হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ : ৩৫ মিনিট আগে
কুড়িগ্রামের ধরলা নদীর পাড়ে বিভিন্ন চরাঞ্চল থেকে নৌকায় করে নিয়ে আসা শুকনো কাশের আঁটি বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলায় পরিবহনের জন্য প্রস্তুত করছেন শ্রমিকরা
নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে একসময় যে চরাঞ্চল ছিল মানুষের দুর্ভোগের প্রতীক, সেই পতিত বালুময় জমিই এখন হয়ে উঠেছে আয়ের উৎস। কোনো বীজ, সার কিংবা সেচ ছাড়াই প্রাকৃতিকভাবে জন্মানো কাশ বিক্রি করে কৃষকরা আয় করছেন হাজার থেকে লাখ টাকা। কাশ কাটা, আঁটি বাঁধা, পরিবহন ও বাজারজাতকরণ ঘিরে কাজ পাচ্ছে হাজারো শ্রমজীবী মানুষ।
কাশ চাষে সম্ভাবনা
কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার চরাঞ্চল থেকে এসব কাশ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ব্যবসায়ীদের দাবি, কুড়িগ্রাম ও লালমনিরহাটে কাশের বাজার প্রায় ৩০০ কোটি টাকার। তবে পরিকল্পিত উদ্যোগের অভাবে সম্ভাবনাময় এ বাণিজ্য এখনও শিল্পে রূপ নেয়নি। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার; লালমনিরহাটের ধরলা ও তিস্তা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীর চরাঞ্চলে বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রাকৃতিকভাবে জন্মেছে কাশগাছ। বন্যার পানি নেমে যাওয়ার পর জেগে ওঠা বালুময় জমিতে এসব গাছ জন্মে। নভেম্বরের দিকে কাশ সংগ্রহ করে বিক্রি করেন কৃষকরা। যে জমিতে প্রচলিত ফসল চাষ করা কঠিন, সেই জমিই এখন বাড়তি আয়ের সুযোগ তৈরি করছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দের বাসিন্দা সিকান্দার আলী বলেন, আগে কাশ মূলত গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হতো। এখন পানের বরজ তৈরিসহ বিভিন্ন কাজে এর চাহিদা বেড়েছে। প্রতি হাজার আঁটি কাশ ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তার হিসাবে, এক বিঘা জমিতে এক থেকে দুই হাজার আঁটি পাওয়া যায়। সে হিসাবে বিঘাপ্রতি ৭ থেকে ১৬ হাজার টাকার কাশ বিক্রি সম্ভব। চর ভগপতীপুরের বাসিন্দা আজিজুর রহমান বলেন, গত বছর নদীভাঙনে তার ভিটেমাটি বিলীন হয়ে যায়। এ বছর সেখানে নতুন চর জেগে প্রায় পাঁচ বিঘাজুড়ে কাশবন হয়েছে। কোনো উৎপাদন খরচ ছাড়াই কাশ বিক্রি করে এবার ৫০ থেকে ৬০ হাজার টাকা আয়ের আশা করছেন তিনি।

লালমনিরহাটের ফলিমারির চরের বাসিন্দা রহিম শেখ বলেন, তার প্রায় ১০ বিঘা জমির কাশ পাইকাররা ৮৫ হাজার টাকায় কিনেছেন। একই এলাকার ধনিরাম চরের গোপাল রায় জানান, এ বছর কাশ বিক্রি করে তার আয় হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা। তবে কাশ কাটা ও আঁটি তৈরিতে শ্রমিকদের দিতে হয়েছে প্রায় ৬০ হাজার টাকা।
চিলমারীর চরকরাই বরিশালের কৃষক আফতাব উদ্দিন তিন একর জমি থেকে ১৯ হাজার আঁটি কাশ সংগ্রহ করে বিক্রি করেছেন ২ লাখ ৮৬ হাজার টাকায়। কাশ কাটা ও পরিবহনে তার খরচ হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। অন্যদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর চরের বাসিন্দা মোবারক আলী বলেন, তিস্তার ভাঙনে বিলীন হওয়া পাঁচ বিঘা জমিতে জন্মানো কাশ বিক্রি করে গত বছর প্রায় দুই লাখ টাকা পেয়েছেন। এবারও এক থেকে দুই লাখ টাকা বিক্রির আশা করছেন।
কাশের বাণিজ্য ঘিরে চরাঞ্চলে তৈরি হয়েছে মৌসুমি কর্মসংস্থান। কাশ কাটা, আঁটি বাঁধা ও পরিবহনের কাজে যুক্ত শ্রমিক রফিকুল, চান মিয়া ও ফরিদ জানান, আগে কাজের সন্ধানে তাদের দক্ষিণাঞ্চলে যেতে হতো। এখন নিজ এলাকায় কাশের মৌসুমে দৈনিক ৪০০ থেকে ৬০০ টাকা মজুরিতে কাজ পাচ্ছেন। স্থানীয়দের হিসাবে, এ বাণিজ্য ঘিরে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হয়।
শুকনো কাশ দিয়ে কী করা হয়
শুকনো কাশ দিয়ে পানের বরজের ছাউনি, ঘরের বেড়া ও চালা তৈরি করা হয়। এ ছাড়া গো-খাদ্য ও ফুলঝাড়ু তৈরিতেও এর ব্যবহার রয়েছে। রাজশাহী, বরিশাল, কুমিল্লা, কুষ্টিয়া, বরগুনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোরসহ বিভিন্ন অঞ্চলের পান চাষি ও পাইকাররা উত্তরাঞ্চলের চর থেকে কাশ কিনে নিয়ে যান।

রাজশাহীর পাইকারি ব্যবসায়ী দিলদার হোসেন বলেন, তিনি চরাঞ্চল থেকে কাশ কিনে ট্রাক ও নৌকায় দেশের বিভিন্ন জেলায় পাঠান। পান চাষিদের চাহিদা বাড়ায় এবার দামও ভালো। তার দাবি, কুড়িগ্রাম ও লালমনিরহাটে কাশের বাজার প্রায় ৩০০ কোটি টাকার। লালমনিরহাটের মোগলহাটের পাইকারি বিক্রেতা নূর হোসেন জানান, প্রতিদিন প্রায় ৮০টি ট্রাক ও ৩৫টি নৌকায় চরাঞ্চল থেকে কাশ পরিবহন করা হয়। চাহিদার কারণে অনেক সময় কৃষকদের অগ্রিম টাকাও দেওয়া হয়।
তবে এ বাণিজ্যে জমির মালিকানা ও কাশ বিক্রির অধিকার নিয়ে বিরোধ রয়েছে। গাইবান্ধার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, অনেক সময় প্রকৃত জমির মালিকরা কাশ বিক্রি করতে পারেন না। স্থানীয় কিছু অসাধু চক্র চর দখল করে কাশ বিক্রি করে বলে অভিযোগ রয়েছে।
কুড়িগ্রাম চর উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রামে সাড়ে চার শতাধিক চরাঞ্চল রয়েছে। এসব চরে ছড়িয়ে আছে সহস্রাধিক কাশবন। কাশ বিক্রি করে চরাঞ্চলের কৃষকরা বাড়তি আয় করতে পারছেন।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির বলেন, কাশ ও কাশখড় চরাঞ্চলের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, চরে প্রাকৃতিকভাবে জন্মানো কাশ চাষাবাদ ও পরিচর্যার খরচ ছাড়াই বিক্রি করে মানুষ লাভবান হচ্ছেন। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, প্রাকৃতিকভাবে জন্মানো কাশ চরাঞ্চলের মানুষের সচ্ছলতা বাড়াতে ভূমিকা রাখছে।
কুড়িগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ ও উদ্ভিদবিদ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, কাশের ঔষধি ও ভেষজ গুণ রয়েছে। এটি জ্বালানি ও ছাউনি তৈরিতেও ব্যবহৃত হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ঘিরে ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কাশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে চরাঞ্চলে জমির অধিকার নিশ্চিত করা, নির্দিষ্ট বাজার ও সংরক্ষণাগার গড়ে তোলা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি কাশভিত্তিক ক্ষুদ্র শিল্প গড়ে উঠলে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের আয় বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।