মাহবুবা মিতু
প্রকাশ : ২২ মিনিট আগে
সর্দি, নাক বন্ধ ও ঘাম একসঙ্গে!
আবহাওয়ার পরিবর্তন কিংবা ভাইরাসজনিত সংক্রমণের কারণে অনেক সময় একসঙ্গে ঠান্ডা লাগা, নাক বন্ধ এবং অতিরিক্ত ঘামের মতো সমস্যা দেখা দিতে পারে। কখনও শরীর কাঁপে, আবার কিছুক্ষণ পরই ঘামে ভিজে যায় শরীর। নাক বন্ধ থাকায় স্বাভাবিকভাবে শ্বাস নিতেও অস্বস্তি হয়। সব মিলিয়ে দৈনন্দিন কাজকর্ম ও ঘুম দুটোই ব্যাহত হতে পারে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে এই অস্বস্তি অনেকটাই কমানো সম্ভব।
কেন এমন হয়
সাধারণ সর্দি-কাশি, ফ্লু কিংবা অন্যান্য ভাইরাসজনিত সংক্রমণে শরীরের তাপমাত্রা ওঠানামা করতে পারে। জ্বর আসার সময় শীত শীত লাগা বা কাঁপুনি হতে পারে। আবার জ্বর কমতে শুরু করলে শরীর ঘেমে যেতে পারে। অন্যদিকে নাকের ভেতরের শ্লেষ্মা ঝিল্লি ফুলে যাওয়া এবং অতিরিক্ত শ্লেষ্মা তৈরি হওয়ার কারণে নাক বন্ধ হয়ে আসে। তবে অতিরিক্ত ঘাম সব সময় সাধারণ ঠান্ডার লক্ষণ নয়। জ্বর, পানিশূন্যতা কিংবা অন্য কোনো শারীরিক সমস্যার কারণেও এমন হতে পারে। এ ছাড়া এই মিশ্র উপসর্গ শরীরের ভেতরে চলমান কোনো সংক্রমণ বা রোগ প্রতিরোধ ব্যবস্থার সক্রিয় হয়ে ওঠার ইঙ্গিত দিতে পারে। ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এ সময় শরীরের তাপমাত্রা বেড়ে গেলে শীত শীত ভাব বা কাঁপুনি দেখা দেয়। আবার জ্বর কমার সময় শরীর অতিরিক্ত তাপ বের করে দিতে ঘামতে শুরু করে। এজন্যই শরীর গরম হওয়ার সঙ্গে সঙ্গেই প্যারাসিটামল নেয়া অনুচিত।
অস্বস্তি কমাতে যা করবেন
পর্যাপ্ত পানি পান করা : ঘামের কারণে শরীর থেকে পানি বেরিয়ে যায়। তাই পর্যাপ্ত পানি পান করুন। পাশাপাশি কুসুম গরম পানি, স্যুপ কিংবা অন্যান্য তরল খাবার খেতে পারেন। এতে শরীর আর্দ্র থাকবে এবং গলার অস্বস্তিও কিছুটা কমবে।
স্টিম বা ভাপ নেওয়া : এক গামলা গরম পানির ওপর তোয়ালে দিয়ে মাথা ঢেকে হালকা ভাপ নিলে বন্ধ নাক দ্রুত খুলে যায় এবং শ্বাস-প্রশ্বাস সহজ হয়। চাইলে পানিতে সামান্য পুদিনা পাতা বা ইউক্যালিপটাস তেলও দিতে পারেন।
নাক পরিষ্কার রাখুন : নাক বন্ধ থাকলে স্যালাইন ন্যাসাল স্প্রে বা ড্রপ ব্যবহার করতে পারেন। এটি নাকের ভেতরের শ্লেষ্মা নরম করতে সাহায্য করে।
বিশ্রাম নেওয়া : অসুস্থ অবস্থায় শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া জরুরি। ঘুমের সময় মাথার নিচে একটু উঁচু বালিশ ব্যবহার করলে নাক বন্ধের অস্বস্তি কিছুটা কমতে পারে।
পোশাক ও ঘরের পরিবেশে সতর্কতা : ঠান্ডা লাগছে বলে অতিরিক্ত ভারী পোশাক বা কম্বল ব্যবহার করবেন না। আরামদায়ক, হালকা পোশাক পরুন এবং ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। ঘামে ভিজে গেলে পোশাক পরিবর্তন করুন।
জ্বরের খেয়াল রাখুন : থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপুন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল গ্রহণ করতে পারেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না।
কখন যাবেন চিকিৎসকের কাছে
শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অস্বাভাবিক দুর্বলতা, বিভ্রান্তি বা পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন। জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে, উপসর্গ বাড়তে থাকলে কিংবা কয়েক দিনেও উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।