× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেখি প্রিয়মুখ

হোসেন শহীদ মজনু

প্রকাশ : ৪ মিনিট আগে

দেখি প্রিয়মুখ

বিকেলের ম্লান আলোয় বাড়ির সামনের বাগানের সবুজ যখন স্নিগ্ধতা হারাচ্ছিল, ঠিক তখনই কাঁচা রাস্তা থেকে চোখে পড়ল রীতার মুখ। বাগানের ঝিঙেমাচার দিকে পিছন ফিরে সে রাস্তামুখী দাঁড়ানো। আমাদের ১৮ বছরের দাম্পত্য জীবনের ঝাল-মিষ্টি-টক সম্পর্কের একটা গতিশীল চিত্র ভেসে উঠব উঠব করছে মনে; এমন সময় রীতার পাশে আরেকটি মুখ উঁকি দিল কি? দ্বিধান্বিত আমি ঔৎসুক্যে চোখ খাড়া করি! হ্যাঁ; বিপরীতমুখী মুখটি এবার আমার চোখে চোখে। বাগানটি রাস্তা লাগোয়া হলেও আমার থেকে তাদের দূরত্ব গজ বিশেক হবে। আরেহ, এ তো আমার সেই প্রিয়মুখ, তাদের সেই পুরনো বাড়ির বাগানে ঝিঙে তুলছে! বয়স তো সেই আগেরই, ৩০ বছর আগের! এটা কীভাবে সম্ভব? তার চোখের ভাষায় এক পৃথিবীর বিস্ময় যেনÑ কেন আমি তার সামনে। অথবা শান্ত, মায়াজড়ানো কোমল চেহারার পেলবতা চোখজুড়ে ছড়িয়ে!

মুহূর্তেই ফিরে যাই কৈশোরে; তাকে একপলক দেখার জন্য ব্যাকুল আমি দিনে-রাতে, কাজে-অকাজে ওই বাড়ির সামনের রাস্তায় হেঁটে চলেছি! সারা দিনে এক-দুবার দেখা হয়ে যায়; সকালবেলা সেটা হলে দেখিÑ পালাঙ্গায় বাঁধা গরুর গোবর ডালিতে উঠাচ্ছে গভীর মনোযোগে কিংবা পুরো চৌহদ্দি ঝাড়ু দিচ্ছে ধুলা না উড়িয়ে। দুপুরে হলে কোনো কোনো দিন দেখিÑ মাথাভাঙা নদীতে গোসল শেষে ভেজা একগাদা কাপড়চোপড় ডালিতে নিয়ে ফসলি জমির আইল বেয়ে বাড়ি ফিরছে। সন্ধ্যা কিংবা রাতে হলে হারিকেনের আলোয় বই পড়ছে, দূরের রাস্তায় হেঁটে যাওয়া আমি গরমকালের খোলা জানালা গলিয়ে চোখ ফেলি তার মুখে। দূরের চোখের আলোয় তার ঘটে না কোনো ব্যাঘাত। অথচ কী স্পষ্ট সে মুখ; দিনের আলোর চেয়েও পেলব। কোনো দেখাতেই কথা হয় না, তবুও শান্তিÑ তাকে দেখি তো চোখের সামনে। এমন দেখার আরাম কৈশোরের সেই মনে কী যে এক প্রশান্তি এনে দেয়।

এমনও দেখি বিকেলবেলা; সখীদের সঙ্গে (যারা আমার সঙ্গে পড়েছে প্রাইমারিতে, সেও পড়েছে) হেঁটে যাচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে পশ্চিমে। ওদিকের চাইডোবা গ্রামে আত্মীয়-স্বজন আছে তাদের। মুখোমুখি পড়ে গেলে তাদের একজন আয়েশাকে বলিÑ ফেরার পথে আমাদের বাড়ি বেড়িয়ে যাবি। তাকে বলার অর্থÑ শুধু তাকে নয়, ওকেও। তখন আমরা পড়ি ক্লাস এইট-নাইনে, ভিন্ন ভিন্ন স্কুলে। কী সৌভাগ্য যে আসে একদিন; সত্যি সত্যিই ফেরার পথে তারা ওঠে আমাদের বাড়িতে। বিস্কিট-চানাচুর সহযোগে নাশতা করাতে পেরে ধন্য আমার মন! কথা হয়েছিল কি আমাদের দুজনের? না; নেই তেমন কোনো স্মৃতি! সে কি বুঝেছিল আমার মনের কথা? তাও বুঝতে পারিনি বহুকাল। 

এসব ভাবনার ডালপালা কিংবা স্মৃতিতর্পণ চলছে মনের কোণে; তখনও ঠায় দাঁড়িয়ে, ঝিঙে তোলা বন্ধ তার। সময় যেন থেমে গেছে ওর, আর আমি শুধু দৌড়াচ্ছি অতীত হাতড়ে! ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, ক্লাস ফোর, ক্লাস ফাইভÑ সব ক্লাসের বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, চক-ডাস্টার, শিক্ষক চোখের পলকে সামনে আসে। সামনে আসে তার ক্লাসে পড়া বলার সময় মুখ নাড়ানোর চোখজুড়ানো ভঙ্গি, বেনুনি করা চুল কাঁধের দুপাশে ছড়ানোর মোহনদৃশ্য, প্রথম সারির বেঞ্চে মাঝখানে বসা কিংবা বই গুছিয়ে রাখার গোপন কৌশল। সব বন্ধু-বান্ধবীর ভিড়ে আলাদা সে; একটু কম কথা বললেও ক্লাস কিংবা আড্ডায় নিয়ন্ত্রণরেখা তার হাতে। ক্লাস ক্যাপ্টেন না হয়েও ব্যক্তি-আভিজাত্যে নেতৃত্বের সামনে তার অবস্থান। 

‘এই তুমি ওখানে দাঁড়িয়ে কেন?’ রীতার প্রশ্নে তাকাই তার দিকে। ‘না, এমনি। তোমার ঝিঙে তোলা হলো?’ এ কথা বলার সময় খেয়াল করিÑ তার হাতে কোনো ঝিঙে নেই, পাকা বেল! পাশ থেকে হেসে ওঠে প্রিয়মুখ, ‘ঝিঙে তো আমার হাতে।’ বলে সে। এবার পূর্ণ দৃষ্টিতে তাকাই তার দিকে; দেখিÑ ঠোঁটের কোনায় বিশ্বজয়ের হাসি। কী বলব, কী বলবÑ ভাবছি যখন, প্রচণ্ড শব্দে কিছু একটা বেজে ওঠে; শব্দের কারণ অনুসন্ধানে সক্রিয় হয় মন; তার আগেই কানে বাজেÑ ‘এই উঠছ না কেন, ছেলেকে স্কুলে নিতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। কখন থেকে অ্যালার্ম বাজছে।’ গায়ে রীতার ঝাঁকুনি দেওয়া হাতের স্পর্শে উঠি জেগে!

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা