স্বরলিপি
প্রকাশ : ১৪ মিনিট আগে
অলংকরণ: হাসনাত মোবারক
সেহরিশের প্রকৃত নাম সুলতানা। চিত্রনায়িকা হওয়ার পর নামটি যেন কোথাও হারিয়ে গেছে। সুলতানা নামটি এখন অনেকটা পোকায় খাওয়া পাতার মতো। একটি পোকা যখন গাছের পাতা খেতে শুরু করে, পাতাটি তখন তার বেদনাবোধের বার্তা পাঠায় বৃক্ষমাতার কাছে। পাতার কষ্ট বুঝতে পেরে বৃক্ষটি এমন একধরনের রস উৎপাদন করে, যাতে পোকাটি পাতাটিকে পুরোপুরি খেয়ে ফেলতে না পারে। আধখাওয়া পাতাটি তখন নকশাদার ঝালরের মতো দেখায়। রোদ ঠিকরে পড়ে সেই পাতায়। ছেঁড়া পাতার ফাঁক গলে আলো ছড়িয়ে পড়ে মাটিতে।
সুলতানা একাকিত্বপ্রিয় মানুষ। শহরে তার একটি ফ্ল্যাট আছে। প্রথম সিনেমা হিট হওয়ার পর প্রযোজক সেটি তাকে উপহার দিয়েছিলেন। সেই ফ্ল্যাটেই পুলককে নিয়ে সংসার পেতেছে সে।
শহর থেকে কিছুটা দূরে, শহরতলিতে রয়েছে দোতলা একটি বাড়ি। কাজ আর সংসার থেকে ছুটি পাওয়ার লোভে সময়-সুযোগ পেলেই সেখানে গিয়ে ওঠে সুলতানা। মাঝখানে সিনেমার কাজে ব্যস্ততা বেড়ে যাওয়ায় দোতলা বাড়িটির সঙ্গে তার সখ্য কিছুটা কমে গিয়েছিল। সে সময় পুলক বারবার ওই বাড়িতে চলে যেত। ফিরে আসত খানিকটা আহত হয়ে। বাড়ির কেয়ারটেকার আরিফার বোন অরুণাকে ভালো লাগে তার। আরিফা অরুণার সম্পর্কে নানা কথা বলে বলে এই ভালোলাগা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অরুণাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে পুলক। ধীরে ধীরে সুলতানার সঙ্গে দূরত্ব বাড়ায় সে। বিষয়টি সুলতানাকে ভাবিয়েছে, কিন্তু কারণ জানতে চায়নি সুলতানা।
পুলক জন্মদিন উদযাপন করতে পছন্দ করে না। তবে দিনটিকে নিজের মতো করে উদযাপন করে সুলতানা। প্রতিবছর ওই দিনে কোনো শুটিং রাখে না। সকালে গোসলের আগে তেল, হলুদ আর গোলাপজল মিশিয়ে সারা শরীরে মেখে পনেরো মিনিট অপেক্ষা করে। গোসলের পানিতে মেশায় এসেনশিয়াল অয়েল। ঘরের কোনায় কোনায় মাটির পাত্রে লবঙ্গ, কর্পূর আর তেজপাতা জ্বালিয়ে রাখে। সেই ঘ্রাণে ভরে ওঠে ঘর। পুলক এই ঘ্রাণ পছন্দ করে।
আজ পুলকের জন্মদিন। দিনটি অন্যভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে সুলতানা। এমনভাবে, যেভাবে আগে কখনও করেনি।
রাতে একটি উপন্যাসের শেষ কয়েকটি পৃষ্ঠা পড়ছিল সুলতানা। উপন্যাসের প্রধান চরিত্রটি খুন হওয়ার আগের রাত কীভাবে কাটিয়েছিল, তা পড়তে পড়তে হু হু করে কেঁদে ওঠে সে। তারপর উপন্যাসে খুন হতে যাওয়া চরিত্রটির মতোই পুলককে বলেছিল, ‘আমাকে খোঁজো না।’
পুলক অবশ্য কথাটি কানে তোলেনি। সুলতানা তার প্রিয় কাপে এক কাপ কফি পান করেছে। কিছুক্ষণ গুনগুন করে গান গেয়েছে। তারপর গোসল করে ঘুমিয়ে পড়েছে।
সুলতানা একটু মুটিয়ে গেছে। অনেক কিছু ভুলতে শুরু করেছে। মাঝেমধ্যে রেগেও যায়। এখন আর নিয়ম করে ইয়োগা করে না। সুলতানাকে এভাবে দেখতে ভালো লাগে না পুলকের। একদিন সুলতানা পুলকের কাছে জানতে চেয়েছিল, ‘আর ভালোবাসো না?’
পুলক শুধু হেসেছিল। সেই হাসিতে ছিল অবহেলা।
সকাল সকাল ঘর থেকে বেরিয়ে যায় সুলতানা। তাকে বহন করা প্রাইভেটকারটি হলুদ। গাড়ির আয়নায় নিজের মুখ দেখে মলিনতা ঢাকতে হাসে সে। কিছুদূর যাওয়ার পর গাড়িটি ট্রাফিক জ্যামে আটকে যায়। জানালার কাচ সামান্য নামিয়ে দেয় সুলতানা। হঠাৎ এক যুবকের চোখে চোখ পড়ে তার। তুহিন নামের ওই যুবক সুলতানাকে লক্ষ্য করে থুতু ছুড়ে মারে। থুতু তার মুখে লাগে না ঠিকই, কিন্তু মর্মে গিয়ে লাগে।
একটির পর একটি জনপ্রিয় সিনেমা উপহার দিয়েও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জোটেনি সুলতানার ভাগ্যে। এ কথা ভেবে যতবার কষ্ট পেয়েছে, গৌরী দত্তের ‘চোখ’ সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়াকে ততবার সৌভাগ্য মনে করেছে। চিত্রনায়িকার জীবননির্ভর গল্পে অভিনয় করতে গিয়ে সুলতানার মনে হয়েছিল, এ যেন তারই জীবনের গল্প।
সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছিল, সুলতানার পুরো শরীরে অসংখ্য চোখ। একেকটি চোখ খুলে ফেলতে হয়েছিল তাকে। শুধু একটি চোখ বাকি ছিল। বুকের বাঁ পাশে গেঁথে থাকা চোখটি নক্ষত্রের মতো জ্বলজ্বল করছিল। সেটিই তাকে বুঝিয়ে দিয়েছিল, ‘তোমাকে সবাই ঘৃণা করে না। কেউ না কেউ খুব ভালোবাসে।’
চিত্রনায়িকা হওয়ার আগেও সুলতানার একটি সংসার ছিল, সন্তান ছিল। সেই সন্তানকে নিজের কাছে রাখার জন্য কোনো দিন চেষ্টা করেনি সে। সুলতানার মেয়েটি এখন বড় হয়েছে। ক্লাস নাইনে পড়ে। এক মোজো সাংবাদিক মেয়েটির পরিচয় জানতে পেরে তার সাক্ষাৎকার নিয়ে ফেসবুকে প্রকাশ করেছে। মেয়েটির শেষ কথাটি ছিল, ‘মাকে কখনও পেলে জানতে চাইব, আমাকে কেন ফেলে গিয়েছিলে?’
মেয়েটির কথা ভেবে সুলতানার চোখ ঝাপসা হয়ে আসে। বিভ্রম হয় তার। মনে হয়, তুহিন যেন আবারও তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। আবার থুতু ছুড়ে দিয়ে বাইকের গিয়ার বাড়িয়ে আশপাশের গাড়িগুলোকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুদূর এগোতেই দুম করে পড়ে যায় সে। পেছনের গাড়িটি শাঁই করে চলে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে তুহিন। পথচারীরা তাকে ঘিরে ধরে।
আসলে তা নয়। সুলতানার দেখার ভুল। তুহিনের বাইক ততক্ষণে আরও দূরে চলে গেছে।
সুলতানা শহরতলির দিকে যত এগোতে থাকে, ততই তার মনে হতে থাকে, পুলক যেন আড়ালে পড়ে যাচ্ছে। একটি ধ্বংসস্তূপ দুজনকে আড়াল করে ফেলছে।
এদিকে সিনেমার ভিডিওগ্রাফার মুবিনের সঙ্গে সুলতানার পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে গুজব ছড়িয়েছে। সুলতানার বেশির ভাগ সিনেমার ভিডিওগ্রাফার ছিল মুবিন। সিনেমার বাইরেও সে সুলতানার ছবি তুলে দিত। কখনও কখনও নিজেও তার সঙ্গে ছবি তুলত। সুলতানা সেসব ছবি কখনও চায়নি, মুবিনও দেয়নি। দেশে কিংবা বিদেশে, সব জায়গাতেই এমন হয়েছে।
মুবিন সামাজিক মাধ্যমে ‘সেহরিশ ফ্যান’ নামের একটি পেজ খুলেছে। সেখানে একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করছে। বিশেষ করে সুলতানার সঙ্গে তোলা ছবিগুলোতে মুখরোচক শিরোনাম জুড়ে দিচ্ছে। মুহূর্তেই সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। পুলক এসব ছবি নিয়ে প্রশ্ন তোলে।
এমনিতেই দুজনের সম্পর্ক পুরনো দালানের মতো রংচটা হয়ে পড়েছিল। ভাঙা ছাদে বটগাছ গজানোর মতো মুবিনের ছবিগুলো সেই সম্পর্কে আরও ফাটল ধরায়। আর বটগাছ কাটার নাম করে ঘরটাই ভেঙে দেওয়ার অঙ্ক কষে ফেলে পুলক।
তার মনে ঘুরপাক খায় আরিফার বোন অরুণা। একবার অরুণার জন্য একটি ফিনফিনে ওড়না কিনে দিয়েছিল পুলক।
সুলতানা শহরতলির বাড়িটিতে পৌঁছায়। নিচতলায় আরিফা স্বামী-সন্তানদের নিয়ে থাকে। জানালা দিয়ে বিস্তর রোদ এসে পড়ে ঘরে, বিছানায়। সুলতানা জানালার পাল্লাগুলো টেনে কাছাকাছি এনে সামান্য খুলে রাখে। এতক্ষণে ঘরে ছড়িয়ে থাকা রোদের ওপর ছায়া পড়ে।
একমাত্র কন্যাকে ছেড়ে কেন সিনেমা করতে এসেছিল, সেই উত্তরও যেন খুঁজে পায় সে।
আরিফা সকালে এক গ্লাস দুধের মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে সুলতানার বেডসাইড টেবিলে রেখে যায়। তবে সুলতানার এই বাড়িতে আসার বিষয়টি সে ভালোভাবে নিতে পারেনি। এত দিন সুলতানা বেড়াতে আসত, আবার চলে যেত। তখন কেয়ারটেকার হয়েও বাড়িওয়ালার মতো থাকতে পারত আরিফা। অরুণার সঙ্গে প্রেম হওয়ার পরে পুলক মাঝেমধ্যে আসত।
দুপুরে আরিফার তিন সন্তান আর পাশের বাড়ির তিন শিশু মিলে কপালটুনি খেলছিল। আর আরিফা গেটের সামনে দাঁড়িয়ে স্বামীকে বিদায় দিচ্ছিল। দুপুরবেলায় শহরতলির হিজলতলা স্টোরে তাস খেলতে যায় জুয়েল। সুলতানা বাড়িতে আসার পর প্রথম ছয় দিন দুপুরেও বাড়িতে ছিল সে। সপ্তম দিনে নিজের ছন্দে ফিরে যায়। যাওয়ার সময় আরিফার কপালে চুমু খেয়ে গেট পেরিয়ে যায় জুয়েল। আধখোলা জানালা দিয়ে দৃশ্যটি দেখে সুলতানা।
আরিফার মনে রাগ জমে। সুলতানার ঘরে দুধের গ্লাস আনতে গিয়ে সে বলে, ‘আপামণি, ওই যে ঘোড়দৌড়ের মাঠের কথা মনে আছে? যেইখানে এখন চিড়িয়াখানা হইছে। সেই চিড়িয়াখানায় নাকি অনেক হরিণ হইছে। কেউ চাইলে কিনতে পারবে। আপামণি, হরিণ কেনেন।’
‘একটা কেনার ব্যবস্থা করতে পারো?’
‘তাতে সমস্যা নাই। আর একটা কিনলে হবি নাকি? ওই চিড়িয়াখানায় একবার একটা বাঘের বাচ্চা কিনে আনছিল। সে একা একা বাঁচতি না পাইরে মরছে।’
‘এতগুলো হরিণ যে চিড়িয়াখানায়, সেখানে একা একটা বাঘ কারও হতে পারল না!’
‘না, স্বজাতি লাগে গো আপামণি।’
‘তাইলে দুইটা কেনো, না হলে চারটা কেনো।’
‘আমি আটটা কেনার পক্ষে।’
‘আটটা হরিণ এই এতটুকু উঠানে কীভাবে পুষব? উঠানটা তো একেবারেই ছোট। তোমার সন্তানেরা এখানে খেলে। ওই ছোটটাকেও তো দেখলাম খেলছিল।’
‘আপনার চোখ তো কিছুই এড়ায় না দেখতেছি। কহন দ্যাখলেন?’
‘যখন জুয়েল তোমার কপালে চুমু খেয়ে গেট পেরিয়ে গেল, তখন। অনেক আদর করে স্বামী?’
‘আরে আপামণি, আমারে দিয়ে যখন কোনো কিছু উদ্ধার করবার চায়, তহন বেশি আদর দেহায়।’
দুই
দোতলার ঘরে ওঠার পর থেকে আর বের হয়নি সুলতানা। জানালাগুলো আধখোলা কিংবা সামান্য খোলা রাখে। কখনও কখনও জানালার পাশে দাঁড়ায়। আরিফাকে বলে রেখেছে, বাসায় কোনো পত্রিকা আসবে না, ফোনও বন্ধ। অলস পড়ে থাকা বইগুলো পড়ে দিন পার করে। কেউ তার খোঁজে এলে যেন বলে, ‘আপামণি’ এখানে থাকে না। শুধু বন্ধন নামের কেউ এলে তাকে সরাসরি দোতলায় যেতে দিতে হবে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেলেও দর্শক তাকে ভালোবাসে। বন্ধন নামের এক তরুণ সুলতানার পুরস্কার না পাওয়াকে আশীর্বাদ হিসেবে উল্লেখ করে একটি ফিচার লিখেছিল। সেখানে লিখেছিল, ‘সেহরিশ তার অপ্রাপ্তির সমান বড় নায়িকা।’
একমাত্র কন্যাকে ছেড়ে, প্রথম সংসার ছেড়ে রাজধানীতে আসার স্মৃতিগুলো ঝাঁকে ঝাঁকে মনে পড়ে সুলতানার। স্বামীর হাতের মার খাওয়ার চিহ্ন এখনও বহন করে চলেছে সে। মার খেতে খেতে একদিন উল্টো নিজেই স্বামীর গায়ে হাত তুলেছিল। এরপর আলম বলেছিল, এই সংসার আর নয়। সুলতানা যদি স্বেচ্ছায় সংসার না ছাড়ে, তবে আগে মেয়েকে খুন করবে সে। আর যদি সংসার ছেড়ে চলে যায়, তাহলে মেয়েকে যত্ন করে একাই বড় করবে। কোনো দিন দেখা করার চেষ্টা করলেও মেয়েকে এক দিনও বাঁচতে দেবে না।
সুলতানা আটটি হরিণ কেনার সিদ্ধান্ত নেয়।
পরদিন আরিফা আবারও এক গ্লাস হলুদ মেশানো দুধ নিয়ে ঘরে প্রবেশ করে। দেখে, সুলতানা শরীর হাতড়ে একেকটি চোখ খুলে রাখছে।
আরিফা সুযোগটি নিতে এগিয়ে যায়। বলে, ‘আপামণি, আপনার যে শরীর, সে শরীর অনেকেই চাইছিল। আপনি সেই চোখগুলোর স্মৃতি ভুলে যাইতে চাইতেছেন। কী সব খুলে খুলে রাখতেছেন, আসলে পারতেছেন না। এরপর আপনার আত্মহত্যা করবার মন চাইবার পারে। আপনি এইহানথে অন্য কোনো জায়গায় চলে যান। বিদেশ চলে যান আপামণি।’
সুলতানার মনে হয়, আরিফা যেন বহু পথ হেঁটে এসে তার পাশ দিয়ে দূরে চলে যাচ্ছে।
তিন
বাইরে একজন লোক অপেক্ষা করছে। বাড়িতে কলিংবেল নেই। এতে নির্জনতা নষ্ট হয়। বন্ধন গেটে নক করার পর আরিফার বড় ছেলে দরজা খুলে দেয়।
‘সেহরিশ আছে?’
‘না।’
বন্ধনের মনে হয়, নায়িকার ভিন্ন নাম থাকতে পারে। সে আবার প্রশ্ন করে, ‘নায়িকা আছে?’
‘ও নাইকা? আছে তো। দুই তলায় চলে যান।’
এরই মধ্যে আরিফা দোতলা থেকে নেমে আসে। উঠোনে অপরিচিত কাউকে দেখে জানতে চায়, ‘আপনার নাম কী?’
‘বন্ধন।’
‘ও, আপনিই সেই বন্ধন!’
‘আপনি আমার নাম জানেন?’
‘জানি। আপামণি আপনার কথা আমারে কইছে। তবে আইজ দেখা করা যাইবো না। আপামণির শরীর খারাপ। দুই দিন পরে আসেন।’
আরিফার মেজো ছেলে একটি ফড়িং উড়ে যেতে দেখে। দোতলার উচ্চতা ছাড়িয়ে ফড়িংটি তার দৃষ্টির বাইরে চলে যায়। দোতলায় যেতে না পেরে কাঁদছিল ছেলেটি। জুয়েল রেগে গিয়ে সুলতানার ওপর ক্ষোভ ঝাড়ে।
‘সিনেমায় ওরে কেউ অ্যাহন আর ডাকে না। বুক হয়ে গেছে ঝুনো নারকেলের মতো। সংসার ছাইড়া এই জায়গায় চলে আসছে। ওরে যদি বাড়িছাড়া না করছি, আমি বাপের জন্ম না।’
ছেলেকে বুকে নিয়ে আদর করে জুয়েল। দ্রুত কথা বলার সময় তার চোখে ভয় ছিল। পচা ডিমের মতো চোখের ভেতর ভেসে উঠেছিল সেই দৃশ্য। আরিফা ওড়না দিয়ে ছেলের মুখ মুছিয়ে বলে, ‘বাজান, কাইন্দো না। তোমার জন্যি হরিণ কিনে আনবি তোমার আব্বু।’
সুলতানা হরিণ কেনার টাকা দিয়েছে জেনে জুয়েল ছেলেকে কোল থেকে নামিয়ে আরিফার সঙ্গে গল্প জুড়ে দেয়। এক ফাঁকে বলে, ‘কুত্তাডারে যদি প্রতি রাইতে ভাড়া দেওয়া যাইত, টাকা পাওয়া যাইত।’
ভেতরে লুকানো রাগের প্রকাশ দেখে আরিফা তাকে ‘পিশাচ’ বলে। অন্য পথ খুঁজতে বলে। কথায় কথায় জানায়, দুই দিন পর এক যুবকের আসার কথা আছে। সুযোগটি কীভাবে কাজে লাগানো যায়, তা দুজনে মিলে ভাবতে হবে।
ঠিক দুই দিন পর বন্ধন আসে। আরিফা তাকে স্বাগত জানিয়ে সুলতানার ঘরে নিয়ে যায়। আগে থেকে সুলতানাকে কিছু জানায়নি সে। একটু আগেই সুলতানাকে বলে এসেছে, ‘আপামণি, বাইরে তো যান না। ঘরের জানালা খুলে পুরো শরীলে একটু রইদ লাগাইতে পারেন।’
আশপাশে আর কোনো দোতলা বাড়ি নেই। সুলতানা জানালা খুলে বিছানায় রোদ পড়তে দেয়। শুধু একটি ফিনফিনে ওড়নায় শরীর ঢেকে উপুড় হয়ে শুয়ে ছিল সে। একটু পর দরজা খুলে দেয় আরিফা। ঘরে প্রবেশ করে বন্ধন।
পারফিউমের ঘ্রাণ পেয়ে শোয়া থেকে উঠে বসে সুলতানা।
‘কে?’ বলে চিৎকার করে ওঠে সে।
অথচ কতবার ভেবেছে, বন্ধনের সঙ্গে কখনও দেখা হলে বলবে, ‘এই, আমাকে ভালো করে দেখো। আমাকে শরীর পেরিয়ে অন্য কোনো মানুষ হয়ে উঠতে সহায়তা দাও।’
এক অচেনা যুবকের কাছে এটুকুই বলার ছিল তার।
পরিচয় দেওয়ার আগেই সুলতানাকে অপ্রস্তুত দেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে বন্ধন। সিঁড়ি পেরিয়ে নিচে নেমে যায়। জুয়েল তখন আটটি হরিণ নিয়ে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করছে। বন্ধনকে দেখে বিনীতভাবে সালাম দেয় সে।
আরিফা পাথরের মতো মুখ স্থির রেখে বলে, ‘আপামণি আপনিই তো কইছিলেন, বন্ধন নামের কেউ এলে যেন আপনার ঘরে নিয়ে আসি।’
সুলতানা আরিফাকে দায়ী করতে পারে না, নিজেকেও নয়, বন্ধনকেও নয়।
পরদিন সন্ধ্যায় ঘরে মাদক রাখার দায়ে গ্রেপ্তার হয় সুলতানা। পুলিশ এসে ঘর তল্লাশি করতে চাইলে সে নির্দ্বিধায় অনুমতি দেয়। কিন্তু সত্যি সত্যি যখন প্যাকেট প্যাকেট ইয়াবা বের করে পুলিশ, তখন চমকে যায় সে। তার নির্জনতা ভেঙে পড়ে।
বন্ধন জেলে সুলতানার সঙ্গে দেখা করে।
‘আপনি কি মনে করেন, কাজটি আমি করেছি?’
Ñসত্যের মতো মিথ্যা আর মিথ্যার মতো সত্য আমাকে একটু একটু করে আজকের অবস্থানে নিয়ে আসছে। আমার এখন আর কিছু মনে করতে ইচ্ছা করে না।
‘আপনি একজন নায়িকা...।’
Ñহ্যাঁ, অভিনয় করতে করতে নিজের শরীরটাকে সবচেয়ে বেশি ভালোবাসতে শিখেছি। এখন মনে হচ্ছে, মনটাকে কেন যে হেলায় ফেলে রেখেছিলাম!