প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মিনিট আগে
খুলনাতে আর্ন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।
খুলনা বিভাগের ১০ জেলার ২৪টি উপজেলায় ৭৭ হাজার যুবককে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ। শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক -যুবতীদের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা এবং তাঁদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরিই এ উদ্যোগের লক্ষ্য।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ন করছে ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্প। এ প্রকল্পের আওতায় যৌথ উদ্যোগের অংশীদারদের নিয়ে খুলনা বিভাগের ২৪টি উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে কেয়ার বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিয়োগদাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেয়ার বাংলাদেশের ক্লাস্টার কো অর্ডিনেটর এস এম জাহিদুল ইসলাম।
আর্ন প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন কেয়ার বাংলাদেশের ট্রেনিং ম্যানেজমেন্ট এক্সপার্ট গোপাল চন্দ্র মজুমদার।
পরে যুব প্রতিনিধি, নিয়োগদাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, কর্মসংস্থানের সুযোগ এবং এ কার্যক্রম বাস্তবায়ন নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনার উপপরিচালক মো. আবুল কালাম। তিনি সমাপনী বক্তব্য দেন।