রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা)
প্রকাশ : ১৮ মিনিট আগে
কৃষক আনসারুল হকের বায়োগ্যাস প্লান্টে বদলে গেছে জীবন
একটি বায়োগ্যাস প্লান্ট যে কৃষক আনসারুল হকের জীবনযাত্রার বদলে দেবে সেটা তিনি কখনও ভাবেননি। বছরের পর বছর ধরে গরুর খামার ও মাঠে ধান এবং সবজি চাষ করে আসছেন তিনি। ওই আয়ে চলে তার সংসার ও দুই সন্তানের পড়াশোনা। ঘরের রান্নাবান্নার জন্য প্রতিমাসে গুনতে হতো ২-৩ হাজার টাকা। তার ফসলের ক্ষেতে দিতে হতো হাজার হাজার টাকার সার। ফলে বেড়ে যেত ফসলের উৎপাদন খরচও। এখন সেই খরচ গুনতে হয় না তার। একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে বিনা খরচে ঘরের দৈনিক রান্নাবান্না যেমন করছেন তেমনি ওই প্লান্টের গোবর দিয়ে তৈরি হয় জৈবসার। তার এমন কাজ দেখে প্রতিদিনই তার বাড়িতে ছুটে এসে দেখতে ভিড় করছেন কৃষকসহ স্থানীয়রা।
গবাদিপশুর বর্জ্য ব্যবহার করে বায়োগ্যাস প্লান্ট ও ফসলের জন্য জৈবসার উৎপাদন করে এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়ামুল্লা গ্রামের আনসারুল হক।
গবাদিপশুর বর্জ্য দিয়ে গ্যাস ও জৈবসার উৎপাদন
সরেজমিন গিয়ে দেখা গেছে, কৃষক আনসারুল হক তার বাড়ির বসতঘরের পাশেই করেছেন একটি গরুর খামার। সেখানে রয়েছে ৭টি দেশীয় গরু। আর গরুর খামারের পাশেই তিনি গড়ে তুলেছেন একটি বায়োগ্যাসের প্লান্ট। ওই প্লান্ট থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস গেছে তার বসতঘরের রান্নাঘরে। ব্যবহার হচ্ছে জ্বালানি হিসেবে। এ ছাড়াও তার প্লান্টের গোবর ড্রেন লাইনের মাধ্যমে চলে যাচ্ছে সরাসরি তার ফসলের ক্ষেতে। সেখানে ব্যবহার হচ্ছে জৈবসার হিসেবে।
সরেজমিন দেখা গেছে, কৃষক আনসারুল হক তার খামার থেকে গোবর পরিষ্কার করে এনে দিচ্ছেন বায়োগ্যাস প্লান্টে। প্রতিদিন সকাল, দুপুর ও বিকালে তিনি প্লান্টে গোবর ঢালেন। নিজের খামারে প্রতিদিন তিনি নিজেই কাজ করেন। মাঝেমধ্যে তার কাজে সহযোগিতা করেন তার স্ত্রী ফেরদৌস বেগমও।
কৃষক আনসারুল হক জানান, তার বসতঘরের পাশে একটি খামার গড়ে তোলেন। বর্তমানে তার খামারে ৭টি গরু রয়েছে। তিনি গরু পালন ও ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেন দীর্ঘদিন ধরে। প্রতিদিন গরুর দুধ বিক্রি করেন এবং প্রতিবছর কোরবানির সময় গরু বিক্রি করেন। এ ছাড়াও সারা বছর বছরের ধান ও বিভিন্ন ধরনের সবজি চাষ করেন তিনি। তার খামারের গরুর গোবর বা বর্জ্য প্রতিদিনই আগে পরিষ্কার করে ফেলে দিতেন। গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করা যায় সেটা জানতেন না তিনি। এ ব্যাপারে কোনো জ্ঞানও ছিল না তার কোনো দিন, যা কারণে বছরের পর বছর ধরে ঘরের রান্নাবান্নার জন্য গ্যাসের সিলিন্ডার ও মাটির চুলার জন্য লাকড়ি কিনতে হতো। এতে প্রতিমাসে তার ২-৩ হাজার টাকা গুনতে হতো। এ ছাড়াও তার জমিতে ভালো ফসলের জন্য হাজার হাজার টাকার সার কিনতে হতো। তাও আশানুরূপ ফসল আসত না। ফলে উৎপাদন খরচও বেড়ে যেত তার।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সংসারের রান্নাবান্না ও মাঠের ফসল উৎপাদন খরচ কমাতে চিন্তা করেন তিনি। পরে স্থানীয় একজনের কাছে তিনি জানতে পারেন গরুর গোবর দিয়ে বায়োগ্যাস ও জৈবসার ব্যবহারের কথা। পরে তিনি তার পরামর্শে ছুটে যান যুব উন্নয়ন অধিদপ্তর অফিসে। সেখানে তিনি এ বছর শুরুর দিকে ৭ দিনের প্রশিক্ষণ দেন। সেখানে জানতে পারেন গোবর থেকে কীভাবে বায়োগ্যাস উৎপাদন করা যায় এবং উচ্ছিষ্ট থেকে জৈবসারের বিষয়টি। প্রশিক্ষণ শেষে ঋণ নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি বাড়ির আঙিনায় গড়ে তোলেন বায়োগ্যাসের প্লান্ট এবং প্লান্টের হাউস থেকে বাড়তি গোবর পাইপের মাধ্যমে ড্রেনে আসে। আর ড্রেনের মাধ্যমে চলে যায় সরাসরি আবাদি জমিতে।
তিনি আরও জানান, এতে তার পরিবারের রান্নাবান্নার জন্য গ্যাসের সিলিন্ডার ও লাকড়ি কিনতে হয় না এখন। এতে প্রতি মাসে ২-৩ হাজার টাকা বেঁচে গেছে তার। এ ছাড়াও গোবর জমিতে জৈবসার হিসেবে ব্যবহার হয়। এতে ফলন ভালো হয়। আমার রাসায়নিক সার কিনতে হয় না। ফলে সেই টাকাও বেঁচে যায়। এতে কয়েক হাজার টাকা তার বেঁচে যাচ্ছে। এখন তার ফসল উৎপাদনের খরচও কমে গেছে। এখন আর রান্নাবান্না খরচ ও ফসলের মাঠে সারের খরচ নেই। বায়োগ্যাস প্লান্ট তার পরিবারের জ্বালানি চাহিদার পাশাপাশি কৃষি কাজে ব্যাপক পরিবর্তন এনেছে। জীবনযাত্রা পরিবর্তনও করেছে। এতে ব্যাপক খুশি তিনি।
তার স্ত্রী ফেরদৌস বেগম জানান, আগে মাটির চুলার ধোঁয়ায় চোখ জ্বলত, কাশি হতো। বাজার থেকে দুই হাজার টাকা দিয়ে একটা গ্যাস সিলিন্ডার কিনতে কষ্ট হয়ে যেত। এখন গ্যাসের চুলায় বোতাম চাপলেই রান্না হয়। ঘরও পরিষ্কার থাকে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইমাম হোসেন জানান, যুবদের আত্মকর্মী করতে বায়োগ্যাসসহ ৫টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগ্রহী যুবকদের যুব ঋণ দিয়ে প্লান্ট স্থাপনে সহায়তা করা হবে। আমরা চাই গ্রামের সবাই আনসারুল হকের মতো এগিয়ে আসুক।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ডা. মো. সেলিম হোসেন জানান, একটি বায়োগ্যাস প্লান্ট শুধু জ্বালানি দেয় না, এটি বছরে ৪-৫ টন উন্নত জৈবসার দেয়। এটি রাসায়নিক সারের ব্যবহার কমায় এবং মাটির স্বাস্থ্য ভালো রাখে। পরিবেশ দূষণমুক্ত রাখে। আনসারুল হকের মতো যুবকরা এগিয়ে এলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।