প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মিনিট আগে
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ওয়েলনেস ও সুস্থ দীর্ঘায়ু (হেলদি লংজিভিটি) খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ এবং বাংলাদেশের রেজুভা ওয়েলনেস।
আজ বুধবার রাজধানীর আদাবরে রেজুভা ওয়েলনেসের শাখায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ যৌথ লক্ষ্যের কথা জানানো হয়। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিতে ‘জেনেসেন কর্নার’-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংককে ইতিপূর্বে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে এ সহযোগিতামূলক উদ্যোগ গড়ে উঠেছে। এর লক্ষ্য থাই বিশেষজ্ঞদের অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের স্থানীয় চাহিদা ও পেশাগত দক্ষতার সমন্বয় ঘটানো। এ উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে স্বাস্থ্যশিক্ষা, পেশাগত জ্ঞান বিনিময় এবং দায়িত্বশীল স্বাস্থ্যচর্চার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা ছিলেন জেনেসেন গ্রুপের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ওহম সুধচুমফে। তিনি প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা ও ব্যক্তিভিত্তিক স্বাস্থ্য পরিকল্পনায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ছাড়া জেনেসেন গ্রুপের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক ডা. এ. কে. এম. শাহরিয়ার ধাপে ধাপে প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে তোলার রূপরেখা ব্যাখ্যা করেন।
রেজুভা ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ডা. তৌহিদা রহমান ইরিন নারী, পরিবার ও সমাজের জন্য সহজবোধ্য স্বাস্থ্যশিক্ষার গুরুত্ব তুলে ধরেন। আর স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যচর্চায় অভিন্ন মানদণ্ড নিশ্চিত করতে এই অংশীদারত্বের ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. বি. এ. সাদিক।
উভয় প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের ভবিষ্যৎ কার্যক্রম ধাপে ধাপে পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে। কোনো ধরনের চিকিৎসাসেবা চালুর আগে পেশাগত পর্যালোচনা এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি ও প্রাতিষ্ঠানিক অনুমোদন নিশ্চিত করা হবে।