প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মিনিট আগে
ছবি: সংগৃহীত
তানভীর মুহাম্মদ ত্বকী কোনো শারীরিক অসুস্থতায় মারা যায়নি, তাকে হত্যা করেছে এই অসুস্থ সমাজ। রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার বদল হলেও রাষ্ট্রের ক্ষমতার কাঠামো ও বিচারহীনতার সংস্কৃতি অপরিবর্তিত রয়েছে। যার কারণে ত্বকীর হত্যাকারীরা এখনো প্রভাবশালী অবস্থানে টিকে আছে।
শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার প্রদান ও আলোচনা অনুষ্ঠানে বিশিষ্টজনেরা এসব কথা বলেন। গত ৫ অক্টোবর ছিল ত্বকীর ৩১তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃষ্টিমুখর বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। অনুষ্ঠানে ত্বকীর মা রওনক রেহানা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জাহিদুল হক দীপু।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও গবেষক মফিদুল হক, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
বক্তারা ত্বকীর স্মৃতি স্মরণ করে দেশে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা, বিচারহীনতার অপসংস্কৃতির অবসান এবং সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানান।
সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি বলেন, গত ১২ বছর ধরে ত্বকীকে কেন্দ্র করে আয়োজিত এই চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে হাজারো শিশু-কিশোরের চিন্তা, স্বপ্ন ও মানবিক বোধের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাদের সৃজনশীলতা একটি সমতাভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়।
তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানুষ শুধু শাসক পরিবর্তন চায়নি, চেয়েছিল রাষ্ট্রের গুণগত পরিবর্তন। কিন্তু বিচারব্যবস্থা এখনো স্বাধীন হয়নি। ক্ষমতার পরিবর্তন ঘটলেও ত্বকী হত্যার তদন্ত ও বিচারপ্রক্রিয়া এক ইঞ্চিও এগোয়নি। এ সময় বিচারহীনতার সংস্কৃতি বন্ধে দেশজুড়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার বদল হলেও ক্ষমতার কাঠামো একই রকম থাকায় ত্বকী হত্যার বিচার হয়নি। যে কারণে সরকার বদলালেও রাষ্ট্রের ক্ষমতাকাঠামো, শ্রেণিস্বার্থ, বিচারব্যবস্থা ও প্রশাসনের চরিত্রে কোনো মৌলিক পরিবর্তন আসেনি। ‘আইন নিজের গতিতে চলে’—এ কথা বাস্তবে সত্য নয়; আইন চলে ক্ষমতার ইশারায়। ত্বকীর হত্যাকারীরা এখনো প্রভাবশালী অবস্থানে টিকে থাকার মূল কারণও এই ক্ষমতাকাঠামো। তবে ত্বকীর পরিবার ও নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘ আপসহীন আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।
মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য, মানবিক অধিকার ও ভালোবাসার এক বাংলাদেশ গড়া। কিন্তু সেই রূপ সন্ধান করতে গিয়ে সমাজ বারবার বিভ্রান্ত হচ্ছে ও দূরে সরে যাচ্ছে।
তিনি বলেন, “রাজনীতি, সংস্কৃতি, সমাজচিন্তা ও মানুষের মননে আজ এক বিরাট ধস নেমেছে। সমাজে বিভাজন ও অবিশ্বাস বাড়ছে।”
তিনি আরও বলেন, ক্ষমতায় যারা আসেন বা ক্ষমতা ধরে রাখতে চান, তারা এমন একটি সমাজ চান না যেখানে সবার সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে। সরকার বা দল বদলালেও রাষ্ট্রের চরিত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলেই ত্বকী হত্যার বিচার আটকে থাকে। মানুষের মর্যাদা ও মানবাধিকার রক্ষার তাগিদ দিয়ে তিনি জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ এবং ‘সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই’—এই মানবিক দর্শনে ফিরে যাওয়ার আহ্বান জানান।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘ত্বকীকে হত্যা করা হয়েছে, কিন্তু ত্বকী মরতে অস্বীকার করেছে।’ ত্বকী হত্যার পর নারায়ণগঞ্জে গড়ে ওঠা সামাজিক প্রতিরোধ বিচারহীনতার বিরুদ্ধে এক বিরল দৃষ্টান্ত। তিনি দেশে বিচারহীনতায় আটকে থাকা ১০টি প্রতীকী মানবাধিকার লঙ্ঘনের মামলা চিহ্নিত করে সেগুলোর বিচার নিশ্চিতে জাতীয় উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ত্বকী হত্যার বিচার শুধু একটি পরিবারের ন্যায়বিচার পাওয়ার বিষয় নয়; এটি নাগরিকের নিরাপত্তা ও সমাজে ভারসাম্য প্রতিষ্ঠার জন্যও অপরিহার্য। ফৌজদারি বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। অথচ একের পর এক সরকার বদলালেও তদন্ত শেষ করে বিচারই শুরু করা হয়নি। বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে এই দায় রাষ্ট্রকেই নিতে হবে।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের পক্ষে বক্তব্য দেন ‘গ’ বিভাগে রচনায় ‘ত্বকী পদক’ বিজয়ী অশেষ লস্কর এবং দ্বিতীয় স্থান অর্জনকারী নুসাইবা বিনতে সাহেদ। তারা বলে, মাত্র ১৭ বছর বয়সে ত্বকীর জীবন কেড়ে নেওয়া হলেও তার আদর্শ এখন তরুণ প্রজন্মের বিশ্বাসে পরিণত হয়েছে। সাহিত্য ও দর্শনে উদ্বুদ্ধ হয়ে ত্বকীর অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব আজকের তরুণদেরই নিতে হবে।
আলোচনা পর্ব শেষে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় একটি বিচারহীনতামুক্ত ও বৈষম্যহীন মানবিক সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।