিষণ্নতা এবং বিচ্ছিন্নতার বোধ প্রচণ্ডভাবে ঢেউ তুলেছিল। তৈরি করে নিয়েছিল কবির নিজস্ব কাব্যভাষা।
তার জীবনের আয়ু ছিল মাত্র ২৮ বছর। তার মৃত্যুশয্যা ছিল ঢাকায় তখনকার পিজি হাসপাতালে। যারা উপস্থিত ছিলেন সেই বিষণ্ন ভোরে তার মলিন শয্যাপাশে তাদের স্মৃতিচারণ থেকে জানা যায়, ভীষণ ঠান্ডাপীড়িত ছিল সেই নভেম্বর। দীর্ঘদিনের জ্বর, ক্লান্তি আর উন্মূল জীবনকে বিদায় জানিয়ে অসাড় হয়ে শুয়ে ছিলেন কবি।
১৮৯১ সালের ১০ নভেম্বর একইভাবে রোগে ভুগে হাসপাতালের বিছানায় শুয়ে পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন ফরাসি কবি জাঁ আরতুর র্যাঁবো। তার বয়স হয়েছিল ৩৭। র্যাঁবো তার কবিতায় বারবার বলেছেন, কবিকে হতে হবে দ্রষ্টা, যার বোধি পারবে অনন্তকে ভেদ করতে। কবি আবুল হাসানের কবিতা সেই অনন্তকে ভেদ করার চেতনা থেকেই উৎসরিত হয়েছিল। আজ সেই উৎসরণের ঘরদুয়ার নতুন করে উন্মোচিত হচ্ছে সময় নামক মাকড়সার বোনা জালের ভিতর দিয়ে।