প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৫০ মিনিট আগে
শর্ষে ফুলে
আবুল হোসেন আজাদ
হলুদ শোভার শর্ষে ফুলে
ছাওয়া সারা মাঠ,
ফুলের বুকে মধু নিতে
মৌমাছিদের হাট।
ভোরের বেলায় ফুলের পরে
শিশিরে দেয় চুম,
হিমেল হাওয়ার দোলায় বাজে
ফুলেরা রুম ঝুম।
ফুলের গন্ধে উতল বিভোর
মাঠের যে চারপাশ,
শর্ষে ফুলের ঢেউ বয়ে যায়
যেদিকে না চাস।
হলুদাভ এই মনোরম
চোখ জুড়ানো রূপ,
মন আনন্দে নেচে ওঠে
যায় না থাকা চুপ।
সবুজ ঘাসের হলুদ ফুলের
দৃশ্য চমৎকার,
মন ভোলানো চোখ জুড়ানো
নেই সীমানা যার।
খোকার চিঠি
বাবু হক
মা গিয়েছে তারার দেশে
বড়রা সব বলে
তাদের কথা শুনে খোকার
দুচোখ ভাসে জলে।
সবাই যখন ঘুমিয়ে পড়ে
খোকা চুপটি করে
চিঠি লেখে মায়ের কাছে
অশ্রু চোখে ঝরে।
মাগো, তুমি কেন গেলে
আমায় একা রেখে
থাকতে আমি পারি না যে
তোমাকে না দেখে।
কে আমাকে ঘুম পাড়াবে
কে শোনাবে গান
গল্প বলে কে আর আমার
ভরিয়ে দেবে প্রাণ!
চিঠি যখন পাবে মাগো
না এলেও তুমি
ঘুমে এসে আদর দিও
যেও কপাল চুমি।