× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার তরুণদের ৮ দফা দাবি

গোলাম কিবরিয়া

প্রকাশ : ৪০ মিনিট আগে

আপডেট : ২৩ মিনিট আগে

জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার তরুণদের ৮ দফা দাবি

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের নেতৃত্ব, অর্থায়ন, নীতিনির্ধারণে অংশগ্রহণ এবং বাস্তবায়নে সরাসরি ভূমিকা নিশ্চিত করতে আট দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের তরুণ জলবায়ুকর্মী ও যুব প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, তরুণদের শুধু আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ নয়, বরং জলবায়ু পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে যুক্ত করতে হবে।

তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনের ভেন্যুতে মিটিং রুম ১৫-তে এ আহ্বান জানানো হয়। গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি (জিপিওয়াইডিএস), ও তরঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক গোলটেবিল বৈঠকের শিরোনাম ছিল ‘প্রতিশ্রুতির ঊর্ধ্বে: তরুণদের নেতৃত্বে জলবায়ু কার্যক্রম ও বৈশ্বিক জবাবদিহি জলবায়ু অঙ্গীকার থেকে বাস্তবায়নের পথে বৈশ্বিক যুব গোলটেবিল’।

বৈঠকে বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের তরুণ জলবায়ুকর্মী, যুব সংগঠক ও প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা নিজ নিজ দেশের জলবায়ু সংকট, স্থানীয় অভিযোজন উদ্যোগ এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকে সভাপতিত্ব করেন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খায়রুল ইসলাম মুন্না। সঞ্চালনা করেন তরঙ্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জৈতা বিশ্বাস

বাংলাদেশের ফুটস্টেপসের প্রতিষ্ঠাতা শাহ রাফায়েত চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের মানুষের জন্য প্রতিদিনের সংকট। এর প্রভাব পড়ছে মানুষের জীবন ও জীবিকার ওপর। তরুণরা ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে অভিযোজন নিয়ে কাজ করছেন। তাই তাঁদের শুধু আলোচনায় নয়, পরিকল্পনা ও বাস্তবায়নেও যুক্ত করতে হবে।

ভারতের পক্ষ থেকে অংশ নেওয়া যুব প্রতিনিধি রিজ্জুল মাদান  বলেন, জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের অভিজ্ঞতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে হবে। আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় উন্নয়নশীল দেশের তরুণদের সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করাও জরুরি।

নেপালের যুব প্রতিনিধি স্নেহা উপ্রেতি বলেন, জলবায়ু অভিযোজন পরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা এবং তরুণদের নেতৃত্বে পরিচালিত উদ্যোগে দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন।

পাকিস্তানের যুব প্রতিনিধি মো আলী বলেন, তরুণদের শুধু সচেতনতামূলক কার্যক্রমে সীমাবদ্ধ না রেখে পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে যুক্ত করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের তরুণদের মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

তরুণদের ৮ দফা দাবি বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বিশ্বনেতা, সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আটটি সুনির্দিষ্ট দাবি জানান।

সরাসরি জলবায়ু অর্থায়ন: তরুণদের নেতৃত্বে পরিচালিত জলবায়ু উদ্যোগের জন্য সহজলভ্য অনুদান ও অর্থায়ন নিশ্চিত করা। নীতিনির্ধারণে অংশগ্রহণ: জাতীয় জলবায়ু নীতি, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নে তরুণদের যুক্ত করা। স্থানীয় অভিযোজন: উপকূলীয়, পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজন কার্যক্রমে সহায়তা বাড়ানো। ক্ষয়ক্ষতি মোকাবিলা: জলবায়ু ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিত করা। জলবায়ু শিক্ষা ও কর্মসংস্থান: তরুণদের জন্য জলবায়ু শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও সবুজ কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। ন্যায়সংগত জ্বালানি রূপান্তর: জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে ন্যায়সংগত উত্তরণ নিশ্চিত করা। স্বচ্ছতা ও জবাবদিহি: জলবায়ু প্রতিশ্রুতি, অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণে তরুণদের সম্পৃক্ত করা। আন্তর্জাতিক অংশগ্রহণ: ভিসা, যাতায়াত ও অর্থায়নসংক্রান্ত বাধা দূর করে উন্নয়নশীল দেশের তরুণদের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করা।

বৈশ্বিক জলবায়ু আলোচনায় তরুণদের সম্মিলিত আহ্বান বৈঠকে প্রতিনিধিরা বলেন, জলবায়ু সংকট কোনো একক দেশের সমস্যা নয়। তাই এশিয়ার দেশগুলোর তরুণদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, যৌথ উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও দাবিকে আন্তর্জাতিক নীতিনির্ধারণে গুরুত্ব দিতে হবে।

সভাপতির বক্তব্যে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খাইরুল ইসলাম মুন্না বলেন, জলবায়ু সংকটের সম্মুখসারিতে থাকা জনগোষ্ঠীর অভিজ্ঞতা আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরা এবং তরুণদের উদ্যোগকে বাস্তব সমাধানে রূপ দেওয়া জরুরি। এ জন্য অর্থায়ন, প্রযুক্তি, দক্ষতা ও নীতিগত সহায়তা নিশ্চিত করতে হবে। তিনি বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, তরুণদের শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব দায়িত্ব, প্রয়োজনীয় সম্পদ ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল অংশগ্রহণকারী দেশগুলোর তরুণদের মতামতের ভিত্তিতে একটি যৌথ জলবায়ু ঘোষণা। এতে জলবায়ু ন্যায়বিচার, তরুণদের নেতৃত্বে উদ্যোগ, সরাসরি অর্থায়ন, স্থানীয় অভিযোজন এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর অংশগ্রহণের বিষয়ে সম্মিলিত দাবি তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, এ উদ্যোগের লক্ষ্য শুধু একটি আন্তর্জাতিক আলোচনা আয়োজন করা নয়; বরং বিভিন্ন দেশের তরুণদের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ের জলবায়ু উদ্যোগকে বৈশ্বিক নীতিগত আলোচনার সঙ্গে যুক্ত করা।

তাঁরা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান, জলবায়ু সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে এবং জলবায়ু সমাধানে তরুণদের নেতৃত্ব, উদ্যোগ ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তরুণদের বার্তা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই; প্রতীকী অংশগ্রহণ নয়, জলবায়ু সমাধানে কার্যকর নেতৃত্ব চাই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা