× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস উৎসব

দুবলার চরে পুণ্যস্নান আজ

খুলনা অফিস ও কয়রা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

সুন্দরবনের দুবলার চরে আলোরকোলে তিন দিনের রাস উৎসবে সোমবার  পুণ্যার্থীদের ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুন্দরবনের দুবলার চরে আলোরকোলে তিন দিনের রাস উৎসবে সোমবার পুণ্যার্থীদের ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাস উৎসব। শেষ পর্ব পুণ্যস্নান। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূর্ণিমায় সাগরের নোনাজলে পুণ্যস্নানের মাধ্যমে মানবের পাপমুক্তি ঘটে। এ মনোবাসনা ঘিরেই প্রতি বছরের পূর্ণিমা তিথিতে বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে আলোরকোলে তিন দিনব্যাপী আয়োজন হয় এ মহান উৎসবের। বছরের বেশিরভাগ সময় এই চরে শোনা যায় কেবল জোয়ার-ভাটার গর্জন, গাঙচিলের ডাক আর শুঁটকিপল্লীর জেলেদের নীরব ব্যস্ততা, কার্তিক মাসের পূর্ণিমা এলেই সেই অঞ্চল বদলে যায় এক অন্যরকম জনপদে।

স্থানীয় সূত্রে জানা যায়, শত বছর ধরে সুন্দরবনের দুবলার চরে উৎসবটি চলমান আছে। আকাশে বৈরী মেঘ আর উপকূলের বাতাসে ঘূর্ণিঝড় আকভানের রেশ নিয়েই এবারের আয়োজন শুরু হয় গত রবিবার। প্রতিবছরের মতো এবারও এ উৎসব ঘিরে সমাগম ঘটেছিল হাজারো পুণ্যার্থীর। রীতি মেনে গতকাল সোমবার সন্ধ্যায় সম্পন্ন হয় পূজা-অর্চনা পর্ব। আজ মঙ্গলবার সকালে পুণ্যস্নানের মধ্য দিয়ে এবারের আয়োজনের পর্দা নামছে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার রাসলীলা স্মরণে সাগরের নোনাজলে প্রথম জোয়ারে স্নান করলে পাপ মোচন ও মনের কামনা পূর্ণ হয়। সেই পবিত্র বাসনা থেকেই আজ মঙ্গলবার প্রত্যুষে বঙ্গোপসাগরের নোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের আয়োজন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হাজারো ভক্ত সমুদ্রের নোনা জলে দাঁড়িয়ে মনের মলিনতা ধুয়ে মুছে নতুন জীবনের কল্যাণ কামনা করবেন।

প্রকৃতির সুরক্ষায় সতর্কতা

একসময় রাস পূজার পাশাপাশি দুবলার চরে বসত জমজমাট বাণিজ্যিক মেলা। কিন্তু বর্জ্য ও দূষণ কমাতে ২০২১ সাল থেকে মেলা বন্ধ রাখা হয়েছে এবং সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে কেবল নির্ধারিত সংখ্যক পুণ্যার্থীকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এবারের উৎসবে বনের ভেতর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল পণ্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। উৎসব চলাকালে এবং শেষ হওয়ার পর বন বিভাগের কর্মী, স্কাউট সদস্য ও স্বেচ্ছাসেবকরা চরের বালিয়াড়ি ও নদীতীর থেকে প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন।

দুবলার চরের আলোরকোলে অবস্থানরত কয়রা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা কাটিয়ে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্ত চরে এসেছেন। উৎসবের আনন্দের মাঝেও আমাদের সুন্দরবনের কথা ভাবতে হবে।

স্থানীয়দের প্রত্যাশা, আলোরকোলে বিশ্বাসের প্রদীপ যুগের পর যুগ জ্বলুক, ভক্তের ঢল নামুক রাস পূর্ণিমায়। তবে সেই উৎসব যেন হরিণের নির্ভয় বিচরণ, পাখির কলতান আর নোনাজলের স্বাভাবিক ছন্দকে ব্যাহত না করে। প্রকৃতিকে ভালোবেসে ও রক্ষা করেই হোক আমাদের সব উৎসবের উদযাপন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা