প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মিনিট আগে
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর বাস্তব সংকট ও দাবিগুলো আন্তর্জাতিক আলোচনায় যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তরঙ্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জয়ীতা বিশ্বাস ত্রয়ী।
কপ৩১ (জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন) উপলক্ষে বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু নতুন প্রতিশ্রুতি নয়, বরং বিদ্যমান প্রতিশ্রুতিগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের ফলে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বেড়ে ওঠার ওপর নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরেন। তাঁর মতে, জলবায়ুজনিত দুর্যোগের কারণে অনেক শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ছে এবং শিশুশ্রম ও বাল্যবিবাহের মতো ঝুঁকির মুখে পড়ছে। ফলে তারা একটি নিরাপদ শৈশব ও সুন্দর ভবিষ্যৎ থেকে বঞ্চিত হচ্ছে।
জয়ীতা বিশ্বাস ত্রয়ী বলেন, জলবায়ু অভিযোজন পরিকল্পনা ও অর্থায়নের ক্ষেত্রে শিশুদের সুরক্ষা এবং অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, ন্যায্য অর্থায়ন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষায় বিশ্বনেতাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তরঙ্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর প্রত্যাশা, কপ৩১-এর আলোচনায় জলবায়ু ন্যায্যতা, শিশু অধিকার, অভিযোজন এবং অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। জলবায়ু সংকটের কারণে কোনো শিশুর ভবিষ্যৎ যেন অনিশ্চিত হয়ে না পড়ে, সেটিই এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যাশা।