আফরোজা সোমা
প্রকাশ : ১৪ মিনিট আগে
আফরোজা সোমা। প্রতিকৃতি: জয়ন্ত সরকার
ঋণ
ভালোবাসাও ফৌজদারি অপরাধের মতো,
কখনো তামাদি হয় না।
হৃদয়ের সব ঋণ
নিঃশেষে বিভাজ্য গণিতের মতন
শোধবোধ করে দিতে হয়।
নইলে সে তাড়া করে ফেরে;
পিছু ধেয়ে আসা হুলিয়া যেমন।
প্রেমপথ
নিজেকে জুড়াতে মানুষ কত কিছু করে!
কেউ যায় ধর্মালয়ে,
কেউ যায় পানশালায়;
সবখানেই মানুষ কাঁদে!
মোনাজাত বা সাষ্টাঙ্গ প্রণাম বা
শুঁড়িখানায় মাতালের ফরিয়াদ;
আমি তো দেখি সকলি প্রার্থনা,
নিজেকে জুড়াবার আকুল রোদন।
আমি এসেছি প্রেমের পথে, জুড়াতে পরান,
সমর্পণে নিজেকে ভুলে গিয়ে হৃদয় জুড়াই।
মুক্তি
দুঃখ দিতে দিতে
খোদাও তো ক্ষান্ত হবে একদিন।
অতএব, ধৈর্য ধরো।
অভিযোগ করো না,
শোকর করে থাকো;
শোকরেই মুক্তি।
প্রেমমুদ্রা
সাধু যেমন সাধুরে খোঁজে
আশেক তেমনি খোঁজে মাশুকেরে।
কামের মুদ্রা,
নাচের মুদ্রা,
যোগের মুদ্রা,
একই মুদ্রা হয়।
ধ্যানের মুদ্রা প্রেমের মুদ্রা;
প্রেমমুদ্রায় এক আনাতেই
ষোলো আনা হয়।
খোদার সাথে আলাপ
অবশেষে ইচ্ছে আমার এটুকুই যে,
আমি তোমার ইচ্ছে হতে চাই।
জনম ভরে ইচ্ছে-ঘুড়ি
হাওয়ায় হাওয়ায় যযাতিরে রাখলো বেঁধে!
অনেক ইচ্ছের অনেক জনম,
অনেক মরণ ঢের দেখেছি;
অন্তিমে আজ এটুকু চাই :
আমি তোমার ইচ্ছে হবো।
মনখোদা
গুরুপদে ভক্ত নয় হে,
ভক্তিডোরে গুরুই পড়েন বাঁধা।
ধরণীর মায়াপথে চাঁদ নয়,
পৃথিবীর গতি আছে
শশী-চুম্বকে বান্ধা।
গুরু যিনি, থাকেন তিনি,
শিষ্যরূপে ভক্তমাঝে লুকিয়ে।
দেন না ধরা আসল প্রভু,
কুকুর রূপে আসেন পিছু
দেখতে স্বয়ং যুধিষ্ঠিরে।
মনের ঘরেই খোদার বসত,
মনের মুখেই বলেন তিনি কথা;
মনের কথা ছাপিয়ে যাবে?
তোমার মন জানে তা বৃথা।
নয়নের নৈবেদ্য
ভিখিরির যেমন জাতধর্ম নেই, তেমনি পূজারিওÑ
হৃদয় ফানা হয়ে গেলে ফারাক আপনি ঘুচে যায়।
প্রেমের চেয়ে বড় উপাসনা সংসারে নেই,
পূজার উপচারের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ তাই।
জবানে বা উপহারে কী এসে যায়, বলো!
পেয়ার তো প্রার্থনার মত দিলেরই মামলা!
হিয়া যদি ফানা হয়ে যায়,
আঁখিরও ভাষা পাল্টায়।
নয়নের নৈবেদ্যের চেয়ে,
নাই কিছু অলংঘনীয় আর।
খোদা তো হৃদয় পড়েন, আশিক,
কথা দিয়ে তারে কাছে কী করে পাবে!
প্রেমধর্মে অর্ঘ্যে ও সমর্পণে,
খোদা ও মানুষে তাই একত্রে মিলায়।