প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মিনিট আগে
প্রতীকী ছবি
বিয়ের পর চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের জেরে এক পাত্রীর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বছরে প্রায় ৪২ লাখ টাকা আয় করা এক তরুণ। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্থিক স্বাবলম্বিতা, লৈঙ্গিক ভূমিকা ও জীবনসঙ্গীর প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শীতল রিজওয়ানি নামের এক নারী তার বন্ধুর এই অভিজ্ঞতার কথা শেয়ার করলে বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়। পোস্টে তিনি জানান, ওই তরুণের বার্ষিক আয় প্রায় ৩০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ টাকা)। পাত্রী বিয়ের পর আর চাকরি করতে চান না—এমন কথা জানানোর পরই বিয়ের আলোচনা আর না এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ওই তরুণ।
পোস্টে বলা হয়, ওই তরুণ একজন চাকরিজীবী জীবনসঙ্গী প্রত্যাশা করেন এবং কথা বলার শুরুতেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তবে বর্তমানে একটি চাকরিতে কর্মরত থাকা ওই নারী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। উল্টো তিনি তরুণকে ‘নারীবিদ্বেষী’ ও ‘পশ্চাৎপদ মানসিকতার’ আখ্যা দিয়ে অভিযোগ তোলেন, ওই তরুণ স্ত্রীর পছন্দের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান।
শীতল রিজওয়ানি আরও উল্লেখ করেন, ওই নারী বিষয়টি তার পরিবারকেও জানান। তিনি অভিযোগ করেন, তরুণের মানসিকতা সংকীর্ণ, আচরণে শিষ্টাচারের অভাব রয়েছে এবং নারীদের সঙ্গে কীভাবে কথা বলতে হয় তা-ও তিনি জানেন না। এতে তরুণের পরিবারও ক্ষুব্ধ হয়। তা ছাড়া দুই পরিবারের মধ্যে আগে থেকেই ব্যবসায়িক সম্পর্ক থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
ঘটনাটি উল্লেখ করে পোস্টদাতা শীতল প্রশ্ন তোলেন, “নিজের একটি পছন্দ বা প্রত্যাশা থাকা কি ব্যক্তিগত স্বাধীনতার বিষয় নয়? নারীর পছন্দ বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকলে পুরুষের কেন থাকবে না?”
পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যবহারকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। অনেকেই তরুণের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, পরিবারে দুজনের আয়ের প্রত্যাশা করা বা স্বাবলম্বী জীবনসঙ্গী চাওয়া একেবারেই ব্যক্তিগত পছন্দের ব্যাপার। বিয়ের পর চাকরি করবেন কি করবেন না—তা নির্ধারণের অধিকার যেমন নারীর রয়েছে, তেমনি নিজের ক্যারিয়ার ও জীবনযাত্রার সঙ্গে মানানসই সঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা পুরুষেরও রয়েছে।
অন্যদিকে কেউ কেউ মত দেন, বিয়ের ক্ষেত্রে আগে থেকেই কোনো প্রচলিত সামাজিক ভূমিকা চাপিয়ে দেওয়া ঠিক নয়। ক্যারিয়ার ও সংসার কীভাবে সামলানো হবে, তা নির্ধারণের পূর্ণ স্বাধীনতা উভয়েরই থাকা উচিত।
এক ব্যবহারকারী মন্তব্য করেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রাপ্তবয়স্ক হওয়া এবং শিক্ষা বা দক্ষতা অর্জনের পর নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। পাশাপাশি রান্না ও ঘরদোর পরিষ্কার করাও সবার জানা দরকার। এখানে নারী বা পুরুষ বলে আলাদা কিছু নেই।”
আরেকজন লেখেন, “নারী যদি চাকরি না করার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন, তবে তিনি এমন সঙ্গী বেছে নিতে পারেন যিনি এতে সম্মত আছেন। বিষয়টি খুবই সাধারণ।”
তৃতীয় একজন বলেন, “ওই তরুণ একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে একটি নির্দিষ্ট জীবনযাত্রার মান বজায় রাখতে হলে পরিবারে দ্বৈত আয়ের কোনো বিকল্প নেই।”