প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মিনিট আগে
জাপানের প্রযুক্তিপ্রতিষ্ঠান সনি বাংলাদেশের বাজারে নতুন দুটি ওয়্যারলেস হেডফোন এনেছে। মডেল দুটি হলো ডব্লিউএইচ-সিএইচ৫৩০ ও ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় গ্যাজেট অ্যান্ড গিয়ারের (জি অ্যান্ড জি) বনানী ১১ নম্বর রোড শাখায় যৌথভাবে হেডফোন দুটি উন্মোচন করে সনি ও গ্যাজেট অ্যান্ড গিয়ার।
সনির পণ্য দুটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ কান্ট্রি হেড জশোয়া কোয়েক এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অফ মার্কেটিং তাসরিফ খালেদসহ অন্যরা।
সনির পণ্য দুটির মধ্যে ডব্লিউএইচ-সিএইচ৫৩০ দৈনন্দিন ব্যবহারের জন্য হালকা গড়নের অন-ইয়ার হেডফোন। অন্যদিকে ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলটিতে রয়েছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা এবং ভাঁজ করে রাখার ব্যবস্থা।
প্রায় ১৫০ গ্রাম ওজনের ডব্লিউএইচ-সিএইচ৫৩০ একবার চার্জে ৫৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। এতে কলের সময় স্বচ্ছ শব্দ নিশ্চিত করতে এআই-নির্ভর নয়েজ রিডাকশন প্রযুক্তি রয়েছে। পাশাপাশি ব্লুটুথ মাল্টিপয়েন্ট সুবিধার মাধ্যমে একই সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকা যায়।
ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলটিতে রয়েছে সনির ডুয়াল নয়েজ সেন্সর প্রযুক্তি, যা আশপাশের শব্দ কমাতে সহায়তা করে। এতে অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোডও রয়েছে, যার মাধ্যমে হেডফোন ব্যবহার করেও আশপাশের পরিবেশের শব্দ শোনা যায়। নয়েজ ক্যানসেলেশন চালু রেখে হেডফোনটি একবার চার্জে ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। মাত্র তিন মিনিট চার্জে পাওয়া যাবে এক ঘণ্টা পর্যন্ত ব্যবহারের সুবিধা।
ডব্লিউএইচ-সিএইচ৫৩০ মডেলটি কিনলে ৫০০ টাকা ছাড় অথবা ছয় মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলে থাকছে ২ হাজার টাকা ছাড় অথবা ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা। উভয় মডেলের সঙ্গে রয়েছে ১২ মাসের ওয়ারেন্টি।
প্রসঙ্গত, ২০১১ সালে যাত্রা শুরু করা গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশের প্রযুক্তি ও লাইফস্টাইল পণ্যের অন্যতম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। বাংলাদেশে সনির অডিও পণ্যের অফিশিয়াল রিটেইলার হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। হেডফোন দুটি এখন গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব আউটলেট ও ওয়েবসাইট gadgetandgear.com-এ পাওয়া যাচ্ছে।