ফারুক নওয়াজ
প্রকাশ : ৪৬ মিনিট আগে
রাইদাহ গালিবা। অপার প্রতিভা নিয়ে জন্মেছিল যে আলোকোজ্জ্বল মেয়েটা। মা-বাবা, স্বজনেরা ডাকত তাকে কুইন বলে। সত্যিকারের কুইনই ছিল মেয়েটি। সে ছিল কথার রানী। না, খুব কম কথা বলত সে, তার মনের রঙিন কথারা ডানা মেলত অপরূপ রূপকথার পাখি হয়ে। কুইন গল্প লিখত। বয়স যখন মাত্র ছয়Ñ তখন থেকেই তার লেখালেখির শুরু। গোটা গোটা অক্ষরে তার সবুজ মলাটের খাতায় চুপি চুপি মনের মাধুরী মিশিয়ে লিখে যেত রঙবেরঙের কথামালা। মাত্র সাত বছর বয়সে তার প্রথম গল্প ছাপা হলো ছোটদের একটি পত্রিকায়।
এরপর তার আরও কয়েকটি গল্প ছাপা হলো বাংলা একাডেমির ‘ধানশালিকের দেশ’ আর শিশু একাডেমির মাসিক ‘শিশু’ পত্রিকায়। সেই সঙ্গে বাংলা একাডেমির একুশের বইমেলায়। পরপর তিন বছর তিন বইমেলায় তিনটি বই বের হওয়ার পর, পরের বছরে আরও একটা বই ছাপার কাজ চলছিল। কুইন বেশ খুশি ছিলÑ তার চতুর্থ বইটি আরও সুন্দর হবে ভেবে। সেটা নভেম্বর মাসের শেষ সপ্তাহের কথা। তার দু মাস পরই অমর একুশে বইমেলা শুরু হবে, তখন স্টলে বসে সে তার নতুন বইটি ছুঁয়ে দেখবে। বইয়ের ভেতরের গল্পের সঙ্গে শিল্পীর আঁকা রঙিন ছবির মিল খুঁজবে পৃষ্ঠা উল্টেপাল্টে। এমন ভাবনায় সে দিন গুনছিল।
কিন্তু তার কচিমনের রঙিন ভাবনায় আকস্মিকভাবে হানা দিল নিয়তি। বারো বছরের ছোট্ট লেখক রাইদাহ গালিবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গা জ্বরে পুড়ে যাচ্ছে যেন। মা কথাসাহিত্যিক-কবি কানিজ পারিজাত আর দেরি করেননি। সঙ্গে সঙ্গে নিয়ে যান রাজধানীর নামকরা বেসরকারি হাসপাতালে। তার দুদিন পরই আমাদের প্রিয় কুইনÑ দেশের কনিষ্ঠতম শিশুসাহিত্যিক রাইদাহ গালিবা তার স্বপ্নের পৃথিবী ছেড়ে অচিনলোকে পাখি হয়ে উড়ে গেল। পরিবারের অভিযোগÑ চিকিৎসকদের অবহেলা এবং ভুল চিকিৎসার কারণেই রাইদাহকে বাঁচানো যায়নি।
রাইদাহ গালিবা ছিল ভিকারুননিসা নূন স্কুলের পঞ্চম শ্রেণির সেরা ছাত্রী। অসাধারণ প্রতিভা নিয়ে জন্মেছিল মেয়েটি। কিন্তু বারো বছরের ছোট্ট জীবন তার পাপড়ি ছড়িয়ে ফোটার আগেই ঝরে গেল পলকা বাতাসে। দিনটি ছিল ১ ডিসেম্বর ২০২২।
অমর একুশে বইমেলা ২০২৩-এ বইবাংলো প্রকাশন তার না দেখে যাওয়া ‘ভয়ংকর বটগাছ’ নামের চাররঙা গল্পের বইটি স্টলে সাজিয়ে রেখেছিল। মেলায় আসা শিশুরা তার সুন্দর বইটি হাতে নিয়ে দেখেছে, কেউ কেউ কিনে নিয়ে বাড়ি ফিরেছে; কিন্তু বইয়ের ছোট্ট সুন্দর লেখকটিই মেলায় আর আসেনি।
ওই ছোট্ট জীবনে তার প্রকাশ পেয়েছিল পাঁচটি বই। আর লিখে গেছে সাতটি অপূর্ব গল্প। বইগুলো হলোÑ পিটুর জাদু জুতা, এক যে ছিল মুচি, ইমা ও দৈত্য এবং ভয়ংকর গাছ, ইমা ও দৈত্য এবং ভয়ংকর বটগাছ, তার শেষ বই বাঘ ও দৈত্য। তার প্রতিটি গল্প ছিল শিক্ষণীয় এবং নীতিমূলক। তার ভাবনার জগৎটি ছিল নতুন, রঙিন এবং স্বপ্নময়। ছোট্ট গালিবার প্রতিটি গল্পে ফুটে উঠত মানবিকতা, সৌহার্দ্য, সৎ-ভাবনার অনুষঙ্গ এবং অন্ধকার থেকে আলোয় ফেরার প্রয়াস।
সোনারবাংলা সাহিত্য পরিষদ রাইদাহ গালিবাকে শিশুসাহিত্যে এসবিএসপি পুরস্কার ২০২৩ (মরণোত্তর)-এ ভূষিত করেছে।
গালিবার জন্ম ৮ মার্চ, ২০১১। তার হারিয়ে যাওয়াটাও চার বছর হতে চলল। তাকে আমরা ভুলতে পারি না। বিশেষ করে তার জন্মদিন, একুশের বইমেলা আর হারানোর দিনটি এলেই তার কথা খুব মনে পড়ে। সর্বকনিষ্ঠ লেখক হিসেবে দেশের শিশুসাহিত্যের অঙ্গনে রাইদাহ গালিবার কচিমনের সবুজ সৃষ্টিগুচ্ছ জ্যোতির মতো দ্যুতি ছড়াবে অনুষ্ঠানে, উপলক্ষে, প্রাসঙ্গিক আলোচনায়, স্মৃতিচারণে বর্তমান এবং আগামীতেও।