ওল্ড কালেকশন
কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম হারুয়ায়ের কসাইখানা এলাকার এক ছোট্ট দোকানে শৌখিন সংগ্রাহক শরীফুল ইসলাম গড়ে তুলেছেন তার স্বপ্নের ব্যক্তিগত সংগ্রহশালা ‘ওল্ড কালেকশন’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একসময় যে পুরনো পত্রিকার পাতা বিড়ি তৈরির কাজে ব্যবহার হতো, সেসব ধূলিমলিন পত্রিকাই আজ সংরক্ষিত হচ্ছে মূল্যবান ইতিহাস হিসেবে। কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম হারুয়ায়ের কসাইখানা এলাকার এক ছোট্ট দোকানে শৌখিন সংগ্রাহক শরীফুল ইসলাম গড়ে তুলেছেন তার স্বপ্নের ব্যক্তিগত সংগ্রহশালা ‘ওল্ড কালেকশন’। ’৪৭-এর সমাধান আর ’৭১-এর অবদানকে ধারণ করে গড়ে ওঠা এই ক্ষুদ্র পরিসরের সংগ্রহশালাটিতে স্থান পেয়েছে ১৯৭১ সালের সংবাদপত্র, শতাব্দীপ্রাচীন বই, হাতে লেখা পুথি, পুরনো মুদ্রা, ডাকটিকিট, রেলের টিকিট, কলের গান, রেডিও, সাদাকালো টেলিভিশন ও হ্যাজাক লাইটসহ নানা দুর্লভ ঐতিহাসিক স্মারক।
৩৮ বছর বয়সী শরীফুল ইসলাম নওগাঁর রাণীনগর থেকে এসে গত ১২ বছর ধরে কিশোরগঞ্জে বাস করছেন। পেশায় কাগজ কেনাবেচার ছোট ব্যবসায়ী হলেও ইতিহাস সংগ্রাহক হিসেবেই তার মূল পরিচয়। বাবার ব্রিটিশ আমলের পুরনো জিনিসপত্র যত্ন করে রাখার অভ্যাস থেকেই মূলত শরীফের মনে সংগ্রহের অনুপ্রেরণা জাগে। সংগ্রাহক হিসেবে তার যাত্রা শুরু ২০১৫ সালের দিকে। তখন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কয়েকটি দোকানে পুরনো নিউজপ্রিন্টের পত্রিকা ও ম্যাগাজিন অন্য কাগজের তুলনায় বেশি দামে বিক্রি হতে দেখেন তিনি। খোঁজ নিয়ে জানতে পারেন, ৪০ থেকে ৫০ বছর আগের এসব পত্রিকা কেটে টুকরো করে বিড়ি তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। যেসব পত্রিকার পাতায় দেশের রাজনৈতিক পরিবর্তন, সামাজিক ঘটনা, মুক্তিযুদ্ধ কিংবা মানুষের জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তের সংবাদ রয়েছে, সেগুলো এভাবে হারিয়ে যেতে দেখে ভাবনায় পড়েন শরীফ। সেই ভাবনা থেকেই পুরনো বই ও পত্রিকা সংগ্রহ শুরু করেন।
বর্তমানে শরীফের সংগ্রহশালায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার পুরনো বই-পুস্তক রয়েছে। এর অন্যতম প্রধান আকর্ষণ প্রায় ৫০০ বছরের প্রাচীন সংস্কৃত ভাষায় হাতে লেখা তুলট কাগজের পুথি। এ ছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বোধোদয়’, শতাব্দীপ্রাচীন ‘আমার সাথী’, পাঁচ আনা মূল্যের ‘মুক্তাহার’ এবং ১৩৫৫ বঙ্গাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘জয়গান’ তার সংগ্রহকে সমৃদ্ধ করেছে। মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন পত্রিকা, ১৯৭১ সালের ১৭ ডিসেম্বরের ‘দৈনিক বাংলাদেশ’-এর সংখ্যা এবং ১৯৭০ সালের গোয়েন্দা উপন্যাস ‘দুষ্টগ্রহ’-এর মতো দুর্লভ প্রকাশনাও এখানে স্থান পেয়েছে। সংগ্রহে থাকা অতিরিক্ত কপি বিক্রি করে তিনি সংগ্রহের খরচ জোগালেও দুর্লভ একক বস্তুটি হাতছাড়া করেন না। বইপত্রের পাশাপাশি এখানে রয়েছে অতীতের দৈনন্দিন প্রযুক্তির স্মারক কলের গান, টেপ রেকর্ডার ও প্রাচীন ট্রাংক, যা দেখে দর্শনার্থীরা অতীতে ফিরে যান।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, শুরুতে শরীফের কাগজের গুদামকে তারা সাধারণ ব্যবসাপ্রতিষ্ঠান মনে করতেন। পরে দেখতে পান, শরীফ পুরনো কাগজের মধ্য থেকে ঐতিহাসিক দলিল ও গুরুত্বপূর্ণ পত্রিকা আলাদা করে সংরক্ষণ করছেন, যা দেশের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আইটি এক্সপার্ট আশরাফ আলী সোহান বলেন, ইতিহাস জানার আগ্রহ থেকে অনলাইনে কিংবা পত্রপত্রিকায় বিভিন্ন তথ্য খুঁজতেন তিনি। কিন্তু শরীফের সংগ্রহশালায় এসে একসঙ্গে এত পুরনো পত্রিকা ও ঐতিহাসিক তথ্য দেখে অবাক হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, মোবাইল ও অনলাইনের যুগে ইতিহাস সংরক্ষণে শরীফের এই একক চেষ্টা অত্যন্ত প্রশংসনীয় এবং তা সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়ার দাবিদার। এদিকে অপ্রয়োজনীয় মনে করে বিক্রি করে দেওয়া পুরনো পত্রিকা ও দলিল যেন কাগজের মিলে নষ্ট না হয়, সেজন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিটি জেলায় জেলাভিত্তিক ঐতিহাসিক সংগ্রহশালা গড়ার আবেদন জানিয়েছেন শরীফুল।