স্বকৃত নোমান
প্রকাশ : ৮ মিনিট আগে
গুরু সেলিম আল দীন বাংলাদেশ বেতারের জন্য সচেতনতামূলক ধারাবাহিক নাটিকা লিখতেন। রোজ সকালে কিংবা সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে তিনি সেসব নাটিকার কাহিনি আমাকে বুঝিয়ে বলতেন। আমি সেসব কাহিনির নাট্যরূপ দিতাম। একেকটি পর্বের নাট্যরূপ দিতে আমার দু-তিন দিন লেগে যেত। শেষে তিনি সংশোধন করতেন, তারপর প্রযোজক কিংবা নির্মাতা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিতেন।
সেসব নাটিকার লেখক কে? সেলিম আল দীন? না, তার রচনাবলিতে এসব নাটিকার একটিও নেই। আমার লেখা? প্রশ্নই আসে না। আমার কোনো বইয়েও এসব নাটিকা নেই। সেগুলো হারিয়ে গেছে। সেলিম আল দীন সেগুলোকে নিজের রচনা বলে স্বীকার করতেন না। কেন করতেন না? কারণ, সেগুলো তার মৌলিক রচনা নয়, নিজের লেখা নয়; প্রম্পট করে সহকারীকে দিয়ে লেখানো।
এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ বা নাটকও তাই। সেগুলো লেখকের মৌলিক রচনা নয়, সহকারীকে (এআই) দিয়ে লিখিত রচনা। লেখক সেগুলোকে নিজের রচনা বলে দাবি করতে পারেন না। করাটা নৈতিকতাবহির্ভূত।
ইদানীং ফেসবুকসহ নানা মাধ্যমে প্রকাশিত এআই-রচিত গল্পগুলো খুব জনপ্রিয় হচ্ছে, ফেসবুকে ভাইরাল হচ্ছে। কেবল গল্প নয়, উপন্যাস এবং অন্যান্য বইও রচিত হচ্ছে এআই দিয়ে। অ্যামাজনের মতো আন্তর্জাতিক অনলাইন প্রকাশনা প্ল্যাটফর্মে এআই-রচিত বইয়ের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় অল্প সময়ে বই লেখা, সম্পাদনা ও প্রকাশ করা সম্ভব হওয়ায় এই প্রবণতা ক্রমেই বিস্তৃত হচ্ছে। এর ফলে প্রকাশনার জগতে নতুন সম্ভাবনা তৈরি হলেও উদ্বেগের জায়গাও কম নয়। বিশেষত মৌলিক সৃজনশীলতা, লেখকের নিজস্ব অভিজ্ঞতা, মনন ও ভাষাশৈলীর স্বাতন্ত্র্য কতটা অক্ষুণ্ন থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রাতিষ্ঠানিক পর্যায়েও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় রচিত সাহিত্য ধীরে ধীরে স্বীকৃতি পাচ্ছে। এর উল্লেখযোগ্য উদাহরণ জাপানের আকুতাগাওয়া সাহিত্য পুরস্কার। ২০২৪ সালে লেখক রিয়ে কুদান তার টোকিওতো দোজোতো উপন্যাসের জন্য এই পুরস্কার লাভ করেন। পরে তিনি জানান, উপন্যাসটির প্রায় ৫ শতাংশ ChatGPT-এর মাধ্যমে তৈরি। বিচারকমণ্ডলী তার সাহিত্যকর্মকে পুরস্কৃত করেন। একইভাবে ২০২২ সালে জাপানের নিক্কেই হোশি শিনইচি সাহিত্য পুরস্কারেও এআই-সহায়তায় লেখা গল্প স্বীকৃতি পায়।
ব্যক্তিগতভাবে আমি এতে অনৈতিকতার কিছু দেখছি না। কারণ পুরস্কারটি শুধু এআই দিয়ে লেখা বইকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নয়; বরং মানুষ ও এআইয়ের যৌথ সৃজনশীলতায় তৈরি সাহিত্যকর্মকে মূল্যায়ন করার উদ্যোগ। এবং লেখক নিজেই স্বীকার করেছেন, লেখার সময় তিনি তার সহকারীকে (এআই) কাজে লাগিয়েছেন। লেখার সময় লেখক তার সহকারীকেÑ সে মানুষ হোক বা যন্ত্রÑ কাজে লাগাতেই পারে। এতে আমি দোষের কিছু দেখছি না।
ফ্রান্সে ২০২৬ সালে চালু হয়েছে ‘প্রি পাসকাল দ্য লিতেরাতুর আইএ’ (Prix Pascal de Littérature IA)Ñ কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় রচিত সাহিত্যকর্মের জন্য একটি অভিনব পুরস্কার। এটি এআই ও মানুষের যৌথ সৃজনশীলতাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ। পুরস্কারটির প্রথম আসরে ফরাসি ভাষায় প্রায় তিন লাখ অক্ষরের অপ্রকাশিত পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছে। লেখকদের এআই মডেল ও ব্যবহৃত নির্দেশনা (প্রম্পট) সম্পর্কেও তথ্য দিতে হবে। পাঁচ সদস্যের সাহিত্যবিষয়ক বিচারকমণ্ডলী নান্দনিকতা, আখ্যান ও ভাষাশৈলীর ভিত্তিতে রচনা মূল্যায়ন করবেন। বিজয়ী পাণ্ডুলিপি প্রকাশেরও ব্যবস্থা থাকবে।
এই উদ্যোগ সাহিত্যজগতে নতুন সম্ভাবনার পাশাপাশি সাহিত্যের প্রচলিত ধারণা, লেখকসত্তা, মৌলিকতা ও সৃজনশীলতার সংজ্ঞা নিয়ে গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, ভবিষ্যতে সাহিত্যিক স্বীকৃতির মাপকাঠি কি মানুষের সৃজনশীলতা, নাকি যন্ত্রের উৎপাদনক্ষমতা হয়ে উঠবে? অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কবি-সাহিত্যিকদের ভবিষ্যৎ গভীর সংকটে।
সম্প্রতি এআই-রচিত কয়েকটি গল্প পড়লাম। গল্পগুলো সুবিন্যস্ত, সুগঠিত। নন্দনকাননের মতো। গাছের পর গাছ। এই সারিতে কেবল দেবদারু, ওই সারিতে কেবল পাইন; সামনের সারিতে কেবল জারুল, পেছনের সারিতে কেবল হিজল। আপনি দুই সারির মাঝখান দিয়ে প্রশান্তিতে হাঁটছেন। ডান পাশের সারির সেগুনগাছটি দেখে বুঝে নিতে পারছেন, সারির শেষ প্রান্তের গাছটিও সেগুনই। বাঁ পাশের মেহগনিগাছটি দেখে বুঝে নিতে পারছেন, সারির শেষ প্রান্তের গাছটিও মেহগনিই। কেননা এই নন্দনকানন সুশৃঙ্খল, সুপরিকল্পিত, সুবিন্যস্ত। আপনাকে ভাবতে হচ্ছে না। এই কাননের মাটিও সমতল। কোথাও টিলা নেই, টঙর নেই, পাহাড় নেই, পর্বত নেই। হোঁচট খাওয়ার ভয় নেই, পড়ে যাওয়ার ভয় নেই। আপনাকে কষ্ট করতে হচ্ছে না, কসরত করতে হচ্ছে না।
প্রয়াত কথাসাহিত্যিক আবদুশ শাকুরের কোনো কোনো গল্পও এমনই। একেবারে প্রমিত বাংলায় লেখা। কোথাও একটি আঞ্চলিক শব্দ নেই। কোথাও পদ্মাতীরবর্তী একটি শব্দ নেই, কোথাও যমুনাতীরবর্তী বা মুহুরীতীরবর্তী বা কালীগঙ্গাতীরবর্তী একটি শব্দ নেই। তিনি পার্বত্য চট্টগ্রামের পটভূমিতে গল্প লিখেছেন, কিন্তু গল্পের ভাষা বিশুদ্ধ, প্রমিত। কোথাও আদিবাসীদের একটি শব্দ নেই। কোথাও আলুটিলা, নীলগিরি, নীলাচল, চেঙ্গী বা মাতামুহুরী নদী কিংবা চিম্বুক পাহাড়-সংলগ্ন একটি শব্দ নেই। আপনি তরতর করে এগিয়ে যাচ্ছেন। কিন্তু পাঠ শেষে মনে হলো, আপনি কেবল একটি তরকারি দিয়েÑ কেবল মাংসÑ ভাত খাওয়া শেষ করলেন। একটু ডাল নেই, ভর্তা নেই, সবজি নেই, লেবু নেই, কাঁচা লঙ্কা নেইÑ ন্যূনপক্ষে এক টুকরো শসাও নেই।
অপরদিকে, আপনি যদি পার্বত্য অঞ্চলের কোনো অরণ্যে কিংবা সুন্দরবনে, কিংবা মেঘালয়, মিজোরাম বা নাগাল্যান্ডের কোনো জঙ্গলে যান, দেখবেন, সেই অরণ্য অবিন্যস্ত, বিশৃঙ্খল। সেখানে গাছপালা, লতাগুল্ম এবং ঝোপঝাড় কোনো কাটছাঁট, কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই ঘন এবং অগোছালোভাবে ছড়িয়ে আছে। সুনির্দিষ্ট নিয়ম বা শৃঙ্খলা ছাড়া এলোমেলোভাবে বেড়ে উঠেছে বৃক্ষরাজি। এক বিশাল গরানের নিচে গজিয়ে উঠেছে গোলপাতা, একটা সুন্দরীগাছের পাশেই একটা গেওয়া, একটা কেওড়ার পাশেই একটা ধুন্দুল। কোথায় কোন গাছ আছে, আপনি আগে থেকে আন্দাজ করতে পারবেন না। কিংবা কোন গাছের ফাঁকে বাঘ ঘাপটি মেরে আছে, কোন গাছটির আড়ালে হরিণ লুকিয়ে আছে, কোন ঝোপের ভেতর সাপটি কুণ্ডলী পাকিয়ে আছে, কোন খালের জলে কুমির কিংবা কামোট ডুব মেরে আছে, আপনি আগে থেকে ধারণা করতে পারবেন না। আপনাকে সন্তর্পণে পা ফেলতে হবে, ধীর পদক্ষেপে এগোতে হবে। এগোতে এগোতে জঙ্গলটিকে আবিষ্কার করতে হবে।
অর্থাৎ প্রকৃতি আপনার আনন্দের জন্য জঙ্গলটিকে সুবিন্যস্ত করে রাখেনি, বিশৃঙ্খল করে রেখেছে। আসলেই কি বিশৃঙ্খল? না, মোটেই তা নয়। আপনার কাছে যা বিশৃঙ্খল মনে হচ্ছে, সেটাই প্রকৃতির শৃঙ্খলা। প্রকৃতি চাইছে, আপনি তার সঙ্গে মিশে যান, তার গভীরে ডুব দিন, ডুব দিয়ে তাকে আবিষ্কার করুন। সুবিন্যস্ত, সুশৃঙ্খল অরণ্য শাস্ত্রোক্ত স্বর্গে পাওয়া যায়, এই পৃথিবীতে নয়।
প্রকৃত গল্প কিংবা উপন্যাস সেই বিশৃঙ্খল অরণ্যের মতো। আপনি আগে থেকে আন্দাজ করতে পারবেন না, ক্রিয়াপদটি বাক্যের শুরুতে, না শেষে। আগে থেকে আন্দাজ করতে পারবেন না, শত শত প্রমিত শব্দের মধ্যে কোথায় হুট করে একটা আঞ্চলিক শব্দ ঢুকে পড়েছে। আগে থেকে আন্দাজ করতে পারবেন না, কোথায় কিংবদন্তি চক্রবর্তী সম্রাট মান্ধাতার কালের একটা শব্দ ঢুকে পড়েছে, কোথায় হাল জামানার একটি শব্দ ঢুকে পড়েছে, কোথায় লেখকসৃষ্ট একটা শব্দ ঢুকে পড়েছে, কোথায় কুড়িগ্রাম অঞ্চলের শব্দ বা চট্টগ্রাম অঞ্চলের একটা শব্দ বা পদ্মা, মেঘনা বা যমুনাতীরবর্তী একটা শব্দ ঢুকে পড়েছে।
অনেকটা সেই বিশৃঙ্খল অরণ্যের মতো, যাতে প্রবেশ করে আপনার মনে হবে সবই বিশৃঙ্খল। কিন্তু তা আসলে বিশৃঙ্খল নয়, সম্পূর্ণ সুশৃঙ্খল। সাহিত্যিক তার সাহিত্যে আপনাকে নিবিষ্ট করার জন্য এমন এক বিভ্রম সৃষ্টি করেন, বিশৃঙ্খলার মধ্যে এমন এক শৃঙ্খলা তৈরি করেন, আপনাকে বেঘোরে ঢুকে পড়তে হয় সেখানে। আপনিও সেই সাহিত্যের অংশী হয়ে ওঠেন। সাহিত্যিক তার যাত্রায় আপনাকেও সঙ্গী করে নেন। বলা যেতে পারে, সাহিত্যিক সারথি, আপনি রথী। কিংবা আপনি সারথি, সাহিত্যিক রথী। দুজনের ভূমিকাই গুরুত্বপূর্ণ।
যে সাহিত্যকর্মে পাঠকের অংশীদারত্ব থাকে না, পাঠকের কোনো ভূমিকা থাকে না, অর্থাৎ পাঠককে কোনো কিছু আবিষ্কার করতে হয় না, সবই লেখক থালায় সাজিয়ে রাখেন, তা সাহিত্য নয়। তা চিত্তবিনোদনের একটা মাধ্যম হতে পারে, কিন্তু সাহিত্য নয়। এই সস্তা, থালায় সাজানো, সুবিন্যস্ত, সুশৃঙ্খল সাহিত্য রচনা করেননি পৃথিবীর মহান সাহিত্যিকগণ। তলস্তয় রচনা করেননি, দস্তয়েভস্কি রচনা করেননি। ভিক্টর হুগো, এমিল জোলা, ফ্রানৎস কাফকা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, হোসে সারামাগো কিংবা ইয়াসুনারি কাওয়াবাতা রচনা করেননি।
একজন লেখক কেন লেখেন? পাঠকের জন্য? না, ব্যক্তিগতভাবে আমি তা মনে করি না। লেখক লেখেন নিজের আনন্দের জন্য। তিনি যদি লিখে আনন্দ না পেতেন, তাহলে কখনোই তিনি লিখতে পারতেন না। লেখা এক অদ্ভুত আনন্দের নাম। এ আনন্দের সঙ্গে পার্থিব কোনো প্রাপ্তির সরাসরি সম্পর্ক নেই। বরং এটি নিজের ভেতরে একটি পৃথিবী আবিষ্কার করার আনন্দ। কখনও একটি শব্দ খুঁজে পাওয়ার মধ্যে, কখনও একটি বাক্য সম্পূর্ণ করার মধ্যে, আবার কখনও কোনো চরিত্রকে জীবন্ত করে তোলার মধ্যে লেখক খুঁজে পান এক অনির্বচনীয় তৃপ্তি। যে আনন্দের সাক্ষী কেবল লেখক নিজেই।
ভার্জিনিয়া উলফ ১৯১৫ সালে তার ডায়েরিতে লিখেছেন, ‘I wrote all the morning, with infinite pleasure’Ñ সকালজুড়ে লিখেছি, অপরিসীম আনন্দ নিয়ে। অর্থাৎ লেখার আনন্দ সব সময় পাঠকের প্রশংসা কিংবা প্রকাশনার সাফল্যের ওপর নির্ভর করে না। কখনও লেখার প্রক্রিয়াটিই লেখকের নিজের কাছে পরম আনন্দের হয়ে ওঠে। ১৯৪০ সালের ডিসেম্বরে নিজের ডায়েরিতে তিনি লিখেছিলেন, ‘Writing must be a daily pleasure’; অর্থাৎ লেখালেখি হওয়া উচিত প্রতিদিনের আনন্দ। ফরাসি বংশোদ্ভূত মার্কিন ঔপন্যাসিক আনাইস নিন লিখেছেন, ‘আমরা লিখি জীবনের স্বাদ দুবার গ্রহণ করার জন্যÑ একবার জীবনযাপনের মুহূর্তে, আরেকবার স্মৃতিচারণের মধ্য দিয়ে।’
একটি গল্প লেখার সময় লেখক অনেকটা নিজের সৃষ্ট চরিত্রগুলোর সঙ্গে বসবাস করেন। তারা কখনও তার বন্ধু, কখনও প্রতিপক্ষ, কখনও অচেনা কোনো মানুষ। তাদের হাসি-কান্না, প্রেম-বিরহ, দ্বন্দ্ব-সংঘাত লেখকের মনোজগতে বাস্তব হয়ে ওঠে। কোনো চরিত্র যখন নিজের মতো করে কথা বলতে শুরু করে, কোনো গল্প যখন অপ্রত্যাশিত মোড় নেয়, তখন লেখকের আনন্দের সীমা থাকে না। মনে হয়, তিনি লিখছেন না; বরং তার ভেতরে একটি পৃথিবী নিজেই লিখিত হয়ে উঠছে।
লেখা কেবল আনন্দ দেয় না, লেখককে নিজের অজানা অনুভূতি ও উপলব্ধির মুখোমুখি দাঁড় করায়। লেখা শেষ করার আনন্দও স্বতন্ত্র। শেষ বাক্যটির পরে কলম থেমে গেলে কিংবা কম্পিউটারের পর্দায় শেষ শব্দটি ভেসে উঠলে লেখকের মনে একধরনের প্রশান্তি আসে। দীর্ঘদিনের মানসিক যাত্রার যেন পরিসমাপ্তি ঘটে। যদিও পরক্ষণেই শুরু হয় সংশোধন, পরিমার্জন ও নতুন করে ভাবনার পালা।
আসলে লেখার আনন্দ প্রকাশের আনন্দ, আবিষ্কারের আনন্দ, নিজেকে অতিক্রম করার আনন্দ। পাঠক হয়তো লেখাটির মধ্যে নিজের পৃথিবী খুঁজে পাবেন; কিন্তু লেখক জানেন, প্রতিটি লেখার জন্মের পেছনে তার ব্যক্তিগত এক সমুদ্রযাত্রা রয়েছে। সেই যাত্রার আনন্দই তাকে বারবার লেখার টেবিলে ফিরিয়ে আনে।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা, অর্থাৎ সহকারীকে দিয়ে লেখানো লেখায় লেখক কি সেই আনন্দ পান? না, পাওয়া সম্ভব নয়। সেলিম আল দীন যেমন তার সহকারীকে দিয়ে নাটিকা লিখিয়ে আনন্দ পেতেন না। পেতেন না বলেই সেগুলোকে নিজের লেখা বলে স্বীকার করেননি। সেগুলো হারিয়ে গেছে কালের স্রোতে।
সেদিন আমার এক বন্ধু বললেন, ভাগ্যিস, পঁচিশ বছর আগে থেকে লেখালেখি শুরু করেছিলেন। এখন লেখালেখি শুরু করলে প্রমাণ করা কঠিন হয়ে যেত, আপনি আদৌ মৌলিক লেখক, নাকি এআই লেখক। আমি বললাম, না, ব্যাপারটা মোটেই তা নয়। আমি যদি এই সময়েও লেখালেখি শুরু করতাম, নিঃসন্দেহে আমার লেখা আলাদা হতো। কেননা, প্রত্যেক লেখকের একটা স্টাইল থাকে। কমলকুমার মজুমদারের গল্প-উপন্যাসের একটা স্টাইল আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা স্টাইল আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা সৈয়দ মুস্তাফা সিরাজের একটা নিজস্ব স্টাইল আছে। একইভাবে উইলিয়াম ফকনার, গুন্টার গ্রাস, আর্নেস্ট হেমিংওয়ে কিংবা কেনজাবুরো ওয়েরও একটা নিজস্ব স্টাইল আছে। সেই স্টাইল এআই অনুকরণ করতে পারে, কিন্তু সৃষ্টি করতে পারে না।
এআই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে, ভাষার প্রচলিত কাঠামো ও শব্দের পারস্পরিক সম্পর্ক বুঝে, সেই অনুযায়ী নতুন বাক্য তৈরি করতে পারে। সে অসংখ্য লেখকের ভাষাভঙ্গি অনুসরণ করতে পারে, বিভিন্ন আঙ্গিকের মিশ্রণ ঘটাতে পারে, এমনকি এমন একটি গল্পও লিখতে পারে, যা প্রথম পাঠে একজন অভিজ্ঞ পাঠকের কাছেও যথেষ্ট আকর্ষণীয় মনে হবে। কিন্তু একজন লেখকের কাছে সাহিত্য কেবল ভাষার বিন্যাস নয়। একটি শব্দের পেছনে থাকে তার শৈশব, একটি বাক্যের পেছনে থাকে তার জীবন-অভিজ্ঞতা, একটি চরিত্রের পেছনে থাকে তার দেখা অসংখ্য মানুষ। কোনো কোনো অভিজ্ঞতা হয়তো তিনি নিজেও সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারবেন না। অথচ সেই অভিজ্ঞতাই তার লেখাকে স্বতন্ত্র করে তোলে।
একজন লেখক কখনও কখনও নিজের অজান্তেই এমন একটি শব্দ ব্যবহার করেন, যা তার ব্যক্তিগত জীবন, ভৌগোলিক পরিবেশ কিংবা সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে যুক্ত। কোনো অঞ্চলের মানুষের কথাবার্তা, তাদের নীরবতা, তাদের অভিমান, তাদের হাসির ধরনÑ এসব কেবল তথ্য সংগ্রহ করে আয়ত্ত করা যায় না। এর সঙ্গে বসবাস করতে হয়, একাত্ম হতে হয়। একজন লেখক তার জীবন দিয়ে এই অভিজ্ঞতা অর্জন করেন। এআই সেই অভিজ্ঞতার ভাষাগত অনুকরণ করতে পারে, কিন্তু অভিজ্ঞতাটির মালিক হতে পারে না।
তবে এ কথা বলছি না যে সাহিত্যচর্চায় এআইয়ের কোনো ভূমিকা থাকবে না। একজন লেখক তথ্য অনুসন্ধান, বানান পরীক্ষা, ভাষাগত অসঙ্গতি শনাক্ত করা কিংবা পাণ্ডুলিপির প্রাথমিক সম্পাদনায় এআইয়ের সাহায্য নিতে পারেন। এতে আপত্তির কিছু নেই। আপত্তি তখনই, যখন লেখকের নিজস্ব সৃজনশীল শ্রম ছাড়াই যন্ত্রের তৈরি লেখাকে নিজের মৌলিক সাহিত্যকর্ম বলে চালিয়ে দেওয়া হয়। এখানে লেখককে তার দায় স্বীকার করতে হবে। গবেষকরা যেভাবে তথ্যসূত্র, ফুটনোট দিয়ে করে থাকেন। এআইয়ের সহায়তা নিলে কোথায়, কতটুকু এবং কীভাবে নিয়েছেন, তা প্রকাশ করাও নৈতিক স্বচ্ছতার অংশ হতে পারে।
সাহিত্যের ভবিষ্যৎ তাই এআইকে উপেক্ষা করার মধ্যে নয়, বরং মানুষের সৃজনশীলতার স্বাতন্ত্র্য রক্ষা করার মধ্যে নিহিত। প্রযুক্তি বদলাবে, লেখার মাধ্যম বদলাবে, প্রকাশনার ধরন বদলাবে। কিন্তু মানুষের অভিজ্ঞতা, অনুভূতি, দ্বন্দ্ব, স্বপ্ন, স্মৃতি ও কল্পনার যে অদ্বিতীয় জগৎ, সেটিই সাহিত্যের প্রাণ। যন্ত্রের সঙ্গে প্রতিযোগিতায় নামার জন্য লেখককে যন্ত্রের মতো দ্রুত হতে হবে না। বরং তাকে আরও গভীর, আরও অনুসন্ধিৎসু, আরও সাহসী হতে হবে। তাকে নিজের ভাষা ও অভিজ্ঞতার অরণ্যে প্রবেশ করতে হবে। সেই অরণ্যে এমন অনেক অচেনা পথ, অজানা গাছ ও অনাবিষ্কৃত শব্দ রয়েছে, যার সন্ধান কোনো পূর্বনির্ধারিত অ্যালগরিদম দিতে পারে না। কারণ সাহিত্য কেবল একটি সুন্দরভাবে সাজানো গল্প নয়; এটি মানুষের অস্তিত্বের জটিলতা আবিষ্কারের এক নিরন্তর প্রচেষ্টা। আর সেই আবিষ্কারের আনন্দই একজন লেখককে লেখক করে তোলে।
ব্যক্তিগতভাবে এখনও আমি মনে করছি নাÑ একজন মৌলিক, মেধাবী, প্রতিভাবান সাহিত্যিকের সঙ্গে এআই পাঙ্গা দিতে পারবে। সেই সাহিত্যিক ক্রমাগত নিজেকে ভাঙবেন। এমনভাবে ভাঙবেন, এআই তাকে কেবল অনুকরণ করতেই থাকবে, কিন্তু কখনও তার আগে হাঁটতে পারবে না।
লেখক: কথাসাহিত্যিক