আহসান ইকবাল
প্রকাশ : ১১ মিনিট আগে
‘I have more memories than had I seen
Ten centuries’ ÑSpleen, Charles Baudelaire
‘দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ’ বলে তিনি হোরেশিওর দিকে না তাকিয়ে, তাকালেন চ্যাংটার দিকেÑ চ্যাংটার কি তার কথা শোনার উপায় আছে বা সে কি এসব নিয়ে আদৌ কিছু ভাবে! সে তো কুয়াঝারানিতে আর খিজিরের প্রত্ন সিন্দুক প্রাপ্তির সুখস্বপ্নে বিভোর। তাহলে, অজন্মকালের ‘ঘুমতৃষ্ণা’ মিটাতে সায়কা মাহাবুবকে বা মাহাবুব ফ্লার্ট করতে সায়কাকে বলেছিল, নাকি আবু তাহেরের হাতে তরমুজ দেখে ফয়জুল ইসলাম মাথার ভেতর আউড়েছিলেন কথাটা। সেটা স্পষ্ট হবার কোনো সম্ভাবনা ছাড়াই আমরা নিশ্চিত করে বলতে পারি, গল্প একবার যার ঘাড় মটকায় তার আর নিস্তার নেই, গল্প তারে ছাড়ে না বা তিনি সেই জগতের চাবি হারিয়ে উদভ্রান্তের মতো, বিপন্ন বিস্ময়ে এমন অনেক কথাই বলে ফেলতে পারেন। যেমনটা ফয়জুল ইসলাম তার ‘ঘুমতৃষ্ণা’ বইয়ের শুরুতেই আমাদের জানিয়ে দেন, ‘মানুষ একে অপরের সঙ্গে প্রতিনিয়ত যেসব কথা বলে তার বড় একটা অংশজুড়ে থাকে গল্পÑ নিজের, অন্যের। তাতে থাকে আনন্দ, বেদনা, রহস্য, রোমাঞ্চ এবং আবেগের নানা বিন্যাস... কিন্তু মৌখিকভাবে নিজের গল্পগুলো অন্যের কাছে প্রকাশের পরেও কেন আমরা লিখনরীতির আশ্রয় নিই?’
আমাদের সময়কালের, গোটা পৃথিবীর সব থেকে বড় গল্পবাজ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ যেন সেই উত্তরে, পুরনো কফি পট ঝাড়া শেষ কফির গুঁড়ো দানার ধোঁয়া ওঠা কাপে চুমুকের আমেজে বলে ওঠেন, ‘জীবন আসলে যা ঘটছে তা নয়, বরং মানুষ যা মনে রাখে এবং যেভাবে তা গল্প করে বলে সেটাই জীবন।’ গল্পের গরু গাছে উঠুক বা তমিজের বাপ পাকুড়গাছের মগডালে বসে থাকা মুনশিকে দেখুক সে তো এক মিথের রূপান্তর, ম্যাজিক্যাল উপস্থাপনা। মানুষের মুখ থেকে মুখে ফেরা কোনো এক সত্যের পরতে মনঃতৃপ্তির কল্পনার প্রলেপ দিয়ে তাকে মহৎ বা কুখ্যাত অথবা অতিমানবীয় রূপ দেওয়া আর তার থেকে এক নতুন সত্যকে চিনে নেবার চেষ্টা। ‘কাল্পনিক বিষয় নিয়ে কথা বলার এই ক্ষমতাই হলো সেপিয়েন্সদের ভাষার সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য।’ ইয়ুভাল নোয়াহ হারারি তার বিখ্যাত বই ‘সেপিয়েন্স’-এর ‘কগনেটিভ রেভ্যুলেশন’ অংশে মানুষের ভাষা ও গল্প বলার কাল্পনিক ক্ষমতা নিয়ে এমনই সিদ্ধান্ত আবিষ্কার করেন জেনে, আমরা ফয়জুলের লেখা সেই অংশে ফিরে আসি যেখানে তিনি লিখনরীতি নিয়ে একটা গূঢ় প্রশ্ন তুলেছেন এবং উত্তর খুঁজে নিজেই জানিয়েছেন এই বলে, ‘... যেন আমাদের মুখনিঃসৃত গল্পগুলোর মতোই শূন্যে হারিয়ে না যায়।’ তাই, কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম লিখিত আকারে গল্পের বিস্তার ঘটান নিতান্ত সাধারণ বৈঠকী গল্পচ্ছলে, গাঁও গ্রামের কিংবদন্তি বয়ানের ঢংয়ে, গল্পগাথার জাল বোনেন পাঠকের মস্তিষ্কের কৃষ্ণগহ্বরে।
মূলত গল্পকার হিসেবে তিনি বিশেষ পরিচিত, পুরস্কৃত। ৭টি গল্পগ্রন্থের এই কথক তার চারিত্রিক বৈশিষ্ট্য মতে অস্থির চিত্তের আড়ালে এক স্থিতধী সত্তা আর এই সত্তার বিন্যাস আমরা দেখি তার প্রতিটি গল্পে, শব্দের বুননে। নিজস্ব প্রতিটি গল্প বিষয়ে তার সাক্ষাৎকারের বদৌলতে আমরা জানতে পারি, কোনো পূর্বনির্ধারিত ফর্ম বা কাঠামোর ছকে গল্প লেখেন না তিনি। গল্পের বিষয়বস্তু ও চরিত্রের বিকাশই তার গল্পের আকার এবং গতিপথ নির্ধারণ করে। উল্লেখ্য, এমন বয়ান বাংলাদেশের ষাটের দশকের মহাত্মা সব গল্পকারের বয়ান থেকে উত্তরাধিকার সূত্রে অর্জন কি না, জানি না এবং দেখা যায় প্রায় সবার মতো ফয়জুল ইসলামও সেই বয়ানকে নিরুপায়ের মতো নিজস্বতা দিয়ে ধারণ করেছেন। যদিও একজন সৃজনশীল কথাশিল্পী কী বলবেন, কোথায় থামবেন, কোন পথে বা রীতিতে তার গল্পকে পরিপূর্ণ করে তুলবেন তা একান্ত তার নিজের শৈলী, শৈল্পিক দক্ষতা এবং ক্ষমতার ওপর নির্ভরশীল। তবু দেখা যায়, অনেক সময় তার গল্প বিস্তার পাঠকের ধৈর্য ও মনোযোগ বিচ্যুতির পরীক্ষা নিতে যেন সচেষ্ট হয়ে উঠছে। একই সাথে সেই বিচ্যুতি উপভোগ্য হয়ে ওঠে অদেখা জীবনের খুঁটিনাটি, প্রচল রূপকথার বিস্তারের সাথে মিথের সাযুজ্যে গল্প যখন তার নিজ গন্তব্যে পৌঁছে থির হয়। মহাত্মা আন্তন চেখভ যেমনটা বলেন, ‘গল্পের শুরুতে যদি দেয়ালে একটি বন্দুক ঝুলতে দেখা যায়, তবে গল্পের শেষের আগেই সেটি থেকে গুলি ছুড়তে হবে।’ ঠিক তেমন করে ফয়জুল সার্থকতার সাথে তার ‘খোয়াজ খিজিরের সিন্দুক’ গল্পের বিস্তার এবং তার উদ্দেশ্য সাধন করেন; প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখগাথা, মিথ, লোকাচার, শঠতা সব মিলিয়ে চ্যাংটার স্বপ্নসাধ, অস্তিত্বের টানাপড়েনের একমাত্র প্রেরণা বিশ্বাস, খিজির পয়গম্বরের সোনার সিন্দুক আঁকড়ে ধরে রাখতে চায়Ñ প্রান্তজনের শেষ সম্বল তো সেটুকুই!
ভাষা ও প্রবণতায় ফয়জুল ইসলাম স্বকীয়তায় পরিপুষ্ট হতে থাকেন বিষয় এবং বয়ান রীতিতে। জাদুবাস্তবতার যে অমোঘ বাংলা বয়ানরীতি দাঁড়িয়েছে শহীদুল জহিরের হাতে, তা ফয়জুল ইসলামের অনেক গল্পভাষে সংক্রমিত হতে দেখা যায়। যদিও তার সাহিত্যকর্ম ম্যাজিক রিয়ালিজম বা উত্তর আধুনিকতা দ্বারা সীমাবদ্ধ নয়, বরং তিনি মনস্তাত্ত্বিক বাস্তববাদ এবং লোকজ ঐতিহ্যের আখ্যানরীতির এক নিজস্ব ও সংযত মেলবন্ধন ঘটিয়েছেন। তার লেখায় একই সাথে পাশ্চাত্য আধুনিক ছোটগল্পের পরিমিতি এবং লোককথার আবহ পাওয়া যায়। ফয়জুল ইসলাম তার সমসাময়িক কথাশিল্পীদের বেশিরভাগের ভেতর যে অতিরিক্ত সচেতন থাকবার, ক্রিটিকের দৃষ্টিতে নিজের শিল্পসত্তাকে তাড়িত করবার প্রবণতা, তা থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করে পরিণত হয়ে উঠেছেন তার শেষ গল্পগ্রন্থ দুটিতে। এর মধ্যে ‘ঘুমতৃষ্ণা’র গল্পগুলো বিষয় বৈচিত্র্যে আগের যেকোনো বইয়ের গল্প থেকে ভিন্নতর, খুব স্বাভাবিকভাবে আখ্যানরীতিও তাই ভিন্নভাবে ধরা পড়েছে। ‘আমরা জানি, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক মূলত রাজনৈতিক। কাজেই বিষয় খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয় না।’ এমন বিচারে ফয়জুল এই বইয়ের গল্পগুলোতে মানব-মানবীর জটিলতম সম্পর্কের মনস্তাত্ত্বিক গোমর যেমন ফাঁস করেন, তেমন সম্পর্কের বহুমাত্রিকতা, অসহায়ত্ব, মধ্য যৌবনের সংকট ও বিপন্নতাকে তুলে আনেন বেশ ঢিলেঢালা ভঙ্গিতে, যার শিল্পশৈলী নিয়ে প্রশ্ন উঠতেই পারে, আবার ‘যৌবনের জন্য শোকগাথা’ গল্পে এই জীবনের গভীরতর সত্যকে, জঙ্গমতা, পরিণতিকে মেনে নেবার বিপন্ন সমর্পণকে, মুন্সিয়ানার সাথে বয়ানের তার যে দক্ষতা অর্জন, তা প্রশংসার দাবিদার।
‘এককান দুকান হয়ে গল্প হয়’ প্রবাদের যথার্থতা ‘রহিম বক্সের বাহিনী’তে খুঁজে পাওয়ায়, ফর্মের দিক থেকে এবং গদ্যের বিস্তারে তার উল্লেখ না করলেই না। আমলাতুল্য নিরাসক্ত ইতিহাস বর্ণনার ভেতর দিয়ে বাংলাদেশের জন্মের সব থেকে গৌরবময় অধ্যায়ের এক অসাধারণ গল্প ফাঁদেন ফয়জুল ইসলাম। গল্পটা ঈষৎ সংক্ষিপ্ত হতে পারত এমন ধৃষ্টতাপূর্ণ মতামতে আমাদের আলোচ্য লেখক ফয়জুল ইসলাম জীবিতকাল প্রশ্রয়সূচক অট্টহাস্যে ফেটে পড়ে স্বভাবসুলভ ভঙ্গিতে কৌতূহলী হয়ে উঠতেন নিঃসন্দেহে আর তার সুযোগে বলা যেত অনেক কিছুই, সেই সুযোগটা যেহেতু রহিত হয়েছে চিরদিনের মতো, তাই সচকিত হয়ে লক্ষ করা যায়, একটি একরৈখিক গল্পকে তিনি কেমন করে চমকপ্রদ এক জনপদের বহুমাত্রিক গল্প করে তুলছেন! মিথ ও লোকবিশ্বাসকে গল্পের বয়ানে বিশ্বাসযোগ্য করে তুলবার কৌশল, বয়ানের স্বর, ঢং একই মাত্রায় রেখে রহিম বক্সের অলৌকিক ক্ষমতাকে লৌকিক করে তুলবার এবং মুক্তিয়ুদ্ধের গল্পের অনেকগুলো তল সৃষ্টির ভেতর দিয়ে লেখক নিস্পৃহতায় যে রহস্যের অবতারণা করেন, তা পাঠকেকে নিঃসন্দেহে বহুদিন ভাবাবে।
শেষ শব্দটির সাথে কত শ্বাস খাবি খেল, কত শ্বাস দীর্ঘলয়ে বয়ে গেল, কতজনের বুকের গভীরে শূন্যতা তৈরি হলো, জমিন ভিজে উঠল স্মৃতিকাতরতায় তাতে কথাকারের কিছুই আসে যায় না। গল্প শেষে কথাকার তার গল্পের ঝুলি নিয়ে উঠে চলে গেলেও তিনি তার গল্পের মায়া, বয়ানের জাদু আর তার পেছনে গূঢ় অভিসন্ধির জালে আমাদের বেঁধে রাখেন; শক্তিমান কথাশিল্পীদের মতো ফয়জুল ইসলামও তার পাঠকদেরকে গল্পে আবিষ্ট করে রেখেছেন, মুখোমুখি করেছেন, প্ররোচিত করেছেন নতুন সত্য আবিষ্কারেÑ তাই তার গল্পের জমিতে, শব্দে, গল্পের কল্পনায় পাঠককে বারবার ফিরতে হবে। খুঁজতে হবে, নতুন আরও কিছু খনিজ কথকতার সন্ধান মেলে নাকি ফয়জুল ইসলামের সিন্দুক থেকে।