রাজা হাসান
প্রকাশ : ২১ মিনিট আগে
(ফয়জুল ইসলাম সুমন বন্ধুবরেষু)
যাও। অনেক ছেঁড়াখোঁড়া হলো। প্রেম বিরহ বিষাদে
দীর্ঘ রিক্তের যাত্রায় অনেক বছর জেগে থাকা হলো।
লেখায় বিছিয়ে দিতে চেয়েছিলে নীল অপরাজিতা।
সেখানেও ঘিরে ছিল ডুমো মাছি, চাকরি-আগ্রাসন।
ঘনঘোর সংগোপনে কতটুকু জ্যোৎস্না ধরে রেখেছিলে?
আমাদের গূঢ় নিষ্ক্রিয়তা ছেলেখেলা ছিলো না,
কেবল আড়াল, কেবল লুকিয়ে যাওয়া।
এবার মৃতের শান্ত মুখচ্ছবি সঙ্গে নিয়ে যাও।
না, আর কিছু নয়, এবার ঘুমাও...