ধ্রুব এষ
প্রকাশ : ১৯ মিনিট আগে
ক খ গ ঘ ঙ পাঁচ ভাই। তাদের একটা মাত্র বোন ঞ। তারা এখনও ছানাপোনা, বড় হয়ে বড় কুমির হবে। কুমিরের মতো কুমির যাতে হয় এজন্য হযবরল স্কুলে তাদের ভর্তি করে দেওয়া হয়েছে। হযবরল ইন্টারন্যাশনাল আবাসিক স্কুল। তারা হোস্টেলে থেকে পড়াশোনা করে। হযবরল স্কুলের একমাত্র প্রধান শিক্ষক এবং একমাত্র শ্রেণিশিক্ষক এবং একমাত্র সবকিছু আর কিÑবিসর্গ মাস্টার। ক খ গ ঘ ঙ এবং ঞ-র বাবা ঝ এবং মা ফ বিসর্গ মাস্টারের বিদ্যাশিক্ষার বহর শুনে স্পিকটি নট হয়ে গিয়েছিলেন। বিসর্গ মাস্টার তার স্বজাতির গর্ব। পৃথিবীর একমাত্র শিয়াল হিসাবে দুইবার পিএইচডি করেছে। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছে।
‘নোবেল পুরস্কার!’ ঝ ও ফ একসঙ্গে বলেছেন।
বিসর্গ মাস্টার অবহেলা করে বলেছে, ‘বেল দেয় নাই, কাঁকড়া দিয়েছে। ঝালঝোল করে রেঁধে দিয়েছিল বটে।’
‘পদার্থবিদ্যা নোবেল পুরস্কার দিল!’
‘সমাজসেবায় থাকলে সমাজসেবায় দিত।’
তাও তো কথা। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারপ্রাপ্ত একজন শিক্ষকের তদারকিতে কুমিরের মতো কুমির হয়ে উঠবে তাদের ছানাপোনারা। নিশ্চিত মনে ঝ ও ফ ছানাপোনাদের হোস্টেলে রেখে চলে গেছেন। বিসর্গ মাস্টার সেদিন রাতে ঘুমাতে পারে নাই। সারা রাত হুক্কা হু-য়াহা হুক্কা হু-য়াহা করে হেসেছে। আনন্দে গান বানিয়ে গেয়েছে :
একটা ছানা
দুইটা ছানা
তিনটা ছানা
কুমির ছানা
জবর খানা
হৌ হৌ হুয়া...
পাঁচ ভাই এক বোন ছাড়া আর ছাত্র নাই হযবরল স্কুলে। বিসর্গ মাস্টার ঝ ও ফ-কে বলেছে, বিশেষ এই ব্যবস্থা শুধু তাদের ছানাপোনার জন্য করা হয়েছে। দ্রুত উচ্চশিক্ষা লাভ করে তারা কুমিরের মতো কুমির হয়ে উঠবে।
বিসর্গ মাস্টার অল্পদিনেই স্বরবর্ণ শিখিয়ে দিল ছানাপোনাদের। ব্যঞ্জনবর্ণ পড়াতে ধরল :
ক-এ কুমির
খ-এ খাই
গ-এ গোল্লা
ঘ-এ ঘাই
ক ফিসফিস করে খ-কে বলল, ‘কী বলে রে ভাই? ক-এ কুমির, খ- এ খাই! এ আমাদের খেয়ে ফেলবে নাকি?’
গ ফিসফিস করে বলল, ‘সন্দেহ নাই।’
ঘ ফিসফিস করে বলল, ‘সন্দেহ নাই।’
ঙ ফিসফিস করে বলল, ‘সন্দেহ নাই।’
ঞ ফিসফিস করে বলল, ‘আমি ভয় পাই।’
বিসর্গ মাস্টার বলল, ‘এই! এই! এই! চুপ! চুপ! ব্যঞ্জনবর্ণ শেখা সহজ না বাপু রে! পড়োÑ
ক-এ কাঁচকলা
খ-এ খাট
গ-এ গড়গড়া
ঘ-এ ঘাট
ঙ ফিসফিস করে বলল, ‘কুমির বলে নাই।’
ঘ ফিসফিস করে বলল, ‘আগে বলেছে।’
ক্লাস শেষ হলো, স্কুল ছুটি হলো। ছানাপোনারা হোস্টেলে ফিরে রুদ্ধদ্বার বৈঠকে বসল। তারা সেই গল্পটা জানে। বিসর্গ মাস্টারের মতো আরেক শিয়াল পণ্ডিত ছয়টা কুমিরছানাকে পড়াবে বলে রেখে দিয়ে কাঁচা খেয়ে ফেলেছিল। পাঁচটা ছানা যখন খেয়ে বসে আছে হতভাগা সেই ছানাদের বাবা এসেছিলেন তার আদরের ছানাদের দেখতে। হতচ্ছাড়া শিয়াল পণ্ডিত একটা ছানাই ছয়বার দেখিয়ে বোকা বানিয়েছিল তার ছাত্রদের বাবাকে। সন্তুষ্ট কুমির বাবা বিদায় নিয়ে চলে গেলে সেই ছানাটাকেও খেয়ে বন থেকে পালিয়ে গিয়েছিল সেই শিয়াল পণ্ডিত। রুদ্ধদ্বার বৈঠক দিল পাঁচ ভাই, এক বোন।
গ বলল, ‘বিসর্গ মাস্টার প্রথম ঙ-কে খাবে।’
ঙ বলল, ‘আমার তো মনে হয় খ-কে খাবে।’
খ বলল, ‘আমি কেন? বিসর্গ মাস্টার প্রথম খাবে ক-কে।’
ঞ ফুঁপিয়ে উঠল, ‘আমি জানি আমাকে খাবে।’
ক বলল, ‘এত সহজ? আমরা কি সেই বোকা ছয় কুমিরছানা নাকি? বিসর্গ মাস্টার বোকা বানাবে আমাদের মা-বাবাকে? আমরা সেরকম হতেই দেব না।’
ঞ বলল, ‘তাহলে তো খুবই ভালো। এর জন্য আমরা কী করতে পারি?’ রুদ্ধদ্বার বৈঠক হলেও ক ফিসফিস করে বোঝাল, এ ব্যাপারে তারা কে কী করতে পারে। সেইমতো তারা প্রস্তুতি নিল।
বিসর্গ মাস্টার এদিকে তার কোয়ার্টারে ঘুমিয়ে আছে। স্বপ্ন দেখছে। ঝ আর ফ এসেছেন তাদের ছানাপোনাদের দেখতে, বিসর্গ মাস্টার শুধু বারবার ঙ-কে দেখাচ্ছে। এই তোমাদের গ, এই তোমাদের খ, এরকম করছে। এত আনন্দের মধ্যে চেঁচায় কারা রে? ঘুম টুটে গেল বিসর্গ মাস্টারের। মনে হলো চেঁচামেচি হচ্ছে হোস্টেলে।
কী হয়েছে?
বিসর্গ মাস্টার উঠে হোস্টেলে ছুটল, ‘ওরে, তোদের কী হয়েছে রে?’
ক বলল, ‘খ।’
বিসর্গ মাস্টার বলল, ‘খ? খ কী? কী হয়েছে সেটা তো বল।’
গ বলল, ‘কুয়োয়।’
ঘ বলল, ‘পড়ে।’
ঙ বলল, ‘গেছে।’
খ কুয়োয় পড়ে গেছে! কী সর্বনাশ! একটা কমে গেল!
কুয়োটাতে অবশ্য পানি নাই। পরিত্যক্ত কুয়ো। গাছের পাতা, পাখির পালক, এটা সেটা নিচে জমে আছে। পড়ে গিয়ে খ-র হয়তো তেমন কিছুই হয় নাই। বিসর্গ মাস্টার বলল, ‘আয় তো দেখি! আয় তো দেখি!’
হোস্টেলের পেছনে কুয়োয় উঁকি দিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখল না বিসর্গ মাস্টার। ডাক দিল, ‘খ।’
কুয়োর নিচ থেকে প্রতিধ্বনি উঠল, ‘খ খ খ খ খ খ...!’
খ এর মধ্যে ভাইবোনের সঙ্গে জুটেছে। ছয় ভাইবোন একসঙ্গে হেঁইয়ো বলে উঠে একসঙ্গে ধাক্কা দিল বিসর্গ মাস্টারকে। বিসর্গ মাস্টার কিছু না বুঝে তৎক্ষণাৎ কুয়োতে ঝপাং। সহৃদয় কোনো জানোয়ার হয়তো পরে উদ্ধার করবে বিসর্গ মাস্টারকে। সহৃদয় কোনো মানুষও হতে পারে। তাতে কার কী? ক-এর কী? খ-এর কী? গ-এর কী? ঘ-এর কী? ঙ-এর কী? ঞ-এর কী? কিছুই না। তারা কি তখন আর এই তল্লাটে থাকবে? তারা চলে যাবে তাদের তল্লাটে। বাবা ঝ, মা ফ-এর সঙ্গে থাকবে। বোকা শিয়াল বিসর্গ মাস্টার। কুমিরছানাদের খাবে বলে কিনা স্কুল খুলে বসেছিল। আগের যুগ মনে করেছিল হয়তো, সেই যে যুগে এক শিয়াল পণ্ডিত ছয়টা কুমিরছানা খেয়ে ফেলেছিল। ওরে বোকা, এরা এ যুগের পোলাপান!