ফারিয়া লাফি
প্রকাশ : ১৫ মিনিট আগে
হিম হিম ঠান্ডায় পালংশাক
শীতের ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে এরই মধ্যে। এই সময় বাজারে তাজা পালংশাক পাওয়া যায়, যাতে আছে নানা ধরনের পুষ্টি উপাদান। আজকের হেঁশেলে রইল পালংশাক দিয়ে তৈরি কয়েকটি রেসিপি
ডাল চচ্চড়ি
যা যা লাগবে
পালংশাক ১ মুঠো, মুসুরির ডাল, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেল ও লবণ।

যেভাবে বানাবেন
শাকগুলো কেটে কুচি করে নিন। এরপর লবণ ও হলুদ দিয়ে মসুরির ডাল সিদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে এলে এতে শাক দিন। শাকগুলো সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। কড়াইতে বাগাড়ের জন্য তেলে পেঁয়াজ, রসুন লালচে করে ভেজে ডালে দিয়ে দিন।
পালং চিংড়ি
যা যা লাগবে
পালংশাক ১ মুঠো, আলু ২টি, চিংড়ি ১ কাপ, পেঁয়াজ সামান্য, রসুন পেস্ট ১/২ চামচ, হলুদ গুড়া ১/২ চামচ, মরিচ গুড়া ১/২ চামচ, লবণ পরিমাণমতো।

যেভাবে বানাবেন
শাকগুলো ধুয়ে কেটে নিতে হবে। আলুগুলোও লম্বা ও পাতলা করে কেটে নিন। এরপর তেল গরম করে চিংড়িগুলো ১ মিনিট ভেজে তুলে নিন। সেই তেলেই পেঁয়াজ ভেজে রসুন, হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মসলা ভালো করে কষিয়ে তাতে দিয়ে দিন শাক ও আলু। কিছুক্ষণ পরে শাক থেকে পানি বের হতে শুরু করবে। সেই পানিতেই শাক ও আলু সিদ্ধ করে নিন। এরপর ভেজে নেওয়া চিংড়ি দিয়ে দিন।
পাকোড়া
যা যা লাগবে
খেসারি ডাল আধা ভাঙা বাটা, পালংশাক ১ মুঠো, পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ ও ভাজার জন্য তেল পরিমাণমতো।

যেভাবে বানাবেন
শাকগুলো ধুয়ে কুচি করে কেটে নিন। এরপর বেটে নেওয়া ডাল, শাক, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এবং সামান্য বেসন দিয়ে মাখা মাখা করে নিন। এরপর ডুবো তেলে মচমচে করে ভেজে নিন। পরিবেশন করুন যেকোনো সসের সঙ্গে।